নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের কলাতলীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন প্রকল্পে (৫১ একরে) পাহাড় কাটছেন কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখার কর্মচারী আমজাদ হোসেন। ইতিমধ্যেই তিনি সেখানে ৮ শতক জমিতে পাহাড় কেটে ভরাট করেছেন পাহাড়ি ছড়া। ভরাট করার জন্য সেখানে দেয়া হয়েছে বস্তা ও পাকা বাঁধ। গত ৭/৮ মাস ধরে পাহাড় কেটে ছড়া ভরাট করে প্লট তৈরির কাজ করছেন আমজাদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলাতলীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসন প্রকল্পের নামে স্থাপিত অবৈধ আবাসন প্রকল্পে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কক্সবাজার রেঞ্জের কলাতলী বন বিটের বেদখল হওয়া কার্যালয়ের দক্ষিণ পাশে পাহাড় কেটে ছড়া ভরাট করে প্লট তৈরি করছেন আমজাদ হোসেন। দেশের সর্ব্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞা স্বত্তেও আমজাদ হোসেন জেলা প্রশাসনের নাম ব্যবহার করে সেখানে পাহাড় কেটে ছড়া ভরাট করছেন। সেখানে ইতিমধ্যেই বাঁধ দেয়া হয়েছে।
যোগাযোগ করা হলে আমজাদ হোসেন বলেন, ‘কিছুদিন আগে আমি সামান্য পাহাড় কেটে নিচু এলাকা ভরাট করেছি। সবাই তো করেছে, আমারটা আমি করার চেষ্টা করছি।’
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সরওয়ার আলম বলেন, ‘নবাগত জেলা প্রশাসকের সাথে পরামর্শ করে এ বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। বন বিভাগ একার পক্ষে সেখানে কিছু করা সম্ভব হচ্ছে না।’