কক্সবাজারের বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানি ও দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী নাগরিকদের সরাসরি অভিযোগ শুনবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ শুনানিতে সেবা প্রদানকারী সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহন করবে। দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজার কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণশুনানি। বুধবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে কক্সবাজার পাবলিক হলের শহিদ সুভাষ হলে শুরু হবে এই গণশুনানি। এতে প্রধান অতিথি থাকবেন দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
কক্সবাজার জেলা সদরে অবস্থিত যে কোনো সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আর্থিক প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি হলে বা হয়রানি হলে গণশুনানিতে অভিযোগ করা যাবে বলে দুদক কক্সবাজার অফিস সূত্রে জানা গেছে। এছাড়াও ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাত, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচারের অভিযোগ থাকলে তা উত্থাপন করা যাবে।
সেক্ষেত্রে আহ মঙ্গলবারের (১০ অক্টোবর) মধ্যে নিম্নে দেয়া মোবাইল নম্বর যথাক্রমে ০১৮১৮২৪৫৮৯৬, ০১৫১৬৩৭৩৭৭২, ০১৫১৮৪৮৮৮২৪, ০১৮৩৭৯২৩৫৫৪, ০১৭৩৭৪৮১৩৩০ গুলোতে যোগাযোগ করে অভিযোগ জমা দিতে হবে। এছাড়াও একই সময়ের মধ্যে দুদক কক্সবাজার কার্যালয়ে বা কক্সবাজার শহরে অস্থায়ীভাবে স্থাপিত অভিযোগ গ্রহন বুথে জমা দিতে হবে। কক্সবাজারের দুদক কার্যালয়ের কার্যক্রম শুরু করার পর এটাই প্রথম গণশুনানি।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের উপপরিচালক মো. মনিরুল ইসলাম বলেন- গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুদ্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ সদরের সকল সরকারি অফিস প্রধানদের উপস্থিতিতে দুদকের উর্ধ্বতন কর্মকর্তাগণের সামনে তুলে ধরা হবে। একই সাথে সেবা বঞ্চিত নাগরিকদের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিন্ধান্ত গ্রহণ করা হবে। সরকারি সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই গণশুনানির মূল লক্ষ্য।
উপপরিচালক মো. মনিরুল ইসলাম বলেন- কক্সবাজার জেলা সদরে গণশুনানির বিষয়ে ব্যাপক সাড়া পড়েছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় সপ্তাহ ব্যাপী মাইকিং, ব্যানার স্থাপন, পোস্টার ও লিফলেট বিতরণ এবং বিভিন্ন স্থানে বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহে দুদকের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়েছে। তবে মঙ্গলবার (১০ অক্টোবর) অভিযোগ জমাদানের শেষ সময়।