কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের দুই গ্রুপের গোলাগুলিতে দুই শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ বলছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটেছে। সোমবার (৮ মে) দুপুর আড়াইটার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরে এ গোলাগুলি হয়।
গুলিবিদ্ধরা হলো, উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১৯ ব্লকের মোহাম্মদ করিমের সাত বছর বয়সি ছেলে ওমর ফারুক, একই ব্লকের মোহাম্মদ জামালের ছয় বছর বয়সি ছেলে জসিম ও মো. ইউনুসের ছেলে কলিম উল্লাহ।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন ৮-এর অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, গোলাগুলি হয়েছে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে। খবর পেয়ে এপিবিএনের একটি দল ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এতে দুই শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের উখিয়ার কুতুপালং-সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছৈয়দ হারুনুর রশীদ বলেন, ’সন্ত্রাসীদের ধরতে ক্যাম্পে সাঁড়াশি অভিযান চলছে। ক্যাম্পের সার্বিক পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।’