রাশেদুল মজিদ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি এবং জেলা প্রশাসন, কক্সবাজারের নাম ব্যবহার করে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সড়কের দক্ষিণ পাশে সরকারি জমি দখল করে মার্কেট তৈরি করা হয়েছে। ইতিপূর্বে একাধিক বার উচ্ছেদ করার পর কিছুদিন ধরে ভ্রাম্যমাণ কয়েকটি দোকান ছিল। কিন্তু প্রধানমন্ত্রীর আগমনের সুযোগে রাতারাতি ‘মেহেদী হাসান মার্কেট’ নাম দিয়ে সেখানে ৭২ টি দোকান স্থাপন করা হয়েছে। এমনকি সেখানে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগও। এসব দোকান মৌসুম ভিত্তিক মাত্র ৬/৭ মাসের জন্য প্রতিটি ভাড়া দেয়া হয় এক থেকে দেড় লাখ টাকায়। বিক্রি করা হয় প্রত্যেকটি দুই থেকে আড়াই লাখ টাকায়। এভাবে চলতি মৌসুমের জন্য শুধু ভাড়া দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। নজরুল ইসলাম নজুর নেতৃত্বে একটি সিন্ডিকেট এসব কর্মকান্ডে জড়িত বলে জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। অপরদিকে সুগন্ধা পয়েন্ট সড়কের উত্তর পাশে জেলা প্রশাসনের উচ্ছেদকৃত জায়গায় একই কায়দায় ‘ডলপিন মার্কেট’ নাম দিয়ে ১০/১২ টি দোকান নির্মাণের কাজ চলছে।
সরেজমিন দেখা গেছে, সুগন্ধা পয়েন্ট সড়কের দক্ষিণ পাশের ট্রাফিক পুলিশ বক্স থেকে ড্রাগন মার্কেট পর্যন্ত সারিবদ্ধভাবে প্রায় ৭২টি দোকান করা হয়েছে। এসব দোকানের উপরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে প্রধানমন্ত্রীর কক্সবাজার আগমনকে স্বাগত জানানো হয়। একই সাথে সেখানে সরকারি লোগো, জেলা প্রশাসন, কক্সবাজার, সৌজন্যে- নজরুল ইসলাম নজু, সভাপতি, মেহেদী হাসান মার্কেট, সুগন্ধা পয়েন্ট সড়ক, কক্সবাজার উল্লেখ করে সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়। সেখানে বিদ্যুৎ সংযোগও স্থাপন করা হয়।
স্থানীয়রা জানান, সেখানে নজরুল ইসলাম নজুর ১২টি, রুহুল কাদের ৩টি, রুপম ৩টি, সুমন ১ টি, গুরা মিয়া ১ টি, জাকের ১ টি, আমান ১ টি, জয়নাল ২টি, নাজিম ৩টি, কালাম ৪টি, হেলাল ৪টি, রফিক ১ টি, শামসুর ১ টি, ইউসুফ ১টি, জুয়েল ৩টি সহ বিভিন্ন জনের ৭২ টি দোকান রয়েছে। এসব দোকান বিক্রি হয় চড়া দামে। সম্প্রতি জুয়েল নামের এক ব্যক্তি ৬ লাখ টাকায় ৩টি দোকান কিনে নিয়েছেন। আলমগীর নামের এক ব্যক্তি কিনেছেন একটি। এসব দোকান বিক্রির লেনদেন নিয়ে থানায় অভিযোগ এবং বিচার-শালিসও চলে।
এছাড়া ট্রাফিক পুলিশ বক্সের পেছনে একটি ঝুপড়ি ভাড়া দেয়া হয়। সেখানে চলে নানান অপরাধ। এটি অপরাধীদের আস্তানা হিসেবে পরিচিত। এসব অবৈধ স্থাপনা নির্মাণ এবং অপরাধ কর্মকান্ডে দুইজন বীচকর্মীও জড়িত বলে অভিযোগ রয়েছে।
এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হয় কথিত মেহেদী হাসান মার্কেটের সভাপতি নজরুল ইসলাম নজুর সাথে। তিনি বলেন, ‘আমার ছেলে মেহেদী হাসানের নামে মার্কেটের নাম দেয়া হয়েছে। আমরা এখানে অনেকেই আছি, ব্যবসা করছি। জেলা প্রশাসন সব জানে।’ অপরদিকে সড়কের উত্তর পাশে একই কায়দায় প্রধানমন্ত্রীর ছবি দিয়ে তাঁর আগমনকে স্বাগত জানিয়ে ‘ডলপিন মার্কেট’ নামে সাইনবোর্ড দিয়ে রাতারাতি ১০/১২ টি দোকান নির্মাণ শুরু হয়। যার নির্মাণ কাজ এখনো অব্যাহত আছে।
এ প্রসঙ্গে কক্সবাজার পিপলস ফোরামের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, ‘প্রথমে প্রশাসনের নির্লিপ্ততায় ধীরে ধীরে দখল ও স্থাপনা নির্মাণ শুরু হয়। পরে যা অনেকটা স্থায়ী রূপ নেয়। একসময় এসব উচ্ছেদ কঠিন হয়ে পড়ে এবং সরকারি অর্থের অপচয় হয়। শুরুতেই পদক্ষেপ নিয়ে এসব উচ্ছেদ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এখন দখল-বেদখল কাজেও খুব সচেতনভাবে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে দখলদাররা।
এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।’ জানতে চাইলে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার সহকারী কমিশনার মাসুম বিল্লাহ বলেন, ‘সুগন্ধা পয়েন্ট সড়কের উভয় পাশের দোকানগুলো সব অবৈধ। সেখানে জেলা প্রশাসনের অনুমতি দেয়ার প্রশ্নই আসেনা। উত্তর পাশের কিছু স্থাপনা সম্প্রতি উচ্ছেদ করা হয়। এছাড়া আমরা ব্যস্ত থাকার সুযোগে হয়তো তারা দখল করেছে। দ্রুত এসব উচ্ছেদে ব্যবস্থা নেয়া হবে।’
দৃষ্টি আকর্ষণ করা হলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ এসব বিষয়ে অবহিত নন বলে জানান।
এদিকে জেলা প্রশাসনের পর্যটন শাখার সহকারী কমিশনার মাসুম বিল্লাহ সকালে ঘটনা জানার পর দুপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ও সাইনবোর্ড খুলে নেয়ার ব্যবস্থা নিয়েছেন। তবে অবৈধ সব স্থাপনা এখনো অক্ষত রয়েছে।