• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

বদলে যাওয়া কক্সবাজারে আজ আসছেন শেখ হাসিনা

জয়নাল উদ্দিন: / ৯৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

আজ শনিবার কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আসা প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পর্যটন শহর এখন উৎসবমুখর। নিশ্চিত করা হয়েছে বিভিন্ন স্তরের নিরাপত্তা।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ইতোমধ্যে সব প্রস্তুুতি শেষ করেছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী শনিবার কক্সবাজার পৌঁছার পর বেলা ১১ টায় যাবেন কক্সবাজারের ঝিলংজাস্থ ঝিনুক আদলে তৈরি আইকনিক রেল স্টেশনে। যেখানে এক সুধি সমাবেশ শেষে উদ্বোধন করবেন রেল লাইন। ট্রেনে করে ঘুরে দেখবেন রেল লাইনের কিছু অংশ। যেখান থেকে তিনি যাবেন মহেশখালী উপজেলার মাতারবাড়িতে। সেখানে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘীরে কক্সবাজার পুরো জেলা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। তোরণ, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে মাতারবাড়ির জনসভাস্থল, আইকনিক রেল স্টেশনসহ জেলার গুরুত্বপূর্ণ এলাকা। জেলা জুড়ে অতিরিক্ত সর্তকতামুলক ব্যবস্থা, বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল ও অবস্থান দেখা গেছে।

কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে- আজ শনিবার সকালে কক্সবাজার আইকনিক রেলস্টেশন চত্বুরে দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের রেল চলাচলের উদ্বোধন, সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর কক্সবাজার আইকনিক রেল স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকেট কাটবেন এবং পতাকা উড়াবেন ও হুইসেল বাজাবেন। তারপর প্রধানমন্ত্রী রেল চড়ে রামু পর্যন্ত রেল ভ্রমন করবেন। এরপর রামু থেকে হেলিকপ্টার যোগে মহেশখালী উপজেলার মাতারবাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেলের উদ্বোধন এবং ১ম টার্মিনালের ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতারবাড়ি টাউনশিপ মাঠে মহেশখালী উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় ভাষন দেবেন এবং মাতারবাড়ি ১২শ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক তাপ বিদুৎ কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন বলে জানা গেছে।

এদিকে জনসভাস্থলে নির্মান করা হয়েছে ৮০ ফুট দৈর্ঘ্যের নৌকার আদলে মঞ্চ, যেখানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা পরিনত হবে জনসমুদ্রে এমনই বলছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রেজাউল করিম বলেন, জনসভায় ৫ লাখ জনসমাগমের প্রস্তুুতি চলছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসব শুরু হয়েছে। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে এ জনসভা খুবই গুরুত্বপূর্ণ।

কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ নেতা মো.মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, মহেশখালীর মাতারবাড়ির জনসভায় জেলার ৯ উপজেলার নেতাকর্মীদের ওয়ার্ড পর্যায়ে সর্বাত্মক প্রস্তুুতি নেওয়ার জন্য বলা হয়েছে। এরই প্রেক্ষিতে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে।

মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক বলেন, প্রধানমন্ত্রী দেশের বড় বড় প্রকল্পগুলো মাতারবাড়িতে বাস্তবায়ন করছেন বলে আমরা সৌভাগ্যবান। এই উপহারের জন্য দ্বীপ উপজেলা মহেশখালী ও কুতুবদিয়ার মানুষ প্রধানমন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ। তাই কৃতজ্ঞতাস্বরূপ আজ শনিবার ১১ নভেম্বর প্রধানমন্ত্রীর জনসভায় দুই দ্বীপ উপজেলার অন্তত ৩ লাখ মানুষ ছাড়াও পার্শ্ববর্তী উপজেলাগুলো থেকে হাজার হাজার মানুষ যোগ দেবেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর আগমনের প্রচার শহর থেকে শুরু করে মহল্লা পর্যন্ত করা হয়েছে। এই জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম হবে। পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। আশা করছি, সুন্দরভাবে উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হবে।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে দলের তৃণমূল পর্যায়ে বর্ধিত সভা করে সকল স্তরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুুতি। চলছে স্বাগত মিছিল, মাইকিং ও প্রচারণা। আশা করা হচ্ছে- সমাবেশে স্মরণকালের সবচেয়ে বেশি মানুষের সমাগম ঘটবে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কক্সবাজারে সকল প্রকার বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ শাহিন ইমরান।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকল প্রস্তুুতি শেষ। রেল স্টেশন ও মাতারবাড়ি সভাস্থলসহ সব কিছু সাজানো শেষ হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।

এবারসহ গেলো ১৫ বছরের ১৩ বার কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বশেষ ২০২২ সালের ৭ ডিসেম্বর কক্সবাজার এসেছিলেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রয়াসে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে কক্সবাজার বদলে গেছে। জনসভা শেষে বিকেলে ঢাকায় ফিরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন