• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

অপরাধের আখড়া সুগন্ধা পয়েন্টের দুই পরিত্যক্ত ভবন

আরফাতুল মজিদ: / ১৬০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

কক্সবাজার সমুদ্র তীর সুগন্ধা পয়েন্টস্থ কক্স ঢুডে রোডে পরিত্যক্ত দুইটি বহুতল ভবনে রয়েছে ৫০টির অধিক ছোট ছোট ঘর। জেলা প্রশাসনের বাতিলকৃত প্লটে অবৈধভাবে এসব ঝুপড়ি গুলো নির্মাণ করা হয়েছে। এসব ঝুপড়ির অধিকাংশ ঘরে চলে অবৈধ কর্মকান্ড। দিনের বেলায় যেনতেন রাত হলেই পরিত্যক্ত ভবনের এসব ঝুপড়িতে চলে মাদক সেবন, বিক্রি, যৌন ব্যবসা ও অপহরণের পর মুক্তিপণ আদায়। অপরাধীদের নিরাপদ আস্তানা হিসেবেও ব্যবহার হয় এই পরিত্যক্ত ভবন গুলো। গত তিনবছর আগে পর্যটন সেলে দায়িত্ব থাকা কক্সবাজার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে পরিত্যক্ত ভবনে অবৈধভাবে নির্মিত ঝুপড়ি গুলো ভেঙে দিয়েছিল। ভেঙে দেওয়ার কয়েক মাস পর ফের টিন দিয়ে ঝুপড়ি গুলো তৈরি করা হয়। কয়েকজন বীচকর্মীর সহযোগিতায় ঝুপড়ি গুলো ভাড়া দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে মোরশেদ কামাল ও রুবেল নামে দুই ব্যক্তি।

সরেজমিনে দেখা যায়, কলাতলী সুগন্ধা পয়েন্টস্থ হোটেল কক্স ঢুডে রোড়ের পূর্বপাশে একটি পাঁচতলা পরিত্যক্ত ভবন রয়েছে। ভবনের নিচ তলায় টিনের বেড়া দিয়ে ১৫টির অধিক ছোট্ট ছোট্ট ঝুপড়ি রুম। রুমের ভিতরে কোথাও বালিশ আবার কোথাও খাট (বিছানা)। প্রায় রুমের মেঝেতে পড়ে রয়েছে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম। ভাঙাচোরা টিন দিয়ে রুম গুলো তৈরি করা হয়েছে। কয়েকটি রুমে কয়েকজন যুবকদের উপস্থিত দেখা গেলেও বেশির ভাগ রুম কিন্তু খালি। যেসব রুম খালি পড়ে আছে এসব রুমে বালিশ, খাট ও মাদক সেবনের সরঞ্জাম দেখা যায়। সুগন্ধা পয়েন্ট এলাকার মোরশেদ কামাল নামে একব্যক্তি পরিত্যক্ত ভবনে রুম গুলো তৈরি করেছে বলে জানা গেছে। মোরশেদ সুগন্ধা পয়েন্ট এলাকার চিহ্নিত একজন অপরাধী। সম্প্রতি সময়ে একটি অপরাধে মোরশেদকে ১৫ দিনের সাজাও দেওয়া হয়।

এই পরিত্যক্ত ভবনের একটু পশ্চিমে হোটেল কক্স ঢুডে’র দক্ষিণে চারতলার আরেকটি পরিত্যক্ত ভবন। চারতলার ভবনটি বেশ লম্বা। ওই ভবনেও একই অবস্থা। সেখানে টিনের বেড়া দিয়ে তৈরি করা হয়েছে ৩০টি অধিক ঝুপড়ি রুম। ঝুপড়ি এসব রুমে অনেক নারী-পুরুষের উপস্থিত দেখা যায়। চারতলার এই পরিত্যক্ত ভবনটি দেখা শুনা করে রুবেল নামে একব্যক্তি। ওই ভবনটি পতিতাদের ডেরা হিসেবে অনেকের কাছে পরিচিত। রুবেল এসব বিষয় গুলো দেখা শুনা করে এবং ভাড়া দিয়ে মাসিক ও দৈনিক টাকা আদায় করে বলে জানা গেছে।

অপরদিকে সুগন্ধা পয়েন্টের প্রবেশ মুখে একটি পুলিশ বক্স রয়েছে। পুলিশ বক্সের পিছনে রয়েছে দুটি ঝুপড়ি। ওই ঝুপড়িতে দেহ ব্যবসার অভিযোগ উঠেছে। শফি নামে একব্যক্তি ঝুপড়ি ঘর তৈরি করে। এরপর সেখানে যৌন ব্যবসার জন্য ভাড়া দেয়া হয়।

সুগন্ধা পয়েন্টের কয়েকজন ব্যবসায়ী বলেন- হোটেল কক্স ঢুডে এর আশপাশে কয়েকটি পরিত্যক্ত ভবন রয়েছে। এসব ভবনের ভিতরে চলে পতিতাদের দেহ ব্যবসা। নিয়মিত চলে মাদক বিক্রি ও সেবন। এসব ভবনে অনেক পর্যটক ও ব্যবসায়ীদের ধরে নিয়ে মারধরসহ মুক্তিপণ আদায়ের অনেক ঘটনা রয়েছে। হোটেল মোটেল জোন এলাকায় যারা চিহ্নিত অপরাধী ও মাদক কারবারি তারা এসব পরিত্যক্ত ভবন ও ঝুপড়ি গুলো ভাড়া দিয়ে ব্যবসা করে। এখনো অপরাধীদের নিয়ন্ত্রণে রয়েছে এসব পরিত্যক্ত ভবন ও ঝুপড়ি।

পরিত্যক্ত ভবনের ঝুপড়ি থাকা এক ব্যক্তি বলেন- বেশির ভাগ ঝুপড়িতে শ্রমিকরা থাকে। যারা সৈকত এলাকায় ব্যবসা করে এমন অনেকেই টিনের ঘর গুলো ভাড়া নিয়ে থাকে। তবে অনেক ঘরে মাদক কারবারিদের আড্ডা থাকে। প্রায় সময় কয়েকটি টিনের ঘরে গাঁজা ও ইয়াবা সেবন করা হয়।

এবিষয়ে মোরশেদ কামাল বলেন- একটি পরিত্যক্ত ভবন আমি দেখাশুনা করি এবং কয়েকটি রুম ভাড়া দিয়ে থাকি। এখানে কোন অপরাধ চলে না। ম্যাজিস্ট্রেট অভিযানে ভেঙে দেওয়ার পর কিভাবে ঘর গুলো আবার তৈরি করে ভাড়া দেওয়া হচ্ছে এমনে প্রশ্নে কোন উত্তর দিতে পারেনি মোরশেদ।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুদ রানা বলেন- পরিত্যক্ত ভবনে অপরাধের বিষয়টি আমি অবগত নয়। দ্রুত সময় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই অবৈধ ঝুপড়ি গুলো উচ্ছেদ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন