• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

কক্সবাজারে সড়ক বিভাগের জমিতে ভূমিদস্যু ইলিয়াসের জমিদারি

সিরাজুল ইসলাম: / ৮০৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

একে একে নির্মাণ করা হয়েছে ছোট-বড় ২৫ টি দোকান। এসব দোকান ভাড়া বাবদ এককালীন নেয়া হয়েছে আনুমানিক অর্ধকোটি টাকা। প্রতি মাসে ভাড়া বাবদ আদায় করা হচ্ছে দুই লাখ টাকা করে।

সড়ক ও জনপথ বিভাগের জমি অবৈধভাবে দখল করে এভাবে সাম্রাজ্য গড়ে তুলেছেন বহুল আলোচিত ভূমিদস্যু ইলিয়াস সওদাগর নামের এক ব্যক্তি। গত ৫/৬ মাসে কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের খোদ সড়ক বিভাগের পরিদর্শন বাংলোর সামনে থেকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট প্রকল্পের সীমানা পর্যন্ত এলাকায় প্রকাশ্যে সড়ক বিভাগের জমিতে এভাবে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ভূমিগ্রাসী চক্র।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে সড়ক বিভাগ ও সরকারি পাহাড় শ্রেণীর জমিতে ইলিয়াছ সওদাগর বহু স্থাপনা গড়ে তোলেছেন। এমনকি সড়কের জমিতে দ্বিতীয় তলা স্থাপনাসহ ২৫ টি দোকান গড়ে তুলেছেন।

কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা না নেয়ায় আশপাশের লোকজন প্রতিযোগিতা দিয়ে সেখানে অবৈধ স্থাপনা গড়ে তুলছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কলাতলী বাইপাস সড়কের “সড়ক পরিদর্শন বাংলোর” সামনে দীর্ঘদিন ধরে প্রতিযোগিতা দিয়ে দখল হচ্ছে সওজের কোটি টাকা মূল্যের জমি। সড়ক বিভাগের পক্ষ থেকে এসব জমি অবৈধ দখল এবং দখল করে তাতে অসামাজিক কার্যকলাপ হচ্ছে মর্মে প্রমান পাওয়া যায়।

এসব বিষয়ে জেলা প্রশাসক সহ বিভিন্ন দফতরে চিঠি চালাচালি করছে সড়ক বিভাগ। কিন্তু দীর্ঘদিনেও তা উচ্ছেদ করা হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইলিয়াস সওদাগর বলেন, ‘এসব আমার ব্যক্তি মালিকানাধীন খতিয়ানি জমি। সেখানে সড়ক বিভাগের কিছু নেই।’

জানতে চাইলে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী ক্যাভেল চাকমা বলেন, ‘অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করে একাধিকবার লাল দাগ দেয়া হয়েছে। এছাড়া দখল বন্ধে নিয়মিত নজরদারি করা হয়। কিন্তু আমাদের চোখ ফাঁকি দিয়ে দখলদাররা অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে।’

দৃষ্টি আকর্ষণ করা হলে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহে আরেফীন বলেন, ‘সওজের জমিতে বিশেষ করে সরকারি ছুটি এবং রাতের আঁধারে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়। অবৈধ স্থাপনার তালিকা করা হয়েছে, দ্রুত এসব উচ্ছেদ করে দেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন