কক্সবাজার সদরের লাবনী পয়েন্ট এলাকায় সরকারি কাজে বাধা প্রদান ও র্যাব সদস্যদের ওপর হামলাকারী ৪ জন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
তারা হলেন- কক্সবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড ঘোনার পাড়া এলাকার মৃত মোক্তার আহম্মদের ছেলে আক্তার কামাল সোহেল, দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে মো. নুরুল আমিন হেলালী, খুরুশকুল খুলিয়া পাড়া এলাকার ছৈয়দুল হকের ছেলে ইয়াছিন আরাফাত ও ঘোনার পাড়া এলাকার নুরুল কবিরের ছেলে মো. সাইফুল ইসলাম।
রোববার (১০ নভেম্বর) দুপুরে র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এই তথ্য জানান।
র্যাব জানান- পর্যটন নগরী কক্সবাজারে আগত পর্যটকদের টার্গেটকারী ভয়ংকর ছিনতাইকারীদের আইনের আওতায় আনাসহ পর্যটকদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে র্যাব- এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৯ নভেম্বর রাতে লাবনী পয়েন্ট এলাকার সুগন্ধা-হোটেল কক্স টুডের পাকা রাস্তার পূর্ব পাশের কড়ই গাছের সামনে অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারের নিমিত্তে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালীন সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে ধেয়ে আসা কয়েকটি মোটর সাইকেলকে থামার সংকেত দিলে মোটরসাইকেল না থামিয়ে কৌশলে চেকপোস্ট অতিক্রমকালে র্যাব সদস্যরা তাদের থামায়। এ সময় র্যাবের আভিযানিক দল মোটরসাইকেল আরোহীদের নাম-ঠিকানা জানতে চাইলে তারা তাদের পরিচয় দিতে অস্বীকৃতি জানায় এবং সরকারি কাজে সহযোগিতা না করে র্যাব সদস্যদের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়।
একপর্যায়ে র্যাবের আভিযানিক দলে থাকা সদস্যদের মারতে উদ্ধত হয় এবং তাদের গতিবিধি ও আচরণ দেখে ধারণা করা হয় যে, তাদের মধ্যে বেশির ভাগই মদ্যপ অবস্থায় ছিল। অতঃপর সরকারি কাজে বাধা প্রদান ও র্যাব সদস্যদের ওপর হামলা করায় চারজনকে গ্রেফতার করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা ৪/৫ জন আসামীরা মোটর সাইকেল রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ সময় দুর্বৃত্তকারীদের হেফাজত থেকে ৩টি মোটর সাইকেল ও ২টি কাঠের লাঠি এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, উক্ত এলাকায় রাতের অন্ধকারে সুযোগ বুঝে পর্যটকদের উপর হামলাসহ তাদের মূল্যবান জিনিসপত্র রেখে দিতো। এছাড়াও তারা উক্ত এলাকায় জন সম্মুখে মাতাল অবস্থায় বিভিন্ন বেআইনি কার্যকলাপ করে বলে জানা যায়।