• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

কক্সবাজারে ইয়াবা কারবারি শাহজাহান আনসারী ও স্ত্রীর নামে দুদকের মামলা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ২৫৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

কক্সবাজারের আলোচিত ও আত্মস্বীকৃত ইয়াবা কারবারি শাহজাহান আনসারী ও তাঁর স্ত্রী জিগারুননেছা জিনিয়ার নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে রোববার রাতে নিজ কার্যালয়ে এ মামলা করেন।

এর আগে ২০ ডিসেম্বর তাদের বিরুদ্ধে দুদক আইনে এজাহার দায়েরের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং মামলার পর এজাহারকারী কর্মকর্তা বাদে অন্য কর্মকর্তাকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়ে এজাহারের কপি, তদন্তকারী ও তদারককারী কর্মকর্তা নিয়োগের পত্র পাঠানোর জন্য কক্সবাজার কার্যালয়ের উপপরিচালককে নির্দেশ দেয় কমিশন।

মামলার তথ্য নিশ্চিত করে দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন, শাহজাহান ও তাঁর স্ত্রী জিগারুননেছার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। এর মধ্যে শাহজাহানকে উভয় মামলায় আসামি করা হলেও তাঁর স্ত্রীকে একটিতে অভিযুক্ত করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, দুদকের অনুসন্ধানকালে সংগৃহীত নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, শাহজাহানের মোট সম্পদ ৩ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ১৫৭ টাকা। এর মধ্যে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ২ কোটি ৯৪ লাখ ১২ হাজার ৪৮০ টাকা। পাশাপাশি স্ত্রী জিগারুননেছার মোট সম্পদ ৮৮ লাখ ১০ হাজার ৮৯০ টাকা। এর মধ্যে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ ৮৫ লাখ ১৫ হাজার ৬২৫ টাকার।

২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে আত্মসমর্পণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ও আত্মস্বীকৃত ১০২ ইয়াবা কারবারি। তাদের মধ্যে অন্যতম শাহজাহান আনসারী। এর পরই শাহজাহান ও তাঁর পারিবারিক সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন