নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এই জনসভাকে ঘিরে পুরো জেলাব্যাপী দিন-রাত চলছে নানা প্রস্তুতি। চলছে মাইকিংসহ বিভিন্ন প্রচার-প্রচারণা। পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো পর্যটন শহর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজারের এই জনসভা জনসমুদ্র হবে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ নেতারা।
সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ নেতারা একথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার আগমন ও জেলা আওয়ামীলীগের জনসভার সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র মুজিবুর রহমান।
এসময় সাংসদ সাইমুম সরওয়ার কমল, সাংসদ আশেক উল্লাহ রফিক, সাংসদ জাফর আলম, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, হাসান জাহিদ তুষার, সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সহ জেলা আওয়ামীলীগের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ নেতারা জানান, সাড়ে ৫ বছর পর আগামী বুধবার কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে গেলো ১৪ বছরে ৯ বার কক্সবাজার আসছেন তিনি। কক্সবাজারে জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি ২৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এসময় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে পুরো শহর জনসমুদ্রে পরিনত হবে বলে দাবী করেন নেতারা।