একসময়ে শীর্ষ জলদস্যু হিসেবে বেশ খ্যাতি ছিল কক্সবাজার সুগন্ধা পয়েন্টের বর্তমান সময়ের আলোচিত লাল মিয়ার। বহুবছর সাগরে মাছ ধরার কাজে জড়িত ছিলেন তিনি। দায়িত্বপান বোটের মাঝি হিসেবেও। এরপর হয়ে উঠেন ডাকাত হিসেবে। কয়েক যুগ আগেই জলদস্যু হিসেবে বেশ নামডাক ছিল লাল মিয়ার। লাল মিয়ার হাতে প্রাণ হারিয়েছে কক্সবাজারের অনেক মানুষ। প্রাণ হারানো মানুষের পরিবারের লোকজন এখনো ভুলতে পারেনি লাল মিয়ার ডাকাতি সম্পর্কে। বহু ডাকাতি মামলাও ছিল লাল মিয়ার বিরুদ্ধে। মামলার আসামী হওয়ার পর এক সময় মাঝ সাগর থেকে তীর সাগরে এসে ঝিনুকের ব্যবসা শুরু করেন। আস্তে আস্তে দখলে নেন লাবণীসহ সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি। বাড়তে থাকে তার দোকানের সংখ্যাও। এরপর শুরু করে বালিয়াড়ি দখল করে হকারদের থেকে চাঁদাবাজি।
অবশেষে সেই আলোচিত-সমালোচিত লাল মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। ঝিলংজা ১নং ওয়ার্ড বড়ছড়াস্থ শুকনাছড়ি এলাকার মৃত কবীর হোছাইনের ছেলে সুগন্ধা পয়েন্টের ঝিনুক ব্যবসায়ী নুরুল আলম বাদি হয়ে গত বুধবার (৩১ জানুয়ারি) রাতে মামলাটি দায়ের করেন। মামলায় এজাহার নামীয় আসামী করা হয়েছে ৫ জনকে।
তারা হলেন- কক্সবাজার পৌরসভার ১১নং ওয়ার্ড দক্ষিণ বাহারছড়া এলাকার ছৈয়দ নুরের ছেলে লাল মিয়া, লাল মিয়ার ছেলে রাসেল ওরফে ফরহাদ, হাসান মো. বকুল, আজাদ হোসেন ও দক্ষিণ কলাতলী এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. বেলাল।
মামলার বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাইছার হামিদ বলেন- লাল মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ধারায় মামলা হয়েছে। এর আগে ভুক্তভোগিরা সদর থানায় এজাহার দায়ের করেন। এজাহারের পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। তদন্তের সত্যতা পাওয়ায় মামলাটি আমলে নেওয়া হয়।
এরআগে গত সোমবার রাতে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগি হকার নুরুল আলম।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে- তারা সুগন্ধা বীচ পয়েন্টের জেলা প্রশাসনের অনুমোদিত ঝিনুক হকার ব্যবসায়ী। তার অনুমোদনের কার্ড নিয়ে ঝিনুক হকারের ব্যবসা পরিচালনা করে আসছে। কিন্তু লাল মিয়া সৈকতের বালিয়াড়ির জায়গাটি নিজ নামে বন্দোবস্তকৃত ও হাইকোর্টের ডিগ্রিপ্রাপ্ত জায়গা দাবী করে বিভিন্ন সময় উচ্ছেদের হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অবৈধভাবে চাঁদা দাবী করে আসছে। এক পর্যায়ে তারা কয়েক দফা করে চাঁদাও দেন লাল মিয়াকে। চাঁদা দেওয়ার পর কিছুদিন চুপ থাকে লাল মিয়া। কিছু দিন চুপ থাকার পর ফের চাঁদা দাবী করে। গত কয়েক মাসে তাদের কাছ থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা চাঁদাও নেন লাল মিয়া। এরপর পূনরায় জনপ্রতি ২ লাখ করে আট লাখ টাকা চাঁদাদাবী করে। চাঁদা না দিলে দোকানপাট ভাঙচুরসহ মারধর করার হুমকি দিয়ে যাচ্ছে লাল মিয়া ও তার বাহিনীর লোকজন।
জানা যায়- জেলা প্রশাসনের কার্যালয়ে রাজস্ব দিয়েই দেড় যুগের বেশি সময় ধরে সুগন্ধা পয়েন্টে ব্যবসা করে যাচ্ছে নুরুল আলম। জেলা প্রশাসন কার্যালয় থেকে দেওয়া নুরুল আলমের নামে ঝিনুকের কার্ড নাম্বার ১০৩২। সুগন্ধা পয়েন্টস্থ তথ্য সেবা কেন্দ্রের পশ্চিমে আরো কয়েকশত ব্যবসায়ীর মতো নুরুল আলমও একজন। অন্য ব্যবসায়ীদের মতো নুরুল আলমও জেলা প্রশাসনের কার্যালয়ে রাজস্ব দিলেওই তাকে আলাদা করে দিতে হচ্ছে চাঁদা। নিয়মিত চাঁদা না দিলেই সুগন্ধা পয়েন্টে ব্যবসা করতে না দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে লাল মিয়া এবং তার লোকজন।
নুরুল আলম বলেন- লিজ নেওয়ার ইস্যু দেখিয়ে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিবছর লাখ লাখ টাকা চাঁদা আদায় করে যাচ্ছে। টাকা না দিলে তার জায়গা থেকে দোকান উচ্ছেদ করার হুমকিও দেন। বিভিন্নজনের মাধ্যমে হুমকি দিয়ে দুই কিস্তিতে লাল মিয়া ৬০ হাজার টাকা চাঁদা নেন কয়েক মাস আগে। এখন আবারও নতুন করে চাঁদা আদায়ের জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে। যার কারণে লাল মিয়াসহ তার বাহিনীর বিরুদ্ধে থানায় আশ্রয় নিয়েছি।