• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

কলাতলী কবিরের ইয়াবা লুট ‘পুলিশের সোর্স’ পরিচয়ে

নিজস্ব প্রতিবেদক: / ২০২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

কক্সবাজার শহরে পুলিশের সোর্স পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে কবির নামে একব্যক্তি। পুলিশের সাথে ভালো সম্পর্ক থাকার খ্যাতি দেখিয়ে একের পর এক নানান অপকর্মে জড়িয়ে পড়েছেন তিনি। এর ধারাবাহিকতায় কয়েকদিন আগে প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট লুটের ঘটনাও ঘটান কবির। কলাতলীর মোড় থেকে এই ইয়াবাও লুট করে কবির। তার সাথে দুইজন পুলিশ সদস্য ছিল বলে একটি সূত্রে জানা গেছে।

জানা যায়- গত ৭ মার্চ বিকাল ৪ টার দিকে রামু উপজেলার গোয়ালি এলাকার আলোচিত মাদক কারবারি মুক্তার একটি ইয়াবার চালান নিয়ে কক্সবাজার কলাতলী এলাকায় প্রবেশ করে। এসময় কবির নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে ওই ব্যক্তির পথ গতিরোধ করে। পরে তার সাথে থাকা একটি কালো ব্যাগ লুট করেন। ওই ব্যাগে প্রায় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ছিল বলে জানা গেছে। ব্যাগসহ ইয়াবা গুলো লুট করার পর একটি সাদা ফেজার বাইকে করে কলাতলীর মোড় থেকে শহরের দিকে রওনা দেন কবির।

প্রত্যক্ষদর্শীর মতো- সাদা ওই ফেজার বাইকে তিনজন ছিল। পুলিশের পোশাক পরিহিত দুইজন আর বাকি একজন কবির। কবির কালো ব্যাগ নিয়ে দুজনের মাঝখানে বসে শহরের দিকে রওনা দেন। ৭ মার্চ বিকাল সাড়ে ৪ টা থেকে বিকাল ৫ টার মধ্যেই কলাতলীর মোড় থেকে শহরের দিকে রওনা দেন কবিরসহ তিনজন। কলাতলীর মোড়সহ শহরের দিকে আসা সিসি ক্যামরা নজরে আনলে বিষয়টি পরিস্কার দেখা যাবে বলেও জানা যায়।

অভিযোগ উঠেছে- কবির শহরের পূর্ব কলাতলী চন্দ্রিমাস্থ ঝরঝরিকুয়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে কলাতলী এলাকায় পুলিশের সোর্স দাবী করে দাপিয়ে বেড়াচ্ছে কবির। বিভিন্ন সময় পুলিশের সাথে তার বিচরণও প্রকাশ্যে দেখেন এলাকাবাসীরা। এছাড়া কলাতলী এলাকায় পুলিশের অভিযানেও তার সঙ্গ থাকে বলে জানা গেছে। এমনকি অনেক পুলিশ সদস্যের বাইকের পিছনেও নিয়মিত ঘুরেন দালাল কবির।
এছাড়া ‘পুলিশের সোর্স’ পরিচয় দেওয়া কবিরের হাতেই জিম্মি হয়ে পড়ছে শত শত বিচারপ্রার্থী। এই যুবকের খপ্পরে পড়ে কেউ হচ্ছেন মিথ্যা মামলার আসামি আবার কেউ হারাচ্ছেন নগদ টাকা ও জমিজমা। দীর্ঘদিন ধরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশসহ একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স পরিচয় দিয়ে সাধারণ মানুষকে নানা ধরনের মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কবিরের বিরুদ্ধে।

অভিযোগ আছে, কয়েকজন পুলিশ সদস্যের সাথে কৌশলে সখ্যতা গড়ে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষকে একের পর এক হয়রানি করে যাচ্ছেন তিনি। নিজের কোনো ব্যবসা বা চাকরি না থাকলেও নিয়মিত শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে বসে প্রশাসনকে ধরিয়ে দেওয়াসহ মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করছে অর্থও। স্থানীয় জনসাধারণের কাছে এই যেন মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছেন কবির। ইতোমধ্যে অনেকের কাছ থেকে টাকা আদায় করার তথ্যও পাওয়া গেছে কবিরের বিরুদ্ধে। এছাড়া ওয়ারেন্টভুক্ত অনেক আসামীকে পুলিশের কাছ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে টাকাও আদায় করেছে অহরহর।

ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের ভয়ভীতি দেখিয়ে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে দালাল কবির। এলাকায় গিয়ে নিরীহ লোকজনকে নানাভাবে হুমকি প্রদান করে অমুককে পুলিশ খুঁজছে, তমুকের বিরুদ্ধে মামলা আছে বলে মানুষকে জিম্মি করে টাকা আদায় করছে।

কয়েক মাস আগে আবদুর রহিম নামে এক ভুক্তভোগীর দেয়া লিখিত অভিযোগে জানা যায়, কবির প্রায় সময় নিরীহ মানুষকে থানায় ধরে নিয়ে যাবে বলে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে মানুষের অর্থ-সম্পদ হাতিয়ে নিচ্ছেন। ভয়ে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
গত বছরের ২৮ আগস্ট সন্ধ্যা ৬ টার দিকে কবির-নুর বেগমসহ অজ্ঞাত ৫/৬ জন হাতে লোহার রড, দা, কিরিচ, হকিস্টিক নিয়ে রহিমের গ্যারেজটিতে হামলা চালায়। এ সময় ভুক্তভোগী আবদুর রহিম ও তার ছোট ভাই আবুল কাশেম, ওয়াশিম আকরাম, ইমরান হোছেন ইমনকে এলোপাতাড়ি হামলা করে নগদ ৫০ হাজার টাকাসহ গ্যারেজে থাকা যাবতীয় কাগজপত্র ছিনিয়ে নেন। এই ঘটনায় ভুক্তভোগিরা দালাল কবিরের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

ওই সময় এই ঘটনার তদন্ত কর্মকর্তা এএসআই হাকিম জানিয়েছিল, কবির পুলিশের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছেন বলে আমিও শুনেছি। আবদুর রহিম নামের এক ব্যক্তির লিখিত অভিযোগের বিষয়ে তদন্তে গিয়ে কবিরকে দেখে খুব বকাঝকা করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন অপরাধী গ্রেফতারে পুলিশ মাঝেমধ্যে তাদের সহযোগিতা নেয়। আর এ সুযোগে কবিরদের মতো সোর্সের অপরাধ ঢাকা পড়ে যাচ্ছে। আর পুলিশের সঙ্গে সখ্য থাকার সুযোগে এসব সোর্স অপ্রতিরোধ্য হয়ে উঠছে। চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ এমন কোনো অপরাধ নেই, যা সোর্সরা নিয়ন্ত্রণ করছে না। আবার কখনও কখনও মিথ্যা মামলার ভয় দেখিয়েও এরা নিরপরাধ মানুষের অর্থকড়ি হাতিয়ে নেয়। কলাতলীসহ আশেপাশের পাড়া-মহল্লায় এখন আতঙ্কের নাম পুলিশের সোর্স ও থানার দালাল কবির।

এ সব অভিযোগ অস্বীকার করে কবির বলেন, ৭ তারিখের কোন বিষয় আমার মনে পড়ছে না। তাছাড়া কারো সাথে বাইকে করে কলাতলীর মোড় থেকে শহরের দিকে রওনা দেওয়ার বিষয়েও জানা নেই। তবে মাঝে মাঝে পুলিশ সহযোগিতা চাইলে করি। কারো নাম-ঠিকানার বিষয়ে যদি খুঁজ নেন তখন না করতে পারি না।

এদিকে রবিবার (১০ মার্চ) বিকালে এক পুলিশ সদস্যের সাথে সাদা ফেজার বাইকে করে শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যায় দালাল কবিরকে। এক পর্যায়ে বিভিন্ন জায়গায় গিয়ে বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনের দোকানে একটু দাঁড়ান বাইকটি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন