• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

কুয়াশা মোড়ানো কক্সবাজার সমুদ্র উপভোগে পর্যটকরা

নিজস্ব প্রতিবেদক: / ১১৮ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

সপ্তাহধরেই কক্সবাজারে বয়ে চলছে শীতের আমেজ। সকালে কুয়াশায় ঢাকা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। শীতের সকালে কুয়াশার চাদরে মোড়া পড়ছে সমুদ্র সৈকত এলাকা। তবুও কুয়াশা ভেদ করে আসছে সমুদ্রের গর্জন। অনেক পর্যটক কুয়াশা কেটে সমুদ্র উপভোগ করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কক্সবাজারে বেড়েছে পর্যটকের আনাগোনা। একই সাথে শীত মৌসুম হওয়ায় পর্যটকদের আকৃষ্ট করছে সমুদ্রসৈকত। সাপ্তাহিক ছুটির দিনে ভিড় করছেন হাজার হাজার পর্যটক। যারা মেতে রয়েছেন সাগরতীরের নোনাজলে।

কক্সবাজার সী-ভিউ কালার ল্যাবের মালিক আরজু বড়–য়া বলেন- কক্সবাজার এখন শীতের সকাল আর রাত ভিন্ন রকম সৌন্দর্যে রূপ নিয়েছে। শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই পর্যটন নগরী তার রূপ সৌন্দর্যের ডানা মেলে ধরে। বর্ষায় যেমন সমুদ্রের ভয়ংকর রূপে মাতাল হওয়ার নেশায় বিভোর হয় পর্যটকেরা, শীতকালেও তেমনি সমুদ্র সৈকতে সূর্য উদয় দেখতে ভিড় করে পর্যটকেরা। শীতের সকালের নরম রোদে পর্যটকের দেহমনে প্রশান্তি এনে দেয়।

কক্সবাজার ছাড়াও পর্যটকেরা ইনানী, হিমছড়ি ও সেন্টমার্টিনেও ঘুরে বেড়াচ্ছেন। পর্যটকের আগমনে কর্মব্যস্ততা বেড়েছে সৈকত এলাকার ফটোগ্রাফার, জেড স্কি ও বিচ বাইক চালকদের। একই সঙ্গে জমজমাট ব্যবসা বার্মিজ মার্কেটগুলোতেও।
কক্সবাজারে বেড়াতে আসা ঢাকার টঙ্গি থেকে এম. আব্দুল্লাহ জানান, সমুদ্র সৈকতে কুয়াশায় কিছু দেখা না গেলেও সকালের নরম হাওয়া অনেক মজার। কুয়াশা মোড়ানো সমুদ্র উপভোগ করেছি পরিবার পরিজন নিয়ে। তবে আজ (গতকাল বৃহস্পতিবার) দিনভর রোদের দেখা মিলছে না সৈকতে।

বৃহস্পতিবার ও শুক্রবার সরেজমিনে সুগন্ধা পয়েন্টে দেখা গেছে, পর্যটকেরা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে। নানা বয়সীরা পর্যটকেরা বিচ বাইক, ওয়াটার বাইক ও ঘোড়ায় চড়ে সমুদ্র দর্শন করছেন। কেউ আবার নোনা জলে গোসলে নেমেছেন। প্রিয়জনেরা এসব দৃশ্য মোবাইল ও ক্যামেরায় ধারণ করছেন। অনেককেই হিমছড়ি ও দরিয়ানগর সৈকতে প্যারাসাইলিংয়েও সমুদ্র দর্শন করতে দেখা গেছে। ট্যুরিস্ট পুলিশ, বিচ কর্মী ও লাইফ গার্ড সদস্যরা পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক সজাগ আছেন।

এদিকে গত দু’দিন গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে কক্সবাজারের জনজীবন।

জেলা প্রশাসনের বিচ কর্মী মাহাবুব বলেন, শীতের মৌসুমে সাপ্তাহিক ছুটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৈকতের বিভিন্ন অংশে অন্তত ৫০ হাজার পর্যটকের সমাগম ঘটে। রাতেও পর্যটকরা সৈকতে বিচরণ করেন। শহরের পাশাপাশি পর্যটকেরা ইনানী, হিমছড়ি ও পাটোয়ারটেকসহ বিভিন্ন স্থানে ঘুরছে।

কক্সবাজার হোটেল-মোটেল, কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার বলেন, এবারের মৌসুমের শুরুতে নির্বাচনকে কেন্দ্র করে হরতাল ও অবরোধের প্রভাবে পর্যটক শূন্য ছিল কক্সবাজার। তবে নির্বাচনের পর পর্যটকের আনাগোনা বেড়েছে। এখন পর্যটনের ভরা মৌসুম। সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে আশানুরূপ পর্যটক আসছে কক্সবাজারে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, শীত মৌসুমে সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে পর্যটকদের ভিড় দেখা যায়। এসব পর্যটককের নিরাপত্তায় আমরা সবসময়ই প্রস্তুুত। পর্যটক বাড়তে থাকায় নিরাপত্তার দিক দিয়ে আরও নজরদারি বাড়ানো হয়েছে। পর্যটক হয়রানি হলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন