বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলে আশা করছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে চীন। আশাবাদী বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে কিছু রোহিঙ্গাকে পাইলট প্রকল্পের মাধ্যমে মিয়ানমারের রাখাইনে পাঠানোর মাধ্যমে প্রত্যাবাসন শুরু হবে।
শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে চীন দূতাবাস কর্তৃক প্রদত্ত মেডিকেল যন্ত্রপাতি হন্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নির্বাচন কোনো শর্ত নয়। আমরা একসঙ্গে কাজ করছি। যখনই পরিস্থিতি বা অবস্থা ঠিক হবে, তখনই তারা ফিরে যেতে পারে। এটা নির্বাচনের আগে হতে পারে বা নির্বাচনের পরেও চলবে। আমরা প্রত্যাবাসনের খুব কাছাকাছি কিন্তু তবুও কিছু চেষ্টার প্রয়োজন এবং আমরা এটির জন্য কাজ করছি।
ইয়াও ওয়েন বলেন, শুধু বাংলাদেশ ও মিয়ানমার নয়; আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখানে এক হয়ে কাজ করা। কিছু মানুষ বলছে, মিয়ানমারের পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য উপযুক্ত নয়। কিন্তু এই রোহিঙ্গারা কখনও বাংলাদেশে বসবাস করতে পারে না। আমাদের একটা সমাধান বের করা দরকার, যাতে তারা ফিরে যেতে পারে।
চীন দূতাবাসের পক্ষ থেকে কক্সবাজার সদর হাসপাতালে ১০টি মেডিকেল যন্ত্রপাতি হন্তান্তর করা হয়। এর আগে বেলা ১২টার দিকে ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জেলা সদর হাসপাতালে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো, আরএমও ডা. মো. আশিকুর রহমান ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী। মেডিকেল যন্ত্রপাতি হন্তান্তর শেষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন হাসপাতালের ওয়ার্ড ও চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন।
এর আগে বেলা ১১টায় রোহিঙ্গাদের জন্য আইএফআরসিকেও সাত ধরনের সরঞ্জাম হন্তান্তর করেন ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।