কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া এলাকায় আমজাদ হোসেন খোকা (৩২) নামে একব্যক্তিকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। ছুরিকাঘাত খোকাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে নুনিয়াছড়া ক্ষুদ্র সমিতির সামনে এই ঘটনা। খোকা একই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে এবং কক্সবাজার-টেকনাফ রুটে কর্ণফুলী জাহাজে কক্সবাজারস্থ সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করে আসছে। ঘটনায় আহত রয়েছে খোকার ছোট ভাই রাহিদুল হক সাগরও (১৯)। ঘটনার খরব পেয়ে পুলিশের একটি টিম পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে- শনিবার রাত ৯ টার দিকে রাহিদুল হক সাগরকে নুনিয়াছড়া রাস্তায় গাড়ি নিয়ে ধাক্কায় দেয় টমটম চালক কামাল। টমটমের ধাক্কায় সাগর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হন। ধাক্কা দেওয়ার পর উল্টো সাগরের সাথে তর্ক শুরু করে কামাল। এসময় দুজনের মাঝে হাতাহাতির ঘটনাও ঘটে। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয়ভাবে সমাধানও করা হয়।
আমজাদ হোসেন খোকার ছোট ভাই ছৈয়দ হোসেন বলেন- ঘটনাটি তাৎক্ষণিকভাবে স্থানীয় পর্যায়ে সমাধান করা হয়। কিন্তু সমাধানের পরপরেই আবার তর্ক শুরু করে টমটম চালক কামাল, কামালের স্ত্রী রানু ও কামালের স্বজন শাহানু, জুমুর, পেটান, রনি ও হাবিয়াসহ একদল দুর্বৃত্ত। এসময় কিছু বুঝে উঠার আগেই শাহানু বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে খোকার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে তার শরীরের কয়েকটি জখম হয়। পরে এলাকার লোকজন খোকাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভর্তি করান। বর্তমানে হাসপাতালের ৫ম তলায় চিকিৎসাধীন রয়েছে আমজাদ হোসেন খোকা।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজ বলেন- ওসি স্যার আমাকে অবগত করেছে হাসপাতালে গিয়ে বিষয়টি দেখতে। হাসপাতালে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। আমজাদ নামে একব্যক্তিকে প্রতিপক্ষ লোকজন ছুরিকাঘাত করেছে। তার শরীরে কয়েকটি জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। বিষয়টি ওসি স্যারকে জানানো হয়েছে।