কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ড দরিয়ানগরের বড়ছড়া এলাকার আলোচিত মাদক কারবারি সইয়দ করিম অবশেষে গ্রেপ্তার হয়েছে। কক্সবাজারের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সম্প্রতি সময়ে তাকে গ্রেপ্তার করেন।
এরআগে ২০২৩ সালে ১০ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয় ঈদগাঁও থানায়। সইয়দ করিম ওরফে রাসেল বড়ছড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। বড়ছড়া এলাকায় বসবাস করলেও সইয়দ করিমের ভোট আইডি কার্ডে ঠিকানা রয়েছে চট্টগ্রাম ডবলমুরিং ১নং গলির মাদার বাড়ির সোলায়মান কলোনী। তবে তার এসব ইয়াবা যোগানদাতা হিসেবে রয়েছে বড়ছড়া এলাকার শীর্ষ ইয়াবা ডন বদিউল আলম।
বদিউল আলমের বিরুদ্ধেও রয়েছে মাদক আইনে মামলা। পাচারকারী সইয়দ করিম গ্রেপ্তার হলেও বড়ছড়া এলাকার চিহ্নিত আরো এক ডজন মাদক কারবারি রয়েছে অধরা। চিহ্নিত এসব মাদক কারবারির বসবাস বড়ছড়া এলাকায় হলেও তাদের অনেক সিন্ডিকেট রয়েছে শহরের বিভিন্ন এলাকায়। তারমধ্যে রয়েছে বাস টার্মিনালস্থ লারপাড়া এলাকার মুজিব। মুজিব সুগন্ধা পয়েন্টে দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা কারবার করে যাচ্ছে বলে জানা গেছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়- দরিয়ানগরের বড়ছড়া এলাকাটি ঘিরে মাদক কারবারিদের আস্তানায় পরিণত হয়েছে। ১২ থেকে ১৫ জনের চিহ্নিত মাদক কারবারির বসবাস এই এলাকায়। এরমধ্যে অনেকেই ইয়াবাসহ আটক হয়েছে। ইয়াবা বহন করতে গিয়ে অনেকের গাড়িও জব্দ হয়েছে থানায়। মামলা মাথায় নিয়ে অনেকেই রমরমা মাদক কারবার চালাচ্ছে দরিয়ানগর কেন্দ্রিক।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে- বর্তমানে দরিয়ানগরের বড়ছড়া এলাকায় বেপরোয়াভাবে জীবনযাপন করছে মাইন নামে একজন চিহ্নিত মাদক কারবারি। ইয়াবা পরিবহণ করতে গিয়ে দুইবার ইয়াবাসহ আটক হয়েছিল বড়ছড়া এলাকার মাইন। দুইবারেই কারাগারে যান তিনি।
বড়ছড়ার মাদক কারবারিদের মধ্যে কিং হিসেবে রয়েছে আব্দুল খালেকের ছেলে কামাল হোসেন। একবছর আগে ইয়াবাসহ ঢাকায় আটক হয়েছিল কামাল। কয়েকমাস আগে জামিনে বের হয়ে ফিরেছে এলাকায়। মাদক কারবারে আটক হলেও থেমে থাকেনি তার এই অবৈধ কার্যক্রম। বহুবছর ধরে ইয়াবা কারবারে জড়িয়ে পড়ে কামাল। তার রয়েছে একটি সিন্ডিকেট। কামালের মাদক কারবারের সিন্ডিকেটটি কক্সবাজার শহরে বেশ পরিচিত। এরমধ্যে রয়েছে রফিক ও মুজিব। একসময় রফিক বড়ছড়া ও ঝরঝরিকুয়া এলাকায় বসবাস করলেও এখন বসবাস করছে নতুন বাহারছড়া এলাকায়। কামালের মাদক কারবারে অন্যতম পার্টনার রফিক।
কামালের আপন ভাই ঈসমাইল ও জামাল। ঈসমাইলও চিহ্নিত একজন মাদক কারবারি বড়ছড়া এলাকার। সিএনজি চালকের আড়ালে ভয়াবহ ইয়াবা ব্যবসা চলে ঈসমাইলের। দুই বছর আগে ইয়াবাসহ উখিয়ায় আটক হয়েছিল ঈসমাইল। দীর্ঘদিন কারাগারেও ছিল। বছরখানেক আগে এলাকায় ফিরে দাপটের সাথে চালাচ্ছে ইয়াবা কারবার। কামালের আরেক ভাই জামালের বিরুদ্ধে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগ উঠেছে।
সুগন্ধা পয়েন্টে ব্যবসার আড়ালে জামাল ইয়াবা কারবারে জড়িত থাকার জনশ্রুতি রয়েছে খোদ সুগন্ধা এলাকা। মাসে কয়েকবার তাবলিগের জামায়াতে যাওয়া রহস্যজনক মনে করছেন অনেকেই। তাবলিগের আড়ালে তার মাদক কারবার রয়েছে ভাইদের মাধ্যমে। আব্দুল খালেকের পুরো পরিবারটি ইয়াবা কারবারে জড়িত বলে জনশ্রুতি রয়েছে বড়ছড়া এলাকায়। দৃশ্যমান কোন ব্যবসা না থাকলেও প্রাইভেট কার নিয়ে চলাফেরা কামাল হোসেনের। সুগন্ধা পয়েন্ট কেন্দ্রিক ইয়াবা কারবারের একটি সিন্ডিকেট রয়েছে কামাল হোসেনের।
যারা সুগন্ধা পয়েন্টে ব্যবসার আড়ালে চালাচ্ছে মাদক কারবার। এই সিন্ডিকেটের অন্যতম হোতা লারপাড়া এলাকার মুজিব। মুজিবের এক ভাইও মাদক কারবারে জড়িত রয়েছে।
বড়ছড়া এলাকার আরেক অপরাধ চক্রের হোতা জয়নাল। ওই এলাকার অনেক পুরাতন অপরাধী জয়নাল। রয়েছে মানবপাচার আইনে মামলাও। দরিয়ানগর কেন্দ্রিক অপরাধ চক্রের কথা আসতেই উঠে আসে জয়নালের নাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায়ও মানব পাচারকারী হিসেবে নাম রয়েছে জয়নালের। মানব পাচার মৌসুমী ব্যবসা হলেও জয়নালের বিরুদ্ধে রয়েছে ইয়াবা কারবারের তকমা। কলাতলীর শীর্ষ ইয়াবা কারবারি রাসেলের অন্যতম সহযোগি হিসেবে রয়েছে জয়নালের নাম। এছাড়া দরিয়ানগর কেন্দ্রিক ইয়াবা খালাসে জয়নালের সহযোগিতা রয়েছে বলে জানা গেছে। বড়ছড়া এলাকার কয়েকজন ইয়াবা ডনের মধ্যে রয়েছে বদিউল আলম।
টেকনাফের সাবরাং এলাকার বেলাল নামে একব্যক্তির মাধ্যমে ইয়াবা কারবার চালাচ্ছে বদিউল আলম। ইয়াবাসহ আটকের পরও বদিউল আলমের ইয়াবা ব্যবসা বেড়েছে বহুগুন। বড়ছড়া এলাকার ঠান্ডা মাথার ইয়াবা কারবারি হিসেবে নাম রয়েছে বদিউল আলমের। বদিউল আলমের পার্টনার সাবরাংয়ের বেলাল র্দীঘদিন আস্তানা গেড়েছিল বড়ছড়া এলাকায়। বেলাল দীর্ঘদিন বড়ছড়ায় বসবাস করে বদিউল আলমের সাথে জমজমাট ইয়াবা ব্যবসা পরিচালনা করে।
কয়েক মাস আগে ইয়াবা লেনদেন নিয়ে তাদের মাঝে বিরোধও তৈরি হয়। একজনের ইয়াবা অন্যজন কৌশলে লুট করেছে বলে জানা যায়। এছাড়া বদিউল আলমের সহযোগি হিসেবে রয়েছে বড়ছড়া এলাকার সইয়দ করিম। সম্প্রতি সময়ে ইয়াবা মামলায় গ্রেপ্তার হন সইয়দ করিম। গ্রেপ্তারের আগে ঈদগাঁও থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই ঘটনায় সইয়দ করিম গ্রেপ্তার হন। তবে এসব ইয়াবা গুলো বদিউল আলমের বলে জানা গেছে। বড়ছড়া এলাকায় থেমে নেই পুতু ওরফে মাইল্ল্যা পুতুর গাঁজা ব্যবসা।
দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা চালাচ্ছে পুতু। নিজ ঘরে গাঁজার আসরও বসান তিনি। এছাড়া বিভিন্ন জায়গায় গাঁজা সরবরাহ দেন পুতু। জাহেদ বড়ছড়া এলাকার আরেক মাদক কারবারি। চিহ্নিত মাদক কারবারি হিসেবে বড়ছড়ার জাহেদ অন্যতম।
গত জানুয়ারি মাসে দৈনিক সকালের কক্সবাজার পত্রিকায় “ দরিয়ানগর কাপাচ্ছে কহিনূর, অন্যরা মাদক কারবারে” শিরোনামে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশিত হয়। সংবাদে দরিয়ানগর এলাকায় তোলপাড় তৈরি হয়। সংবাদের সূত্র ধরে তদন্ত করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওই সময় মাদক কারবারি হিসেবে সইয়দ করিমের তথ্যও উল্লেখ করা হয়েছিল। সংবাদের প্রায় ২৩ দিন পর গ্রেপ্তার হন মাদক কারবারি সইয়দ করিম। এরপর অনেক চিহ্নিত মাদক কারবারি কৌশলে আত্মগোপনে চলে যান।
বড়ছড়া এলাকার লোকজন বলেন- এলাকার চিহ্নিত অনেক মাদক কারবারিরা প্রকাশ্যে ঘুরছে। তাদের দাপটে কেউ কথাও বলতে পারছে না। এতে সমাজের অনেকেই জড়িত মাদক কারবারে। তাদের জীবন-যাপন ও চলাফেরা আলিশান। কাউকে তোয়াক্কা না করেই বেপরোয়া জীবন যাপন করছে মাদক কারবারিরা।