কক্সবাজারের চকরিয়ায় আলোচিত ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসান হত্যা মামলায় আনোয়ার হোসেন ওরফে কালু ড্রাইভারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে সোপর্দ করার পর তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আনোয়ার হোসেন কালু কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে এলাকাবাসী সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাকে বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হয়। সেখানে তিনি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে জিসান হত্যাকাণ্ডের বিষয়ে জবানবন্দি দেন।
ওসি আরিফুর রহমান জানান, জিসান হত্যা মামলায় কালু ড্রাইভারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এই নৃশংস হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর চকরিয়ায় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়। অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দুই নারীসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।