কক্সবাজারের টেকনাফে ক্রিস্টাল মেথ (আইস) পাচার মামলায় এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৯ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন টেকনাফ হ্নীলা জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দুল ইসলাম। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী অ্যাডভোকেট দীলিপ কুমার ধর বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথির বরাতে তিনি বলেন, ২০২২ সালের ১৯ মে রাতে টেকনাফের জোড়া বিএসপি খাল থেকে মাদকের বড় চালান পাচারের খবর পায় বিজিবি। এ সময় অভিযান চালিয়ে সৈয়দুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশি করে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা হলে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে শুনানি শেষে আজ তাকে এ কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।