• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

স্বেচ্ছাসেবকলীগ নেতা কাজী রাসেল: কারাগারে বসে ‘অপরাধ জগৎ’ নিয়ন্ত্রণ, হাল ধরেছে আইমান

নিজস্ব প্রতিদেক / ১২৭১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস:

কাজী রাসেল। ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে ভয়ংকর অপরাধ জগৎ গড়ে তোলা একজন শীর্ষ অপরাধী। পতিতাবৃত্তি, চাঁদাবাজি, ক্যাসিনোর আসর, ফ্ল্যাট দখল, ইয়াবা ব্যবসা ও ছিনতাই, জমি দখলসহ অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছেন কক্সবাজারের হোটেল-মোটেল জোনে।

মানবপাচার মামলায় কারাবন্দি হলেও কাজী রাসেলের অপরাধের সাম্রাজ্য রয়েছে অক্ষুন্ন। এখনো নিয়মিত চাঁদা উঠে ঠিক আগের মত। দখলে রয়েছে অবৈধভাবে দখল করা সকল ফ্ল্যাট। কটেজের পরিবর্তে ফ্ল্যাটে চলে পতিতার ব্যবসা। অবৈধ দোকান, রেঁস্তোরা, ক্যাডার বাহিনী সবই কারাগারে বসে নিয়ন্ত্রণ করেন কাজী রাসেল। তাঁর অবর্তমানে অবৈধ সব লেনদেন এবং অপকর্মের সাম্রাজ্যের দেখভালের দায়িত্ব পালন করছে মাদক কারবারি আইমান, ফোরকান জুয়েল ও নাজমুল হুদা সবুজ।

হোটেল মোটেল জোনের অপরাধ জগতের একচ্ছত্র নিয়ন্ত্রক কাজী রাসেল।

অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সামান্য নেতা হলেও কাজী রাসেল প্রভাব বিস্তার করেছেন ভয়ংকরভাবে। ঢাকার এক জনপ্রতিনিধির মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকের মাধ্যমে ও ব্যানার ফেস্টুন দিয়ে ছড়িয়ে নিজেকে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাছের ছোট ভাই’ হিসেবে পরিচয় দিতেন তিনি। স্থানীয় পুলিশ কর্মকর্তারাও এ কারণে তার বিষয়ে নমনীয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। এভাবে নিজেকে কক্সবাজার পর্যটন এলাকায় অপরাধের ‘অপ্রতিদ্বন্দ্বি কিং’ হিসেবে প্রতিষ্ঠা করেন কাজী রাসেল।

সূত্রমতে, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারী রাতে সৈকতপাড়া এলাকার একটি বাড়িটি থেকে পতিতাসহ কাজী রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বাড়িটি অবৈধভাবে দখল করা বনবিভাগের জমিতে গড়ে তুলেন তিনি। পরে পুলিশ তাকে মানবপাচার মামলায় আসামী করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। বর্তমানে কারাবন্দী কাজী রাসেল।
কারাবন্দী হলেও কাজী রাসেলের অপরাধের সাম্রাজ্যে মোটেও ধাক্কা লাগেনি। পুরোপুরি সচল রয়েছে সকল অপরাধ কর্ম। তবে পুলিশের কড়াকড়ির কারণে কিছুটা পরিবর্তন কিছু কিছু অপকর্মের ধরণ।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন কারাগার থেকে নতুন নতুন বার্তা পাঠান হোটেল মোটেল জোনের অপরাধ জগতের কিং কাজী রাসেল। সেই বার্তা অনুযায়ী আদায় হয় চাঁদা, চলে পতিতার ব্যবসাসহ সকল অপরাধ কর্মকান্ড। তার কথা এবং পরিকল্পনা অনুযায়ী মিশন বাস্তবায়ন করে মো. আইমান, ফোরকান জুয়েল ও সবুজ। আইমানের বাড়ি সদরের চৌফলদন্ডী ইউনিয়নে। ফোরকান জুয়েলের বাড়ি শহরের বাহারছড়া এলাকায়। আর সবুজের বাড়ি ঢাকায়।

কাজী রাসেলের সবচেয়ে বিশ^স্থ এবং সেকেন্ড ইন কমান্ড হলেন মো. আইমান। কাজী রাসেল কারাবন্দী হওয়ার পর সবকিছুতে নেতৃত্ব দেন আইমান। আইমানকে সকল মিশন বাস্তবায়নে সহযোগিতা করে ফোরকান জুয়েল ও সবুজ।

আইমান একজন শীর্ষ মাদক কারবারি। তিনি কাজী রাসেলের ইয়াবা ও হিরোইন পাচার করতেন। কাজী রাসেলের মাদক জগতটি পুরোপুরি নিয়ন্ত্রণ করতেন আইমান। কাজী রাসেল গ্রেপ্তার হওয়ার কয়েক মাস আগে ঢাকা বিমানবন্দরে হিরোইনসহ গ্রেপ্তার হয়েছিলেন আইমান। ওই হিরোইন গুলোর জন্য ঢাকা স্পোর্টিং ক্লাবের আশপাশের একটি হোটেলে অবস্থান করছিলেন কাজী রাসেল। দীর্ঘদিন কারাভোগ করে কাজী রাসেল গ্রেপ্তার হওয়ার কয়েকদিন আগে জামিনে বেরিয়ে আসেন আইমান। কাজী রাসেলের অবস্থানে অপরাধ জগতের পুরো দায়িত্ব নিজের কাঁদে তুলে নেন আইমান।

কাজী রাসেলের সাম্রাজ্যের হাল ধরেছেন মো. আইমান।

আইমানের মত ফোরকান জুয়েল এবং নাজমুল হুদা সবুজও বিশ্বস্থ সহযোগী। রাসেলের সকল অপকর্মে জড়িয়ে আছেন তারা। বর্তমানে আইমানের নেতৃত্বে রাসেলের সাম্রাজ্য চালাতে জুয়েল ও সবুজ ছাড়াও সহযোগিতা করে কলাতলী গৈয়মতলী এলাকার ওমর আলীর ছেলে মনজুর ও চন্দ্রিমা এলাকার বেলাল মুন্সির ছেলে জাহাঙ্গীর।

কাজী রাসেলের অপরাধ জগতের অন্যতম সহযোগি ফোরকান জুয়েল।

পতিতা ব্যবসা:

কাজী রাসেল প্রায় চার বছর আগে কটেজে পতিতা ব্যবসা দিয়ে হোটেল মোটেল জোনে অপরাধ জগতে প্রবেশ করেন। ক্ষমতাসীন দলের কতিপয় নেতাদের নাম ভাঙিয়ে ক্ষমতার অপব্যবহার করে প্রথমে কটেজ জোনের সবুজ কটেজটি ভাড়া নেয়। এর কয়েক মাস পর মালিককে জিম্মি করে ভাড়া নেয় আল কাফি নামে কটেজটি। তারপর ভাড়া নেন সাজ্জাদ ইলেকট্রিক এর মালিক নুরুল আজিম ফরাজীর মালিকাধীন নিউ সবুজ কটেজটি। একে একে তিনটি কটেজ ভাড়া নিয়ে গড়ে তুলেন নিজস্ব পতিতালয়। শুরু করেন রমরমা পতিতা ব্যবসা। পতিতা ব্যবসা নিরাপদে পরিচালনার জন্য কটেজ জোনের সাংস্কৃতিককেন্দ্র সম্মুখসহ বিভিন্ন স্থানে সিসি ক্যামরা স্থাপন করেন। পরে সেই সিসি ক্যামরাগুলো পুলিশ জব্দও করেছিল। কিন্তু তার পতিতা ব্যবসা থামেনি।

কাজী রাসেলের এ তিনটি কটেজের পতিতা ব্যবসা চালাতেন মান্নান। তাকে সহযোগিতা করতেন রহিমুল্লাহ ও পান শাহীন। মান্নানকে বেশ কয়েকবার পতিতাসহ কটেজ থেকে আটক করা হয়েছিল। কারাভোগও করেছিলেন একাধিকবার। তার বিরুদ্ধে চারটি পতিতাবৃত্তি সংক্রান্ত মানবপাচার মামলা আছে। রহিমুল্লাহ’র বিরুদ্ধে আছে তিনটি।

পতিতা ব্যবসায়ী মান্নানের একটি ভয়েস রেকর্ড রয়েছে। সেখানে তিনি বলেছিলেন, খরচ বাদ দিয়ে তিনটি কটেজ থেকে প্রতিদিন ১ লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকা এনে দিতেন কাজী রাসেলকে। এক পর্যায়ে তিনি বলেন, তার দায়িত্বে থাকা কটেজ গুলো থেকে কাজী রাসেলকে সাড়ে তিন বছরে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকা আয় করে দিয়েছেন।
এছাড়া আরও চারটি পতিতালয় থেকে প্রতিমাসে নিয়মিত ৫০ হাজার থেকে এক লাখ টাকা চাঁদা নিতেন কাজী রাসেল। এরমধ্যে ঢাকা বাড়ি (২) কটেজের ভাড়াটিয়া মালিক আসিফের কাছ থেকে ৫০ হাজার টাকা, আমির ড্রীম কটেজের ঈসমাইলের কাছ থেকে ১ লাখ টাকা, ঢাকার বাড়ি (১) কটেজ থেকে ব্যবসায়িক পার্টনার হিসেবে দেড় লাখ টাকা থেকে দুই লাখ টাকা নিতেন। ওই কটেজটি চালাতেন পতিতা ব্যবসায়ী জব্বার। এছাড়াও শারমিন কটেজের শহিদের কাছ থেকে নিতেন প্রতিমাসে ৫০ হাজার টাকা।

কাজী রাসেল গ্রেপ্তার হওয়ার কয়েক মাস আগে পুলিশ অভিযান চালিয়ে কটেজ জোনের পতিতা ব্যবসা বন্ধ করেন। কিন্তু রাসেলের ব্যবসা থামেননি। সৈকতপাড়া এলাকায় মেঘলা রিসোর্টে কয়েকটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে শুরু করেন পতিতা ব্যবসা। ওই পতিতালয় চালান হোটেল মোটেল জোনের শীর্ষ পতিতা ব্যবসায়ী সরওয়ার, জনৈক ভাইসাব ও ফিশারীঘাট এলাকার রফিক। ওই পতিতালয়টি এখনো চলমান। তবে লকডাউনের কারণে খদ্দের সংকটে আপাতত কার্যক্রম বন্ধ রয়েছে। আরও কয়েকটি ফ্ল্যাটে এবং নিজের বাড়ির ভাড়া বাসায় পতিতা মজুদ রাখতেন কাজী রাসেল।

কাজী রাসেল পতিতাদের নিয়ে দিনরাত ফুঁর্তি করতেন। ঢাকার কথিত নেতাদের কক্সবাজার আমন্ত্রণ করে পতিতা ও আর মদে ঢুবিয়ে রাখতেন। বিনিময়ে তাদের কাছের মানুষ পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করতেন।

চাঁদাবাজি:

চাঁদাবাজিতে সব রেকর্ড ভেঙেছেন কাজী রাসেল। হোটেল মোটেল জোনের খুব কম ব্যবসায়ী বা মানুষ আছেন যারা তার চাঁদাবাজির শিকার হননি। প্রভাবশালী বা ক্ষমতাসীন দলের কোন নেতা হলে তাদেরকে কৌশলে তার চাঁদাবাজির ফাঁদে ফেলতেন।

কয়েকজন ভুক্তভোগী জানান, যদি কোন ব্যবসায়ী প্রভাবশালী বা ক্ষমতাসীন দলের নেতা হয় তাহলে তাকে কৌশলে ফাঁদে ফেলতেন। প্রথমে তার ক্যাডার বাহিনীর একটি গ্রুপ ওই প্রভাবশালী ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ঝামেলা করতেন। এমনকি মারধরও করতেন। পরে ওই ঘটনা নিজ থেকে মিমাংসা করার দায়িত্ব নিয়ে নিতেন রাসেল। ওই ভুক্তভোগীর সামনে তার ক্যাডারদের থাপ্পর দিয়ে গালিগালাজ করে ক্ষমা চেয়ে মিমাংসা করতেন। পরে ওই ভুক্তভোগীর কাছ থেকে ধীরে ধীরে ২০ হাজার, ৩০ হাজার, ৫০ হাজার করে দুই থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিতেন।

অনুসন্ধানে জানা গেছে, জিম্মি করে চাঁদাবাজি করা ছিল কাজী রাসেলের নিত্যনৈমত্তিক ব্যাপার। তাঁর চাঁদাবাজির কয়েকটি ঘটনা উল্লেখ করা হল। সাজ্জাদ কটেজের ভাড়াটিয়া মালিক জয়নালকে অহেতুক ধরে এনে বেঁধে রেখে মারধর করে দেড় লাখ টাকা হাতিয়ে নেয়। জয়নালের অপরাধ ছিল কাজী রাসেলকে গুন্ডা সেলামি না দিয়ে কটেজ ব্যবসা শুরু করেছিলেন।

বাজারঘাটা এলাকার সুমন স্টোরের ম্যানেজার জহির সুগন্ধা পয়েন্ট বীচে একটি দোকান নিয়েছিলেন। কিন্তু সেই দোকান চালু করতে দিচ্ছিলেন না কাজী রাসেল। পরে দাবী অনুযায়ী কাজী রাসেলকে এক লাখ টাকা দিয়ে দোকান বুঝে নেন।

একইভাবে বাজারঘাটা এলাকার বেলাল সুগন্ধা পয়েন্টে দুটি দোকান নিয়েছিলেন। ঠিক একইভাবে তাকেও দোকান চালু করতে দেননি। পরে জিম্মি করে ধার নেওয়ার অজুহাতে তার কাছ থেকে দুই লাখ টাকা নেন। ওই টাকা চাইতে গিয়ে একাধিকবার মারধর করেছেন বেলালকে। এক পর্যায়ে বেলালকে প্রাণনাশের হুমকি দেন রাসেল। রাসেলের লালিত সন্ত্রাসীরা তাকে অস্ত্র নিয়ে খুন করার জন্য হন্য হয়ে খুঁজে বেড়ালে প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে সৌদি আরব চলে যান। বর্তমানেও আরবে রয়েছেন বেলাল। বেলাল চলে যাওয়ার পর ওই দোকানগুলোও দখল করে নেন কাজী রাসেল।

সুগন্ধা পয়েন্টের ঝিনুক, আচারসহ বিভিন্ন ধরণের অনেক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে কক্সবাজার থেকে বিতাড়িত করা হুমকি দিয়ে প্রায় কোটি টাকা চাঁদাবাজি করেছেন।

জানা গেছে, সিলিকন সাকিরা হোটেলের মালিক ও ভাড়াটিয়ার মধ্যে বিরোধ তৈরী হয়। এক পর্যায়ে হোটেল মালিক হোটেলটি ভাড়াটিয়াদের কাছ থেকে নিয়ে নিতে এক সাবেক সংসদ সদস্যের দ্বারস্থ হন। পরে উভয়পক্ষকে নিয়ে শালিসে বসেন সাবেক সংসদ সদস্য। বৈঠকে ভাড়াটিয়াদের পক্ষে উপস্থিত ছিলেন কাজী রাসেল। বিচারে মালিক পক্ষ ভাড়াটিয়াদের ২০ লাখ টাকা পরিশোধ করার সিদ্ধান্ত হয়। ওই বৈঠকেই চেকের মাধ্যমে ৫ লাখ টাকা করে ২০ লাখ টাকা পরিশোধ করেন। ওই চেকগুলো ভাড়াটিয়াদের না দিয়ে কাজী রাসেল সেখানে বুঝে নেন। পরে নিজে ৫ লাখ টাকার একটি চেক ক্যাশ করে পুরো টাকা হাতিয়ে নিয়ে বাকি ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

সোনারপাড়া এলাকার সাদ্দাম নামে এক যুবককে কৌশলে জিম্মি করে তার প্রাইভেট কারটি হাতিয়ে নেন কাজী রাসেল। ওই প্রাইভেট কার ফেরত নিতে এসে একাধিকবার নির্যাতিত হয়েছেন সাদ্দাম। সর্বশেষ কয়েকদিন আগে পুলিশ প্রাইভেট কারটি উদ্ধার করে সাদ্দামকে হস্তান্তর করে।

কলাতলী এলাকার কয়েকজন ব্যক্তি জানান, কাজী রাসেলের মত ভয়ংকর চাঁদাবাজ তারা অতীতে দেখেননি। তার কাছ থেকে কেউই রেহায় পাননি। তার দাবীকৃত চাঁদা দিতে না চাইলে তার উপর নেমে আসত চরম অত্যাচার। এমনও হয়েছে তার চাঁদার চাহিদা মিটাতে না পেরে ব্যবসা ছেড়ে কক্সবাজার ত্যাগ করেছেন অনেক ব্যবসায়ী। কথায় কথায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভয় দেখাতেন। পুলিশও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিত না। উল্টো তার সাথে পুলিশের সখ্যতা দেখে ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিতে ভয় পেতেন। কেউ আইনের আশ্রয় নিতে গেলে তার উপর নেমে আসত নির্যাতনের খড়গ। কারাগারে থাকলেও তার চাঁদাবাজি বন্ধ হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর উচিত তার বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া।

ইয়াবা ছিনতাই ও ব্যবসা:

হোটেল মোটেল জোনে ইয়াবা ছিনতাই এককভাবে নিয়ন্ত্রণ করতেন কাজী রাসেল। নিজের গড়ে তোলা সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিনিয়ত ইয়াবার চালান ছিনতাই করতেন। তার ইয়াবা ছিনতাইয়ের শতাধিক ঘটনা হোটেল মোটেল জোনে রীতিমত ভাইরাল। অনেক ঘটনা পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর কানে গেলেও কোন সময় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি। একইভাবে আইমান, নাজমুল হুদা সবুজ, জুয়েলসহ বিভিন্ন সহযোগীদের মাধ্যমে নিয়মিত ইয়াবার ব্যবসা করতেন কাজী রাসেল।

ঢাকা কেন্দ্রিক অপরাধ কর্মকান্ডের অন্যতম সহযোগি সবুজ।

ফ্ল্যাট দখল:

২০১৬ সাল থেকে কলাতলী এলাকায় প্রভাব বাড়তে থাকে কাজী রাসেলের। জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হলেও খুব সম্ভবত স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি/সম্পাদকও তার মত প্রভাব বিস্তার করার সাহস পেতেন না। ক্ষমতার প্রভাব বিস্তার করে ধীরে ধীরে ফ্ল্যাট দখল শুরু করেন।
অসুন্ধানে জানা গেছে, সী-ওয়েব এপার্টমেন্টে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৮টি ফ্ল্যাট অবৈধভাবে দখল করেছেন। ওই ফ্ল্যাটগুলো দখলে সহযোগিতা করে তার ক্যাডার বাহিনী। সেই ফ্ল্যাটগুলোতে চলে মাদকের লেনদেন ও পতিতাদের নিয়ে আমোদ-ফুর্তি।

আওয়ামী লীগ নেতা বদরুল হাসান মিল্কির মালিকাধীন হোটেল মিল্কিওয়ে’তে ৫টি ফ্ল্যাট দখল করেছেন কাজী রাসেল। মিল্কিওয়ে’তে শুধু ফ্ল্যাট দখল করেই ক্ষান্ত হননি তিনি। ওই হোটেলের নিচের রিসিপশন করার জায়গাটি দখল করে খুলেছেন মগের মুল্লুক নামে একটি রেঁস্তোরা। ফ্ল্যাটগুলো কাজী রাসেলের অবর্তমানে দেখাশুনা করেন আইমান ও ফোরকান জুয়েল।

সৈকতপাড়া এলাকায় বনবিভাগের একটি জমি দখল করেছেন কাজী রাসেল। ওই জমিতে আলিশান বাড়িও তৈরী করেছেন তিনি। সেই বাড়ি থেকেই কাজী রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বাড়িতে বর্তমানে থাকেন আইমান। এখন আইমানের নেতৃত্বে সেখানে বসে মাদক ও পতিতার আসর।

জুয়ার আসরে ডন:

জুয়ার আসরে কাজী রাসেল ছিলেন ডন। তার অন্যতম সঙ্গী ছিলেন কলাতলীর সৈকতপাড়া এলাকার মোহাম্মদ নুর প্রকাশ মাননুর। মাননুর শুধু কক্সবাজার নয় ঢাকার শীর্ষ কয়েকজন জুয়াড়ির মধ্যে একজন। মাননুর আর কাজী রাসেল ছিলেন জুয়ার পার্টনার। দু’জনে মিলে কক্সবাজারের শত শত জুয়াড়িকে পথে বসিয়েছেন। মাননুর ছাড়াও কাজী রাসেলের জুয়ার আসরের কয়েকজন পার্টনারের মধ্যে অন্যতম হলেন- কলাতলীর গৈয়মতলী এলাকার ইঞ্জিনিয়ার জালাল, গাড়ির মাঠের কথিত মানবাধিকার সংগঠনের ভূয়া নেতা মোহাম্মদ আলী মুন্না, ইটভাটার মালিক জনৈক হেলালী ও আলমগীর মুন্না। জালাল জুয়ার বোর্ডে স্বর্বস্ব হারিয়ে শেষ পর্যন্ত বাঁচতে পালিয়ে যান দুবাই। বর্তমানেও তিনি দুবাইয়ে আছেন।

কাজী রাসেলের জুয়ার আসরের পার্টনার ও শীর্ষ জুয়াড়ি মো. নুর।

সবাই জুয়া খেললেও জুয়া জগতে আলমগীর মুন্নার চরিত্র সম্পূর্ণ ব্যতিক্রম। কক্সবাজারের প্রতিটি জুয়ার আসরে (একেকদিন একেক আসরে) আলমগীর মুন্না টাকার বস্তা নিয়ে বসে থাকতেন। প্রয়োজন হলেই প্রতি লাখে ১০ হাজার টাকা সুদে জুয়াড়িদের টাকা দিতেন। তার সুদের ফাঁদে পড়ে ভিটেবাড়িসহ সহায় সম্বল হারিয়েছেন অনেক মানুষ। এছাড়াও কাজী রাসেলের জুয়ার আসরের যাবতীয় টাকা লেনদেনসহ সব দায়িত্ব পালন করতেন আলমগীর মুন্না।

অনুসন্ধানে জানা গেছে, কাজী রাসেল কক্সবাজার অফিসার্স ক্লাব, কক্সবাজার ক্লাব ও হোটেল সী-কুইনের একটি ক্লাবের জুয়ার আসরে নিয়মিত জুয়া খেলতেন। মাননুরের সাথে পার্টনার করে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াও কাজী রাসেল ব্যক্তিগত ভাবে হোটেল এলিগ্রো সুইটস ও সিলিকন সাকিরা এপার্টমেন্টে দুটি জুয়ার আসর চালাতেন। কক্সবাজারের প্রতিটি জুয়ার আসরে মাননুর আর কাজী রাসেলের জয়জয়কার অবস্থা ছিল। কিন্তু ঢাকায় গিয়ে বড় ধরণের ক্ষতির মুখে পড়েন কাজী রাসেল ও মাননুর চক্র।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি জানান, ঢাকা স্পোর্টিং ক্লাবে নিয়মিত জুয়া খেলতেন কাজী রাসেল ও মাননুর। তাদের টাকা পাঠানোর দায়িত্ব পালন করতেন আলমগীর মুন্না। ঢাকা স্পোর্টিং ক্লাবে তাদের জুয়া শুরু হয় পরাজয় দিয়ে। প্রথম দিন এক বসাতে ৭ লাখ টাকা হারান কাজী রাসেল। ধীরে ধীরে মাননুর ও কাজী রাসেল যৌথভাবে ৩ কোটি টাকা হারান। এছাড়াও কাজী রাসেল ব্যক্তিগতভাবে ২ কোটি টাকা হারান। ঢাকায় শোচনীয় পরাজয়ের থেকে মাদক সেবনে আসক্তি বেড়ে যায় কাজী রাসেলের।

কাজী রাসেল কারাগারে থাকলেও মাননুরের জুয়া বন্ধ হয়নি। ঢাকা ও কক্সবাজারে নিয়মিত জুয়ার আসরে সক্রিয় রয়েছে শীর্ষ জুয়াড়ি মাননুর। মাননুরও ক্ষমতাসীন নেতাদের সাথে ছবি তুলে নিজের ফেসবুক একাউন্টে প্রচার করে বেড়ান। একজন শীর্ষ জুয়াড়ি হয়েও এখনো অধরা মাননুর।

ভয়ংকর মাদকসেবী:

ভয়ংকর এক মাদকসেবীর নাম কাজী রাসেল। প্রতিদিন সিরিয়াল করে একসঙ্গে চার ধরণের মাদক সেবন করতেন। মাদক সেবন করে কখনো পতিতাদের ডেরায় পড়ে থাকতেন, আবার কখনো কখনো রাস্তায় বের হয়ে নিরীহ সাধারণ লোকজনকে কোন কারণ ছাড়াই মারধর করতেন।

কাজী রাসেলের ঘনিষ্টজনেরা জানান, তার মত এত ভয়ংকর মাদকসেবী কখনো দেখিনি। প্রথমে হিরোইন খেতেন, এরপর সেবন করতেন ইয়াবা। ইয়াবা সেবনের পর প্রচুর মদ পান করতেন। মদ পান করার কিছুক্ষণ পর ভোর রাতে ফেনসিডিল খেতেন। সিরিয়ালি চার ধরণের মাদক সেবন করার পর মাতলামি করতেন হোটেল মোটেল জোনে।

তারা আরও জানান, ১০ জন হিরোইন সেবী একদিনে যা হিরোইন সেবন করতেন তা কাজী রাসেল একাই একদিনে সেবন করতেন। তেমনিভাবে ইয়াবা, মদ ও ফেনসিডিলও মাত্রাতিরিক্ত সেবন করতেন তিনি। তার অন্যতম রক্ষিতা ছিলেন কথিত কণ্ঠশিল্পী তথা পতিতা আসমাউল হুসনা মিম।

জানা গেছে, কারাগারে গিয়েও কাজী রাসেলের মাদক সেবন বন্ধ হয়নি। মোটা অংকের টাকা ছিটিয়ে দায়িত্বরতদের হাত করে নিয়মিত সেবন করেন মাদক। আটক হওয়ার এক সপ্তাহ পর কাজী রাসেল ও মিমের কাছে কারাগারের ভেতর ইয়াবা পায় কারারক্ষীরা। পরে কারাগারে সবার সামনে কাজী রাসেলকে লাঞ্চিত করেন কারাগারের দায়িত্বরতরা। এঘটনায় তাদেরকে শাস্তিও দেওয়া হয়। কারাগারে নিয়মিত মাদক সরবরাহ করে আইমান, মনজুর ও জাহাঙ্গীর।

কাজী রাসেলের অস্ত্র জমা রাখতেন শফি নামে এক ব্যক্তি। শফি তার মাছের প্রজেক্টে দারোয়ান হিসেবে ছদ্মবেশে ছিলেন। যেকোন অপকর্মে সঙ্গে সঙ্গে অস্ত্র নিয়ে যেতেন শফি।
এদিকে কাজী রাসেল গ্রেপ্তার হওয়ার পর ভুক্তভোগীরা সাহস করে দাঁড়াতে শুরু করেছে। সীপার্ল (১) ও (২) এর নিচের একটি দোকান অবৈধভাবে তিন বছর ধরে নিজের দখলে রেখেছিলেন কাজী রাসেল। ওই দোকানটির মালিক মুক্তিযোদ্ধার সন্তান নাসির। আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়ে শেষ পর্যন্ত দোকানটি উদ্ধার করেন তিনি। একইভাবে জিম্মি করে ছিনিয়ে নেওয়া প্রাইভেট কারটিও পুলিশের সহায়তায় সম্প্রতি ফেরত পেয়েছেন ভুক্তভোগী সাদ্দাম।

তবে বিভিন্ন এপার্টমেন্টে ও ভবনে দখল করা ফ্ল্যাটগুলো ফেরত পাচ্ছেনা ফ্ল্যাটের প্রকৃত মালিকেরা। আইমানের নেতৃত্বে রাসেলের লালিত সন্ত্রাসীরা ফ্ল্যাটগুলো দখল করে রেখেছেন। এই ফ্ল্যাটগুলো ফেরত পেতে প্রশাসন ও পুলিশের সহায়তা কামনা করেছেন ভুক্তভোগীরা।

মাত্র কয়েক বছর আগেও যিনি ছিলেন একজন ছিঁচকে ছিনতাইকারী ও মাদকসেবী সেই কাজী রাসেল এখন কোটি কোটি টাকার মালিক। আলিশান বহুতল ভবন করেছেন। ব্যাংকে টাকার পাহাড় করেছেন। রাজার হালে জীবন-যাপন রীতিমত সবাইকে অবাক করে দেয়। ক্ষমতার অপব্যবহার করে অপরাধ জগতে সাম্রাজ্য গড়ে তোলা কাজী রাসেল কি আইনের শাসন থেকে পার পেয়ে যাবে? নাকি তার অপরাধের শেকড় উপড়ে ফেলে আইনের শাসনের দৃষ্টান্ত করবে আইনশৃঙ্খলা বাহিনী? এমন প্রশ্ন ভুক্তভোগী ব্যবসায়ী ও সাধারণ মানুষের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন