• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

কক্সবাজারে রেল : পর্যটনসহ সামগ্রিক অর্থনীতিতে সুবাতাস

আরফাতুল মজিদ: / ৯৪ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

পর্যটননগরী কক্সবাজারকে ঘিরে চলছে সরকারের ১৯১টি উন্নয়ন প্রকল্পের কাজ। যার মধ্যে দোহাজারি-কক্সবাজার রেললাইন অবকাঠামো উন্নয়ন পর্যটন অর্থনীতিতে সুবাতাস বয়ে আনার পাশাপাশি বহুমাত্রিক অর্থনৈতিক কর্মকান্ডের সূচনা করবে।

কক্সবাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, এখন বছরজুড়েই কক্সবাজারে পর্যটকেরা আসেন। তবে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পর্যটকের আগমন বেশি। রেলের মতো নিরাপদ বাহন চালু হলে মৌসুমের বাইরেও পর্যটক বাড়বে। পর্যটক যতোই বাড়বে, ততোই বেচাকেনা বাড়বে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি পণ্যের বিক্রি বাড়বে। লেনদেনও বাড়বে।

কক্সবাজার কলাতলী উত্তর আদর্শগ্রাম সমাজ কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, বীচের কাছে আমার হোটেলের ব্যবসা রয়েছে। এখানে ১০ বছর ধরে ব্যবসা করছি। রেলস্টেশন পুরো দমে চালু হলে মানুষ সহজে ট্রেনে আসতে পারবে। এখানে ব্যবসা বাণিজ্য বাড়বে। আমরা অনেক উপকৃত হবো। ১১ নভেম্বর প্রধানমন্ত্রী আইকনিক কক্সবাজার রেল স্টেশন উদ্বোধন করবেন। সরকার আমাদের জন্য এই কাজটি করেছে- এতে আমরা খুশি।

রেল যুগের নতুন দিগন্তের বিষয়ে জানতে চাইলে সৈকত পাড়েই ঝিনুক দোকানদার মো. সোহেল বলেন, সব মিলিয়ে আগের চেয়ে বেশি মানুষ কক্সবাজারে আসবে। এতে সুবিধা হবে সকলের।

কক্সবাজার হোটেল গ্র্যান্ড স্যান্ডি এর চেয়ারম্যান আব্দুর রহমান বলেন- কক্সবাজার আসতে এখন পর্যটকদের প্রধান ভরসা সড়কপথ। আকাশপথে আসা পর্যটকের সংখ্যা সীমিত। পর্যটন অর্থনীতি চাঙা থাকে মূলত শুষ্ক মৌসুমে। রেল চালু হলে সারা বছর পর্যটক পাওয়ার আশা করছেন হোটেল-মোটেলের উদ্যোক্তারা।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, এই রেলপথ দেশের জন্য একটি মাইলফলক। প্রথমবার রেল নেটওয়ার্কে কক্সবাজারের অন্তর্ভুক্তি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে। পর্যটন খাতে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি আরও সহজ হবে পণ্য পরিবহন। পর্যটনের পর কক্সবাজারের অর্থনৈতিক কর্মকান্ডের কয়েকটি খাত হলো- লবণ, কৃষিপণ্য, মৎস্য ও শুঁটকি। এসব পণ্য কম খরচে আনা-নেওয়ার সুযোগ তৈরি হবে। কৃষিপণ্য সহজে আনা-নেওয়ার সুবিধা থাকলে কৃষকেরও দাম পাওয়ার সম্ভাবনা থাকে। টেকনাফ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যেও কিছুটা গতি আনতে পারে নতুন রেললাইন।

তিনি আরও বলেন- ১১ নভেম্বর রেল উদ্বোধনের পর যখন যাত্রী সেবা চালু হবে তখন কক্সবাজারের সঙ্গে সারা দেশের বহুমুখী যোগাযোগের নতুন ক্ষেত্র তৈরি হবে। এ জন্য কক্সবাজারকে স্মার্ট সিটিতে পরিণত করতে হবে। এখনকার নোংরা, অপরিচ্ছন্ন অবস্থা দূর করে সুন্দর শহর তৈরিতে মনোযোগ দিতে হবে।

কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম বলেন, কক্সবাজার একটি বিকাশমান জেলা শহর। ঢাকা ঢু কক্সবাজার সরাসরি ট্রেন চলাচল শুরু হলে কক্সবাজারে আরও বেশি দেশি-বিদেশি পর্যটকের আগমন হবে। পাশাপাশি বহুমাত্রিক উন্নয়নের দ্বার উন্মোচিত হবে। এতে অর্থনীতির আমূল পরিবর্তন আসবে বলে আশা করি।

কক্সবাজার সদর-রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমল বলেন, শতাব্দীকালের দাবী দোহাজারী কক্সবাজার রেল যোগাযোগ এখন স্বপ্ন নয়, বাস্তব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় রেল এলো কক্সবাজারে। ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই কক্সবাজার এসে উদ্বোধন করবেন আইকনিক রেল স্টেশন।

তিনি বলেন, চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন চালুর পর অবশ্যই কক্সবাজারের পর্যটনসহ সামগ্রিক অর্থনীতিতে পরিবর্তন আসবে। ট্রেনে পর্যটক যাতায়াত সহজ হবে। কম সময়ে এবং কম খরচে কৃষিপণ্য, মাছ, লবণ সহজে পরিবহন করা যাবে।

কক্সবাজার জেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন- আর একটি স্বপ্নপূরণের ক্ষণগণনা করছেন সমুদ্র শহর কক্সবাজারবাসী। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে তাদের। আজ শনিবার (১১ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেল লাইন ও নান্দনিক আইকনিক রেলস্টেশন। উদ্বোধনের পর নতুন এ সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেলপথ ধরে ঢাকা থেকে সরাসরি চট্টগ্রামের দোহাজারী ও রামু হয়ে কক্সবাজার যাওয়া যাবে।

আওয়ামীলীগের এই নেতা বলেন- কক্সবাজারে রেলওয়ে হওয়ার ফলে আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে। এটি কক্সবাজারবাসীর জন্যে আলাদা সুবিধা তৈরি করবে। সবাই খুব খুশি। রেলপথ হচ্ছে, পর্যটক বেশি আসবে। ব্যবসা বাণিজ্য বাড়বে। এজন্যে কক্সবাজারবাসী হিসাবে সবাই সরকারকে ধন্যবাদ দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন