নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার লাইট হাউজস্থ আলোচিত কটেজ জোনের একটি কটেজ ‘আজিজ গেস্ট হাউজ’। কটেজটির মালিক কক্সবাজার পিএমখালী মহশনিয়া পাড়ার মো. আজিজ। আজিজের কাছ থেকে কটেজটি ভাড়া নেন কক্সবাজারের আলোচিত যৌনকর্মীদের গডফাদার ঈসমাইল। ঈসমাইল ঈদগাঁও পশ্চিম গোমাতলী এলাকার বাসিন্দা। কটেজ ভাড়া নেওয়ার পর থেকে আজিজ গেস্ট হাউজে চলছে জমজমাট পতিতা ব্যবসা। পতিতা ব্যবসার পাশাপাশি কটেজ রুমে চলে মাদকের আসর। কটেজে অবৈধ কর্মকান্ড চালানোর অভিযোগে দুই মাস আগে পতিতা গডফাদার ঈসমাইলকে আটক করেছিল ট্যুরিস্ট পুলিশ। পুলিশের কাছে স্বেচ্ছায় এই অবৈধ ব্যবসা ছেড়ে দেবে বলেও অঙ্গীকার করেন ঈসমাইল। তারপরও এই অবৈধ ব্যবসা বন্ধ করেনি ঈসমাইল। অর্ধ ডজন মামলা মাথায় নিয়ে আজিজ কটেজে জমজমাটভাবে মাদক ও পতিতা ব্যবসা চালিয়ে যাচ্ছে ঈসমাইল।
তথ্য সূত্রে জানা গেছে- ঈসমাইলের নেতৃত্বে কক্সবাজারে নারী পাচার ও নারীদের নিয়ে ব্যবসার বিস্তার ঘটে সর্বপ্রথম। গড়ে উঠে অবৈধ কর্মকান্ডের জমজমাট ব্যবসা। কটেজ জোনকে বানিয়ে নেন পতিতাদের ডেরা হিসেবে। পতিতা ব্যবসা বিস্তার করতে ঈসমাইলের রয়েছে নিজস্ব এক ডজন দালালও। এসব অপকর্ম চালিয়ে নিতে গত ৮ মাস আগে ভাড়া নেন আজিজ গেস্ট হাউজ। মাত্র ৭ টি রুমের আজিজ গেস্ট হাউজটি কয়েক বছরের জন্য ভাড়া নেন প্রায় ১২ লাখ টাকার সেলামি দিয়ে। এতে প্রতিমাসে ভাড়া গুনতে হয় প্রায় ৭০ হাজার টাকা পর্যন্ত।
কয়েকজন কটেজ ব্যবসায়ী জানান- অবৈধ ব্যবসা না করলে মাত্র ৭টি রুমের জন্য এতো টাকা ভাড়া দেওয়ার প্রশ্নেই আসে না। যদি নিয়ম মতে পর্যটক ভাড়া দেওয়ার জন্য কটেজ ভাড়া নিত; তাহলে প্রতিমাসে কটেজের ভাড়া দিতে হতো প্রায় ২৫ হাজার টাকা। কিন্তু এখন দিচ্ছে প্রায় ৭০ হাজার টাকা। কটেজটি পতিতাদের ডেরা বানিয়ে অবৈধ কর্মকান্ডের জন্য মালিককে দিতে হচ্ছে এতো ভাড়া। এক্ষেত্রে কটেজ মালিক মো. আজিজও জড়িত রয়েছে। অবৈধ কর্মকান্ড চালিয়ে নিতে বেশি টাকায় ভাড়া দেন কটেজ।
স্থানীয় সূত্রে জানা গেছে- এক সময় আজিজ গেস্ট হাউজের মালিক আজিজ নিজেই কটেজটি পরিচালনা করতেন। তিনিও সেখানে নারী পাচার ও নারীদের নিয়ে ব্যবসা চালাতেন নিয়মিত। এমন অভিযোগে সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজন যৌনকর্মীকে আটকও করেছিল। এই ঘটনায় কটেজ মালিক আজিজের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলাও দায়ের হয়। এই মামলায় কারাগারেও যান আজিজ। কারাগার থেকে বের হয়ে কৌশলে কটেজটি ভাড়া দেন পতিতাদের গডফাদার ঈসমাইলকে। এরপর সেখানে জমজমাটভাবে চালিয়ে যাচ্ছে অবৈধ কর্মকান্ড। পতিতা ও মাদকের আসর জমাতে সেখানে নিয়োগ করেছে বেশ কয়েকজন দালালও।
ঈসমাইলের নিজস্ব দালালের মধ্যে রয়েছে- সাতকানিয়ার ম্যানেজার নেজাম। নেজাম আগে লালদিঘীর পাড়স্থ আহসান বডিংয়ে পতিতা ব্যবসায়ের ম্যানেজার হিসেবে ছিলেন। বর্তমানে ম্যানেজারের দায়িত্ব পালন করছে আজিজ গেস্ট হাউজে। এছাড়া রয়েছে সমিতি পাড়া এলাকার বর্মায়া আমান উল্লাহ, মহেশখালীর মাহাবুব, রশিদ, আনোয়ার, নুর মোহাম্মদ ও নুরুল ইসলাম লম্বু। এরমধ্যে মাহাবুব পর্যটক হত্যার ঘটনায় জড়িত। আমারী রিসোর্টে এক নারী হত্যার ঘটনার আসামি পতিতার দালাল মাহাবুব। ঈসমাইলের কটেজ থেকে মাহাবুবের মাধ্যমে আমারী রিসোর্টে নিয়মিত পতিতা পাচার হয় বলেও জানা গেছে। এসব অপকর্ম করেও দাপিয়ে বেড়াচ্ছে আলোচিত ঈসমাইল। ঈসমাইলের বিরুদ্ধে মানবপাচারসহ বিভিন্ন অভিযোগ প্রায় ৫টি মামলা রয়েছে। জেল কেটেছে বহু বার। তারপরও তার এসব অবৈধ কর্মকান্ড থেমে নেই।
এবিষয়ে ভাড়াটিয়া ঈসমাইল বলেন- ট্যুরিস্ট পুলিশ আমাকে আটক করেছিল ঠিক আছে। এই অবৈধ ব্যবসা না করার অঙ্গীকারও করি। কিন্তু কি করবো; আমিত গরীব মানুষ। অনেক দেনা রয়েছে। তাই কিছুটা করতে হয়। কিন্তু করতে পারছি না ট্যুরিস্ট পুলিশের জন্য। পুলিশ সেখানে নিয়মিত বসে থাকে। অভিযান চালায়। এক পর্যায়ে তিনি কটেজ মালিক আজিজের বিরুদ্ধে মামলা এখনো চলমান রয়েছে বলে জানান।
আজিজ গেস্ট হাউজের মালিক মো. আজিজ বলেন- ঈসমাইলের বিষয়ে আমি আগে জানতাম না। এখন তার বিরুদ্ধে অনেক অভিযোগ শুনেছি। তাকে কটেজ ছেড়ে দিতে বলা হয়েছে। এই মাসের মধ্যে তার কাছ থেকে কটেজ নিয়ে নিবো। তবে আমার বিরুদ্ধে কোন মামলা নেই।