• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

কক্সবাজারে চারটি আসনেই ২৬ প্রার্থীর ভোটযুদ্ধ রোববার

জয়নাল উদ্দিন: / ১২১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারে কক্সবাজারের চার সংসদীয় আসনে মোট প্রার্থী ২৬ জন। প্রার্থীদের মধ্যে কক্সবাজার-১ (পেকুয়া-চকরিয়া) আসনে সাতজন, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে ছয়জন, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ছয়জন এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৪টি আসনে এবার মোট ভোটার ১৬ লাখ ৫৩ হাজার ৯৬০ জন। ১৬ লাখ ভোটারের মধ্যে অন্তত ৪ লাখ সংখ্যালঘু ভোটার রয়েছেন বলে জানা গেছে। এছাড়া ৪টি সংসদীয় আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ৫৫৬। কেন্দ্রগুলোতে কক্ষ আছে ৩ হাজার ৫০৭টি। এর মধ্যে ৯০ শতাংশ ভোটকেন্দ্রকেই ‘ঝুঁকিপূর্ণ’ বা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এরমধ্যে কক্সবাজার-১ আসনে (চকরিয়া-পেকুয়া) মোট ভোটকেন্দ্র ১৫৮টি। ভোটার ৪ লাখ ৮৬ হাজার ২৫২ জন। এরমধ্যে পেকুয়া উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৪৪টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ২২টি। চকরিয়া উপজেলায় ভোটকেন্দ্র আছে ১১৪টি। এর মধ্যে ৯৬টি অতি ঝুঁকিপূর্ণ এবং ১৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চকরিয়া- পেকুয়া আসনে এবার নৌকার প্রার্থী না থাকলেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী (সভাপতি) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের হাতঘড়ি প্রতীকের পক্ষে মাঠে নেমেছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলমও ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন।

কক্সবাজার-২ আসনের (মহেশখালী ও কুতুবদিয়া) মহেশখালীতে ভোটকেন্দ্র রয়েছে ৮১টি। সব কটি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ উল্লেখ করে মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী। অন্যদিকে কুতুবদিয়া উপজেলার ৩৭টি কেন্দ্রের সব কটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আশেক উল্লাহ রফিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনএম প্রার্থী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শরীফ বাদশা।

কক্সবাজার-৩ আসনে (সদর, রামু ও ঈদগাঁও) মোট ভোটকেন্দ্র ১৬৭টি। এর মধ্যে রামুতে ৬৪টি, কক্সবাজার সদরে ৭৬টি ও ঈদগাঁওয়ে ৩৬টি। এর মধ্যে ৯০ শতাংশ ভোটকেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এই আসনে ভোটারসংখ্যা ৪ লাখ ৮৯ হাজার ৬১০।

কক্সবাজার-৪ আসনে (উখিয়া, টেকনাফ) ভোটকেন্দ্র রয়েছে ১০৪টি। এর মধ্যে টেকনাফে ৫৭টি এবং উখিয়াতে ৪৭টি। টেকনাফে ১৪টিকে অতি ঝুঁকিপূর্ণ এবং ৩৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ দাবি করে টেকনাফ মডেল থানার ওসি মো. ওসমান গণী বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রসমূহে কঠোর নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুুতি চলছে। উখিয়ার ৪৭টি কেন্দ্রের ৯০ শতাংশই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৬ হাজার ৯৭১ জন।

এ প্রসঙ্গে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ৫৫৬টি কেন্দ্রের সব কটিকে আমরা গুরুত্ব দিচ্ছি। শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে যা করা প্রয়োজন, আমরা তার প্রস্তুুতি নিচ্ছি। ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই কিংবা গোলযোগের সুযোগ কাউকে দেওয়া হবে না। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন