মোরশেদ আলম:
কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ারছড়ার মাটিয়াতলী এলাকায় এস্কেভেটর দিয়ে পাহাড় কেটে ভরাট করা হচ্ছে ড্রেনের পাশের রাস্তা। ড্রেন নির্মাণ প্রকল্পের ঠিকাদার অতি লোভের বশবর্তী হয়ে পার্শ্ববর্তী পাহাড় কেটে মাটি নিয়ে প্রকল্পের কাজে ব্যবহার করছেন। গত দুদিন ধরে পাহাড় কাটার ঘটনা চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন জানিয়েছেন, পৌরসভার ড্রেন সংলগ্ন রাস্তার কাজে পাহাড় কেটে মাটি নিয়ে ভরাট করা হচ্ছে দুই দিন ধরে। পাহাড় কেটে মাটি বিক্রি করছেন স্থানীয় জব্বার, পাহাড়ের দখলদার আমিন প্রকাশ বাবুল, মফিজ, নুরুল ইসলাম, কাজলসহ একটি চক্র। ইতিমধ্যেই সেখানে বিশাল পাহাড়ের একাংশ কেটে ফেলা হয়েছে।
যোগাযোগ করা হলে পাহাড়ের দখলদার আমিন প্রকাশ বাবুল বলেন, ‘পাহাড় কাটার ঘটনাটি আমি জানতাম না। জানার সাথে সাথে নিষেধ করা হয়েছে।’
মফিজুর রহমান জানান, তার পাহাড়ে গাছের বাগান আছে। তিনি ঘটনা জানার পর পাহাড় না কাটতে নিষেধ করেছেন।
সংশ্লিষ্ট ঠিকাদার মহিউদ্দিন বলেন, ‘স্থানীয় লোকজন কিভাবে মাটি সরবরাহ দিচ্ছে তা জানি না। আমরা জহিরের ব্যক্তি মালিকানাধীন জমি থেকে মাটি নিচ্ছি। এরপরও খবর নিয়ে পাহাড় কাটা হলে তা বন্ধ করে দেয়া হবে।’
পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’ এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি প্রকল্পেও পাহাড় কাটার কোন সুযোগ নেই। সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেয়া উচিত।’
কক্সবাজার পৌরসভার স্থানীয় কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু বলেন, ‘পাহাড় কাটার বিষয়টি কেউ আমাকে বলেনি। পাহাড় কাটা বন্ধের বিষয়ে উদ্যোগ নেয়া হবে।’
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, পাহাড় কাটার বিষয়ে জিরো টলারেন্স নীতি রয়েছে। এ বিষয়ে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।