• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

জামিনে বের হয়ে সুগন্ধা পয়েন্টে ফের সক্রিয় লাল মিয়া গং

জয়নাল উদ্দিন: / ১৭৭ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে এবার দোকান বাণিজ্যে নেমেছে চাঁদাবাজি মামলার অন্যতম আসামী মো. বেলাল। নিজ নামে কোন দোকান না থাকলেও অন্যদের দোকান নিজের দাবী করে ভাড়া বাণিজ্যের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মো. বেলাল সুগন্ধা পয়েন্টের আলোচিত লাল মিয়ার অন্যতম সহযোগি।

চাঁদাবাজি মামলায় কয়েকদিন আগে কারাগার থেকে জামিনে বের হন লাল মিয়া। লাল মিয়া বের হওয়ার পরদিন থেকেই সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে বেশ কয়েকটি দোকান ভাড়া দেওয়ার চেষ্টা চালান মো. বেলাল। অথচ বেলালের নিজ নামে কোন দোকান নেই বালিয়াড়িতে। অন্যদের দোকান নিজের দাবী করে কৌশলে ভাড়া দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

ইতিমধ্যে একজনের সাথে অন্যজনের দোকান ভাড়া দেওয়ার বায়নাও শেষ করে মো. বেলাল। এমনকি লাল মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি আইনে দায়ের করা মামলার বাদির দোকানও অন্যদের ভাড়া দেওয়ার চেষ্টা চালাচ্ছে লাল মিয়ার নেতৃত্বে মো. বেলাল।

বেলাল দক্ষিণ কলাতলী এলাকার জয়নাল আবেদীনের ছেলে এবং চাঁদাবাজি মামলার ৫নং আসামী। মামলা হওয়ার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বেলাল। এরপর হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে প্রকাশ্যে হন তিনি। কয়েকদিন আগে মামলার ১ নাম্বার আসামী লাল মিয়া জামিনে বের হয়ে আসার পরেই সুগন্ধা পয়েন্টে ছুঁ মারছে বেলাল। তবে নিজের নামে সুগন্ধা পয়েন্টে কোন দোকান না থাকলেও অন্যজনের দোকান ভাড়া দেওয়ার কথা স্বীকার করেন তিনি।

ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে- সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টস্থ জেলা প্রশাসনের তথ্য সেবা কেন্দ্রের পশ্চিমে বালিয়াড়ির দোকানের একাংশ নিয়ন্ত্রণ করেন আলোচিত লাল মিয়া। ব্যবসায়ীদের নিজস্ব কার্ড থাকলেও লাল মিয়াকে দিতে হতো একটি নির্দিষ্ট চাঁদা। জেলা প্রশাসন বরাবরে ব্যবসায়ীরা বার্ষিক রাজস্ব দিয়ে থাকলেও জায়গার ভাড়া দাবি করে কার্ডদারী দোকানদারদের থেকে লাল মিয়াও একটি ভাড়া আদায় করে প্রতিবছর। নানানমূখী নির্যাতনের মাধ্যমে দীর্ঘ বছর ধরে এই টাকা আদায় করছে লাল মিয়া। সাথে ছিল লাল মিয়ার কয়েকজন ছেলেসহ অনেক সহযোগি।

এবিষয়ে ভুক্তভোগিরা অতিষ্ট হয়ে লাল মিয়াসহ অনেকের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেন।এজাহার দায়েরের পর তদন্ত করেন পুলিশ। তদন্তের সত্যতা পাওয়ায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয় এজাহার।

গত ৩১ জানুয়ারি রাতে আলোচিত-সমালোচিত লাল মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। ঝিলংজা ১নং ওয়ার্ড বড়ছড়াস্থ শুকনাছড়ি এলাকার মৃত কবীর হোছাইনের ছেলে সুগন্ধা পয়েন্টের ঝিনুক ব্যবসায়ী নুরুল আলম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় এজাহার নামীয় আসামী করা হয়েছে ৫ জনকে।

তারা হলেন- কক্সবাজার পৌরসভার ১১নং ওয়ার্ড দক্ষিণ বাহারছড়া এলাকার ছৈয়দ নুরের ছেলে লাল মিয়া, লাল মিয়ার ছেলে রাসেল ওরফে ফরহাদ, হাসান মো. বকুল, আজাদ হোসেন ও দক্ষিণ কলাতলী এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. বেলাল।

এই মামলায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন কক্সবাজার পৌরসভার ১১নং ওয়ার্ড দক্ষিণ বাহারছড়া এলাকার ছৈয়দ নুরের ছেলে লাল মিয়া ও লাল মিয়ার ছেলে হাসান মো. বকুল। আর বাকিরা হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।

এদিকে কয়েকদিন আগে জামিন নিয়ে কারাগার থেকে বের হন চাঁদাবাজি মামলার ১ নাম্বার আসামী লাল মিয়া। তবে তার ছেলে হাসান মো. বকুল এখনো কারাগারে।

কারাগার থেকে লাল মিয়া বের হওয়ার পরদিন থেকেই সুগন্ধা পয়েন্টে যান মামলার ৫নং আসামী মো. বেলাল। বেলাল সেখানে গিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের দোকান নিজের বলে দাবী করে ভাড়া দেওয়ার চেষ্টা চালান। এরমধ্যে ১ নাম্বার ও ২ নাম্বার দোকান ভাড়া দেওয়ার জন্য বেলাল কথা বলেন বাবু নামে এক ব্যবসায়ীর সাথে। অথচ এই দুটি দোকানের কার্ডদারী মালিক সেলিম ও শাহনেওয়াজ।

এবিষয়ে বাবু বলেন- কয়েকদিন আগে ওই দু’টি দোকান আমাকে ভাড়া নিতে বলেছিল বেলাল। এমনকি অন্য আরেকজনে দোকান গুলো ভাড়া নিতে চাচ্ছে। যদি ওনি না নেয় তাহলে আমি ভাড়া নিতে পারবো। পরে দোকানের মালিক অন্যজন শুনে আর ভাড়া নেওয়া হয়নি।

এরিমধ্যে গত শুক্রবার ২নং গলির ৫ নাম্বার দোকানটি ভাড়া নেওয়ার জন্য মো. বেলালকে অগ্রিম ৫০ হাজার টাকা দেন খুরুশকুল কুলিয়াপাড়ার সাইফুল নামে একব্যক্তি। অথচ ওই দোকানের কার্ডদারী মালিক কে জানেন না সাইফুল।

সাইফুল বলেন- বেলাল তার নিজের দোকান আছে বলে জানান। ভাড়া দেওয়ার কথা বল্লে ৫নং দোকানটি ভাড়া নিতে বলেন। সে সুবাধে গত শুক্রবার তার সাথে লেনদেন হয়। অগ্রিম তাকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

গত শনিবার তাকে আরো ১০ হাজার টাকা অগ্রিম দেওয়ার কথা। কিন্তু সন্ধ্যার দিকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। আসলে ৫নং দোকানটি কার এখনো নিশ্চিত নয়। তবে প্রতারণা করে রক্ষা পাবে না বেলাল।

এবিষয়ে মো. বেলাল বলেন- সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে আমার নিজের নামে কোন দোকান নেই। তবে ৩ ও ৪ নাম্বার দোকান দু’টি আমি নিজেই করি। কিন্তু এই দোকান দু’টির আসল কার্ডদারী মালিক কে আমি নিজেও জানি না। লাল মিয়া দোকান দু’টি আমাকে দিয়েছে। একসময় আমি লাল মিয়ার হয়ে ইলেকট্রনিকের কাজ করতাম। সে সুবাদে দোকান দু’টি আমাকে করতে বলেন। কিন্তু দোকানের মালিক কে জানি না এখনো।

সাইফুলকে দোকান ভাড়া বাবদ অগ্রিম টাকা নেওয়ার কথা স্বীকার করে বেলাল বলেন- দুই নাম্বার গলির ৫ নাম্বার দোকানটি ভাড়া বাবদ সাইফুলের কাছে থেকে অগ্রিম ৫০ হাজার টাকা নেওয়া হয়েছে। কিন্তু ৫ নাম্বার দোকানের কার্ডদারী মালিকের নাম বলতে পারছে না তিনি। তবে বাহারছড়ার একব্যক্তির বলে জানান।

কার দোকান না জেনেই কিভাবে অন্যজনকে ভাড়া দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নিলেন এমন প্রশ্নে তিনি কোন সুউত্তর দিতে পারেনি। এমনকি বাবুকে অন্যদের দোকান ভাড়া দেয়া নিয়ে কথাও হয়েছে বলে স্বীকার করেন বেলাল। লাল মিয়ার হয়ে তিনি দোকান ভাড়া দেওয়া- নেওয়ার কাজ করছে না বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন