• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

রামুতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ : আহত ৭

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ৯৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

কক্সবাজার-৩ আসনের (সদর-রামু-ঈদগাঁও) রামু উপজেলায় নির্বাচনী প্রচারণাকালে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের কর্মী সমর্থকদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। জানা গেছে, হামলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের নেতৃত্ব দেন। এতে এক ইউপি চেয়ারম্যানসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

বুধবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালার মাদ্রাসা গেইট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইউপি চেয়ারম্যানের নাম কামাল সামশুদ্দিন আহমেদ প্রিন্স। তিনি রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

কামাল শামসুউদ্দিন আহমদ প্রিন্স বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা গেইটে আমিসহ অন্যান্যরা স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের প্রচারণা চালাচ্ছিলাম। এ সময় কয়েকটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে যান নৌকার প্রার্থী এমপি কমলের নেতৃত্বে বিপুল কর্মী। এমপি গাড়ি থেকে নেমে লাঠি হাতে এগিয়ে এসে মারধর শুরু করেন। স্থানীয়রা এগিয়ে এলে এমপি অস্ত্র হাতে আমাকে গুলি করার চেষ্টা করে। এসময় জনতা তার সামনে এসে দাঁড়িয়ে গেলে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ-বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এমপি কমল ছাড়াও ইমরান হোসেন ওরফে টোকাই ইমরান, খোকন, মোবারক হোসেন নামে আরও তিনজন গুলি ছোঁড়ে বলে দাবি এ জনপ্রতিনিধির। তিনি জানান, এ ঘটনায় এমপি কমলসহ জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুুতি চলছে।

ঘটনার বিষয়ে জানতে নৌকার প্রার্থী এমপি সাইমুম সরওয়ার কমলের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তবে, এমপি কমলের ব্যক্তিগত সহকারী রুস্তম আলী চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, এমপির প্রচারণা বহরে হামলা চালানো হয়েছে। এমপি ব্যস্ত, পরে কথা বলবেন।

রামু থানার ওসি মো. আবু তাহের দেওয়ান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি এখন শান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন