• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৩৪ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সেন্টমার্টিন ভ্রমণে জাহাজের বেশি ভাড়া, দীর্ঘ সমুদ্রযাত্রা ও টিকিট কেনার ভোগান্তি নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন পর্যটকরা। এ পরিস্থিতিতে জাহাজের ভাড়া পুনর্নির্ধারণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং অভিন্ন ভাড়া কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এর মধ্যেই চলতি মৌসুমে শুক্রবার এক দিনে সর্বোচ্চ এক হাজার ৭৫৪ পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছেন।

গত ৫ নভেম্বর জাহাজ চলাচল শুরুর পর সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে চারটি জাহাজ দ্বীপটির উদ্দেশে ছেড়ে যায়। ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, এমভি বারো আউলিয়ায় ৫৯৩, কর্ণফুলী এক্সপ্রেসে ৫০০, এমভি টেকনাফে ৪১৯ এবং এমভি মালঞ্চে ২৪২ জন পর্যটক ভ্রমণ করেন। পাঁচটি জাহাজের সম্মিলিত ধারণক্ষমতা তিন হাজার ২৪৪ জন।

এমভি মালঞ্চের পরিচালক আব্দুস সাত্তার জানান, প্রয়োজনীয় প্রস্তুতি ও অনুমোদন সম্পন্ন করেই তারা যাত্রী পরিবহন শুরু করেছেন। মৌসুমের শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম চলবে।

ভাড়া নিয়ে অসন্তোষ
পর্যটকদের অভিযোগ, গত বছরের তুলনায় চলতি মৌসুমে সর্বনিম্ন রাউন্ড ট্রিপ টিকিটের দাম ৭০০ থেকে বেড়ে চার হাজার ২০০ টাকায় দাঁড়িয়েছে। এর সঙ্গে নুনিয়ারছড়া ঘাটে যাতায়াত ও দ্বীপে অবস্থানের খরচ যুক্ত হওয়ায় ভ্রমণ ব্যয় আরও বেড়েছে।

এ পরিস্থিতিতে গত সোমবার বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভায় জানানো হয়, রুট পারমিট পাওয়া ও আবেদন করা ৯টি জাহাজের মোট যাত্রী ধারণক্ষমতা চার হাজার ৬০৪ জন। তবে দৈনিক সাড়ে তিন হাজার পর্যটক পরিবহনের প্রস্তাব রয়েছে।

সভায় জাহাজ মালিকরা সাধারণ শ্রেণির একমুখী টিকিটের ভাড়া দুই হাজার ১০০ টাকা প্রস্তাব করেন। তাদের হিসাবে ভ্যাট, এজেন্ট কমিশন, পরিবেশ ফি, সরকারি ফি ও পরিচালন ব্যয় বাবদ এক হাজার ৩২৭ টাকা খরচ হয়। বাকি ৭৭৩ টাকা মুনাফা হিসেবে ধরা হয়েছে। অন্যদিকে ইকোনমি ও ওপেন ডেকের ভাড়া ৮০০ থেকে তিন হাজার ৫০০ টাকা এবং বিজনেস ও লাউঞ্জ শ্রেণির ভাড়া এক হাজার ৫০০ থেকে পাঁচ হাজার ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বিলাসবহুল কেবিনের ভাড়া জাহাজ মালিকদের ওপর ছেড়ে দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এ ছাড়া জাহাজভিত্তিক যাত্রী বরাদ্দ, ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী পরিবহন, টিকিটে ভাড়া ও ফি আলাদাভাবে উল্লেখ এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে তদারকির পরিকল্পনা রয়েছে।

বিআইডব্লিউটিএর কক্সবাজার কার্যালয়ের বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক নয়ন শীল বলেন, ভাড়া নিয়ে আপত্তির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নেওয়া হয়েছে। পর্যটক ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় গ্রহণযোগ্য ভাড়া কাঠামো তৈরির কাজ চলছে।

পর্যটকের সমাগম বাড়ার আশা
দীর্ঘ সমুদ্রযাত্রা ও ভাড়া নিয়ে অসন্তোষ থাকলেও দ্বীপটির সৌন্দর্য উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত পর্যটকরা। প্রতিনিয়ত পর্যটক বৃদ্ধির আশা করছেন সংশ্লিষ্টরা। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, শুক্রবার চারটি জাহাজ চলেছে। বাকি জাহাজটিও শিগগির নিয়মিত যাত্রী পরিবহন শুরু করবে।

সেন্টমার্টিন হোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম জিহাদী বলেন, দ্বীপে এক রাতে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। মৌসুমের শুরুতে পর্যটক কম থাকলেও ডিসেম্বরের দিকে প্রায় সব হোটেল ও রিসোর্টের অগ্রিম বুকিং হয়ে গেছে। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকের সংখ্যা বাড়বে বলে তারা আশা করছেন।

পরিবেশ রক্ষায় বিধিনিষেধ
দ্বীপের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য একাধিক বিধিনিষেধ বহাল রয়েছে। রাতে সৈকত ও আশপাশে আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টি আয়োজন নিষিদ্ধ। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচাও করা যাবে না। সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ। সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস, শৈবালসহ কোনো প্রাকৃতিক সম্পদের ক্ষতি করা যাবে না। সূত্র: সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন