কক্সবাজার শহরের কলাতলী হোটেল সী-প্যালেসের বিপরীতে ‘জিনিয়া রিসোর্ট’। হোটেল-মোটেল জোনে জিনিয়া রিসোর্ট আলোচিত নাম। একই সাথে অঘোষিত টর্চাসেল হিসেবেও বেশি পরিচিত জিনিয়া রিসোর্ট। বর্তমানে বহুতল এই রিসোর্ট মাদক কারবারিদের ডেরা হিসেবে পরিণত হয়েছে। এক ডজনের বেশি চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক কারবারি জিনিয়া রিসোর্টকে ডেরা হিসেবে পরিণত করেছে। অনেক মাদক কারবারি ফ্ল্যাট ভাড়া এবং ফ্ল্যাট কিনে দীর্ঘদিন ধরে চালাচ্ছে মাদকের ব্যবসা।
সূত্রে জানা যায়, কলাতলী সৈকত পাড়া এলাকার আলোচিত মাদক কারবারি হিসেবে বেশ খ্যাতি রয়েছে জমিরের নাম। হোটেল মোটেল জোনের একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে বেশ পরিচিত জমির। এই জমিরের অবস্থান জিনিয়া রিসোর্টে। জিনিয়া রিসোর্টে কয়েকটা ফ্ল্যাট রয়েছে শহরের বাহারছড়া এলাকার বাপ্পি ও রামুর শাহজাহানের। তারা দু’জনের কয়েকটি ফ্ল্যাট কিনে নেন। এসব ফ্ল্যাট নাম মাত্র দেখাশুনা করেন সৈকতপাড়া এলাকার জমির। ফ্ল্যাট ভাড়া দেওয়ার আড়ালেই জমির গড়ে তুলছে মাদকের কারবার। জিনিয়া রিসোর্ট ছাড়াও পুরো সৈকত পাড়ার প্রায় হোটেলে ইয়াবা ও বিদেশি মদ সরবরাহ হিসেবে নাম রয়েছে জমিরের। শপিং ব্যাগে করে হোটেলে মদের বোতল পৌঁছে দেন জমির। দীর্ঘদিন ধরে মাদক বিক্রেতা হিসেবে এলাকার সবাই চিনেন জমিরকে। তার বিরুদ্ধে রয়েছে মাদকের মামলাও। পুরো জিনিয়া রিসোর্ট মাদকের ডিপো হিসেবে পরিণত করা হয়েছে। অনেক পর্যটকদের চাহিদা মোতাবেক মাদক সরবরাহ দেন জমির। এমনকি জমির থেকে ইয়াবা নিয়ে নিয়মিত সেবন করেন বাহারছড়ার বাপ্পি। জিনিয়া রিসোর্টের পার্কিংয়ে একটি স্টোর রুম রয়েছে। ওই স্টোর রুমে প্রতিনিয়ত ইয়াবা সেবনের আড্ডা দেন বাপ্পি। বাপ্পির সাথে ইয়াবা সেবনে যোগদেন বেশ কয়েকজন মাদক কারবারি।
অন্যদিকে জমির ও বাপ্পির মাদক কারবারির কিছুটা নিয়ন্ত্রণ করেন জিনিয়া রিসোর্টের সিকিউরিটি গার্ড ইছহাক। প্রায় ৭ মাস আগে জিনিয়া রিসোর্ট থেকে ইছহাককে ইয়াবাসহ আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম। ইয়াবাসহ আটকের পর দীর্ঘদিন কারাগারে ছিল ইছহাক। কারাগার থেকে বের হয়ে ফের জিনিয়া রিসোর্টে চাকরি করছে ইছহাক। জমির ও বাপ্পির হয়ে হোটেলে খুচরা ইয়াবা সরবরাহ দেন ইছহাক। তবে এসব ইয়াবার মূল যোগানদাতা হিসেবে রয়েছে জমির।
জিনিয়া রিসোর্টের কয়েকজন ভাড়াটিয়া জানান, কয়েকজনের কারণে হোটেলের বদনাম ছড়িয়েছে বহুবছর আগে থেকে। একটিকে টর্চাসেল হিসেবে চিনেন অনেকেই। এখন চিহ্নিত মাদক কারবারিদের অবস্থান এই হোটেলে। এক ডজনের অধিক মাদক কারবারি এখন এই হোটেলে ফ্ল্যাট নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব কিছুর নিয়ন্ত্রণে রয়েছে বাহারছড়া এলাকার বাপ্পির। জিনিয়া রিসোর্টের ‘বড় ভাই’ হিসেবে খ্যাতি পেয়েছে বাপ্পি। তার নিয়ন্ত্রণে রিসোর্টে চলে মাদক কারবার। তবে এসব মাদক ও পতিতা সরবরাহ দেন জমির। গত দুই বছরে ইয়াবা লেনদেন সংক্রান্ত বহু ঘটনার জন্ম হয় জিনিয়া রিসোর্টকে কেন্দ্র করে। অনেকজনকে বাপ্পির ফ্ল্যাটে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। আবার অনেকজনকে হোটেলের বাইরে নিয়ে মাদক সংক্রান্ত কারবারে নির্যাতন করে টাকা আদায়ের ঘটনাও ঘটে।
একটি সূত্রে জানা গেছে- জিনিয়া রিসোর্টে অপরাধী চক্রটি অবস্থান করছে বহু বছর ধরে। পর্যটকদের রুম ভাড়া দিয়ে তারা ফাঁদ পাতেন। কোন পর্যটক রুম ভাড়া নিলেই তাকে বিভিন্ন ধরনের মাদক ও মেয়ের প্রস্তাব দেওয়া হয় দারোয়ান ও জমিরের মাধ্যমে। কৌশলে তারা পর্যটকদের মেয়ে বা মাদক গ্রহণ করান। এরপর ওই পর্যটকের অবস্থান বুঝেই তারা মাদক বা নারী দিয়ে ব্ল্যাকমেইলের ফাঁদ পাতেন। এমন ঘটনা বহু ঘটছে ওই জিনিয়া রিসোর্টে। মান-সম্মানের ভয়ে এসব প্রকাশ না করেই চলে যান পর্যটকরা। বাপ্পির ফ্ল্যাটে এমন ঘটনা বহু ঘটেছে। জিনিয়া রিসোর্ট কেন্দ্রিক একটি মাদক কারবারির সিন্ডিকেট রয়েছে। ওই সিন্ডিকেটে ১০ জনের অধিক সদস্য রয়েছে। যারা নিয়মিত গভীর রাত পর্যন্ত জিনিয়ার সামনে এবং জিনিয়ার ভিতরে নিয়মিত আড্ডা জমান।
সকল অভিযোগ অস্বীকার করে কলাতলী সৈকত পাড়া এলাকার জমির বলেন- এসব মাদক কারবারে আমি জড়িত নেই। আমি বাপ্পি ও শাহজাহান ভাইয়ের ফ্ল্যাটে চাকরি করি। আমার নামে একটি মাদকের মামলা ছিল, সেটিও খালাস পেয়েছি।
ফ্ল্যাটের ভাড়াটিয়া দাবীদার বাহারছড়ার বাপ্পিও তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেন।
এবিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন- আমরা প্রায় সময় মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে হোটেল মোটেল জোনে অভিযান করে থাকি। এতে অনেক অপরাধীকে গ্রেপ্তারও করা হয়। জিনিয়া রিসোর্টের বিষয়টি নজরে এনে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এছাড়া কেউ যদি অভিযোগ দেয় তাহলে বিষয়টি আরো খতিয়ে দেখা হবে। এসব অপরাধ এবং অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত কাজ করছে জেলা পুলিশ।