• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

কক্সবাজারে ভুয়া কাজী রমিজ কামাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ১৮৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
রমিজ কামাল।

নিজস্ব প্রতিবেদক :
কাজী পরিচয়ে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর থানা-পুলিশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে গত বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে শহরের লাল দীঘিরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম রমিজ কামাল (২৭)। তিনি টেকনাফের হোয়াইক্যং ওরি আমগাছ তলা এলাকার আক্তার কামাল নুরীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন ও আশেপাশের বিভিন্ন এলাকায় সরকারের অনুমোদন ছাড়াই বিবাহ নিবন্ধনের নকল বালাম বই ও সীল তৈরি করে বাল্যবিবাহসহ নিকাহ নিবন্ধন করে আসছিলেন এই ভুয়া কাজী রমিজ। এছাড়াও তিনি বিভিন্ন আবাসিক হোটেল ও বাসা বাড়িতে গিয়ে গোপন বিয়ে পড়িয়ে আসছিলেন।

স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তার রমিজ কামাল কাজী পরিচয় ও ঘটকালি করে বিয়ে ঠিক করার কথা বলে শত শত পরিবারের কাছ থেকে কৌশলে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। এরই মধ্যে নিজকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের আশ্বাসে অনেক স্কুল-কলেজ, মাদ্রাসা পড়–য়া ছাত্রীর সাথে প্রতারণাও করেছেন। নিজেকে একেক জায়গায় একেক পরিচয় দিয়ে এপর্যন্ত অনেক নারীর সর্বনাশ করার অভিযোগও অহরহ। তার দুর্দান্ত প্রতারনার কারনে বহু প্রবাসির স্ত্রীর সংসার ভাঙার জনশ্রুতিও রয়েছে। বিয়ের পাশাপাশি সর্বশান্ত করেছে অনেক মেয়ের পরিবারকে।

তাকে গ্রেপ্তারে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার এসআই মিঠুন। তিনি জানান, কোন রেজিষ্ট্রেশন নেই। তিনি বিভিন্ন সময় অবৈধভাবে বাল্যবিবাহসহ আইন বহির্ভূত বিয়ে পড়িয়ে আসছিলেন। এ ঘটনায় কাজী সাইফুদ্দিন নামে একজন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন