• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে রোহিঙ্গা যুবক নিহত

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১১৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে নিহত হয়েছেন এক রোহিঙ্গা যুবক। মঙ্গলবার (১৩ জুন) ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ-৩২ ব্লকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম।

নিহত বশির উল্লাহ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ-৩২ ব্লকের বাসিন্দা মৃত ফজু মিয়ার ছেলে। নিহত ব্যক্তি বিবদমান কোনো গ্রুপের সদস্য কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলি ঘটে। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরস্থ আইওএম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার কারণ নিশ্চিত এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন