কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ করে নিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের তিন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার শিশু মো. রায়হান ক্যাম্প-১৬ এ/১ ব্লকের আবু জাফরের ছেলে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- টেকনাফের মোছনী রেজিস্টার্ড ক্যাম্প-২৬ এর সি ব্লকের সাদেক হোসাইন ও তার বোন রোকসানা এবং একই ক্যাম্পের আমির ফয়সাল। তাদের মধ্যে অপহরণ চক্রের হোতা সাদেক হোসেন জামতলি বাজারের জহুর আলমের বাসায় ভাড়া থাকতেন।
রবিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল।
তিনি বলেন, গত ৩০ আগস্ট সকাল ১১টার দিকে অপহরণ চক্রের হোতা সাদেক ও ফয়সাল রোহিঙ্গা ক্যাম্প-১৬ থেকে ৪ বছরের এক শিশুকে ২০ টাকার লোভ দেখিয়ে অপহরণ করে টেকনাফের মোছনী রেজিস্টার্ড ক্যাম্পের পেছনে দুর্গম পাহাড়ে নিয়ে যায়। পরবর্তীতে শিশুটির ওপর নির্যাতন চালিয়ে তার বাবা-মাকে কান্নার শব্দ শুনিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে শিশুটিকে মেরে ফেলার হুমকিও দেয় তারা। এ অবস্থায় কোনো উপায় না পেয়ে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুর মা রেহেনা বেগম।
এরপর তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের গ্রেপ্তারের উদ্দেশে উখিয়া ও টেকনাফ থানার চৌকস আভিযানিক দল দুর্গম পাহাড়ে অভিযান চালায়। দিনের বেলা ড্রোনের মাধ্যমে পাহাড়ের ওপর থেকে অনুসন্ধান চালিয়ে দুর্বৃত্তদের অবস্থান চিহ্নিত করা হয়। আজ ভোরে অভিযান পরিচালনা করে ঘটনার মূল পরিকল্পনাকারী সাদেককে জামতলী থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, চক্রের আরেক সদস্য তার বোন রোকসানার কাছ থেকে রায়হানকে উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’