কক্সবাজার শহরে ছিনতাই এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। শুধু রাতেই নয় দিনের আলোতেও সমান তালে ছিনতাই করে যাচ্ছে তারা। ছিনতাইয়ে ধারালো অস্ত্রের পাশাপাশি বেড়েছে আগ্নেয়াস্ত্রের ব্যবহার। পুরো শহরে রাস্তার ম্যাপ নিয়ে অর্ধ শতাধিক ছিনতাইকারী দাপিয়ে বেড়াচ্ছে। এরমধ্যে রয়েছে জুনিয়র গ্রুপে ছিনতাইয়ের শীর্ষ রয়েছে ১২ জন। অধিকাংশেই তালিকাভুক্ত ও জেল ফেরত আসামী। অনেকেই আবার পুলিশের খাতায় পলাতক।
একাধিক তথ্যে জানা যায়- প্রধান সড়ক তারাবনিয়ারছড়া থেকে খুরুশকুল রাস্তার মাথা পর্যন্ত নিয়ন্ত্রণ রয়েছে শুভ নামে এক ছিনতাইকারীর। এই সড়কে তার গ্রুপে প্রায় ১০ জন সদস্য সক্রিয়। ছিনতাই ছাড়াও তারা টমটম থেকে নিয়মিত আদায় করে চাঁদাও। মামলা মাথায় নিয়ে শৈবাল পয়েন্টে ছিনতাইয়ে সক্রিয় অভি। শৈবাল পয়েন্টে তার বাড়িও।
১৮টির অধিক মামলা নিয়ে শহরের বাজার ঘাটা ও সুগন্ধা পয়েন্টে ত্রাস চালায় পিটিস্কুল এলাকার শুক্কুর। ভয়ঙ্কর ছিনতাইকারী হিসেবে বেশ খ্যাতি শুক্কুরের। আলোচিত ছিনতাইকারী বুলেটের ছোট ভাই এই শুক্কুর। ইতিমধ্যে বেশ কয়েকবার আটকও হয়েছিল শুক্কুর। বিজিবি ক্যাম্প এলাকায় যাত্রী টার্গেট করে ছিনতাই করেন খুরুশকুলের বাবু। শুক্কুর গ্রুপের অন্যতম সদস্য হিসেবে পরিচিত বাবু।
বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের টার্গেট করেন খরুলিয়ার রাজ্জাক। ছিনতাইয়ের ঘটনায় বর্তমানে কারাগারে রাজ্জাক। পুলিশের তালিকায় শীর্ষ ছিনতাইকারী লারপাড়া এলাকার খাইরুল আমিনের বোন বিয়ে করেন রাজ্জাক। ছিনতাইয়ের মাধ্যমে খাইরুল ও রাজ্জাকের সর্ম্পক হয় প্রথমে। গ্রুপ লিডার খাইরুল আমিনের টার্গেট শহরের সার্কিট হাউজ রোড। কলাতলী এলাকায় বিচরণ রয়েছে আলমগীরের। ছিনতাইকালে একবার আটকও হয়েছিল আলমগীর। কটেজ জোন ও সাংস্কৃতিক কেন্দ্রের পাশে দখল রয়েছে তালিকাভুক্ত ছিনতাইকারী নুরুল ইসলাম নাহিদের। শুক্কুর গ্রুপ থেকে আলাদা হয়ে নিজেই গ্রুপ লিডার বনে যান সমিতি পাড়া এলাকার সোহেল। সম্প্রতি ডাকাতি প্রস্তুতির ঘটনায় আটক হন সোহেল।
মামলা থাকার পরও হোটেল জোনে ছিনতাইয়ে সক্রিয় রয়েছে লিংকরোড এলাকার জাবেদ। হোটেল সী-পালে আস্তানাও গেড়েছে ছিনতাইয়ের লিডার জাবেদ। কলাতলী বাইপাস সড়কে সক্রিয় রয়েছে শুক্কুর গ্রুপের সদস্য তারেক। তার বিরুদ্ধেও রয়েছে কয়েকটি মামলা। দুই বছর ধরে বিজিবি ক্যাম্প থেকে বাস টার্মিনাল পর্যন্ত বিস্তার রয়েছে ছিনতাইকারী সাইমনের। বাস টার্মিনার ও বাইপাস সড়কে ছিনতাইয়ে নেতৃত্ব দেন লারপাড়া এলাকার রিয়াদ।
পর্যটন ব্যবসায়ীরা জানান- কলাতলী হোটেল মোটেল জোনে উৎপেতে থাকে এসব অপরাধীরা। গভীররাত থেকে ভোর পর্যন্ত এদের বিচরণ। কয়েকদিন পরপরেই পর্যটন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী যদি সাদা পোশাকে অবস্থান করে তাহলে এসব অপরাধীদের সহজে ধরতে পারবে হোটেল জোন থেকে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, কক্সবাজার অন্য জেলা শহর থেকে ভিন্ন। এখানকার অপরাধের ধরণ ও অপরাধীদের বিচরণও অন্য রকম। অধিকাংশ ছিনতাইকারী আইনের চোখে অপ্রাপ্ত বয়স্ক। তবুও আমরা তাদের গ্রেপ্তার করি, আদালতে পাঠাই। তারা জামিনে বেরিয়ে আসে। ফের ছিনতাই শুরু করে। শহরকে অপরাধমুক্ত করতে হলে পুলিশের পাশাপাশি সরকারি ও বেসরকারি সংস্থা, ব্যবসায়ীসহ অভিভাবকদের সচেতন হওয়া জরুরি।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন- শহরে কয়েকটি অপরাধী গ্রুপ রয়েছে। এরমধ্যে ছোট ছোট গ্রুপও আছে। তারা পর্যটকদের চোরাগুপ্তা বা সুযোগ বুঝে হামলা চালিয়ে লুট করে। বিভিন্ন হোটেলেও তারা আত্মগোপনে থাকে। এসব শনাক্ত করা হচ্ছে। একই সাথে যারা ধরাছোঁয়ারা বাইরে দ্রুত সময়ে তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন- সম্প্রতি সময়ে কলাতলীতে এক বিদেশি পর্যটককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। বাবু গ্রুপের ৬ জন সদস্য এই হামলা চালায়। অভিযান চালিয়ে গ্রুপ প্রধান বাবুসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।