কক্সবাজার অফিস:
হাফেজ আহমেদ একজন অসহায় দরিদ্র কৃষক। তাঁর পাকা ধান পড়ে আছে ফসলের মাঠে। করোনায় শ্রমিক ও অর্থ সংকট সেই পাকা ধান ঘরে তোলা নিয়ে ছিলেন চরম দুশ্চিন্তায়। অবশেষে দরিদ্র এই কৃষকের দুশ্চিন্তা দূর করে দিলেন ছাত্রলীগের একদল নেতাকর্মী।

কক্সবাজার জেলা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দিনের নেতৃত্ব ৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী পাকা ধান কেটে ঘরে তুলে দেন। শনিবার (১৮ এপ্রিল) সারাদিন কেটে দুই কানি পরিমাণের ফসল কেটে দেন তারা।

কৃষক হাফেজ আহমদের বাড়ি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের রাস্তারপাড়া এলাকায়। তাঁর ধানক্ষেত ওই এলাকায়।

ছাত্রলীগ নেতা মইন উদ্দীন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশ দিয়েছে কৃষকদের পাশে থাকতে। ছাত্রলীগ যেকোনো মানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে থাকে। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন ছাত্রলীগের মাধ্যমে খবর পাই শ্রমিক সংকটের কারণে হাফেজ আহমেদ তার পাকা ধান কাটতে পারছে না। কাল বৈশাখী মাস, তাই যে কোনো সময়ে ঝড়-বৃষ্টি হলে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই আমরা ছাত্রলীগের ৩০ নেতাকর্মী কাচি-মাথাল (ধান কাটার সরঞ্জাম) নিয়ে হাজির হই। সারাদিন কাজ করে ২ কানি জমির ধান কেটে দিয়েছি।

তিনি বলেন, প্রথমে ওই কৃষক বিশ্বাসই করতে পারছিলেন না, আমরা বিনা পারিশ্রমিকে তার ধান কেটে ঘরে তুলে দেব। পরে যখন তার জমির ধান কেটে বাড়িতে এনে দিলাম তার মুখের হাসি আমাদের অন্যরকম আনন্দ দিয়েছে। এর চেয়ে বড় পাওয়া আর কিছুই নেই। এই দুঃসময়ে প্রত্যেকের উচিত কৃষকদের পাশে দাঁড়ানো।

এর আগে করোনা পরিস্থিতি মোকাবেলায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে মইন উদ্দিনের ছাত্রলীগ নেতৃবৃন্দ। এছাড়াও মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি, ফ্রি মুখের মাস্ক ও হ্যান্ড গ্লাবস বিতরণ, লিফলেট বিলিসহ অসহায় ও মধ্যভিত্তদের মাঝে খাবার বিতরণ করেন।