বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার ১০ নং রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা যুবক মোহাম্মদ জসিম হত্যাকাণ্ডে জড়িত পাঁচ এজাহারনামীয় আসামীকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার ও শুক্রবার সকালে বালুখালী ৯ ও ১০ নাম্বার ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মো ফারুক আহমেদ শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ” বৃহস্পতিবার ও শুক্রবার সকালে এপিবিএন পুলিশের বিশেষ টিম ক্যাম্প-৯ ও ১০ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জসিম হত্যাকাণ্ডের সাথে জড়িত এজাহারনামীয় ৫ জন আসামিকে গ্রেপ্তার করে।”
গ্রেপ্তার পাঁচ জনই রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য এবং ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছেন তিনি।
তারা হলো, ৯ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা একরাম উল্লাহ, ও ১০ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা শাকের, জাবের নুরুল আমিন ও আমির হোসেন।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে সহকারী পুলিশ সুপার জানান, জসিম হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান চলমান আছে।
বুধবার (২৬ অক্টোবর) ভোরে ১০ নং রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীরা মোহাম্মদ জসিমকে তার শশুড় বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে। এ ঘটনায় জসিমের মা বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, চলতি অক্টোবর মাসে রোহিঙ্গা ক্যাম্পে এক শিশু ও দুই জন মাঝি সহ ৭ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের হামলায় নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে ১০ জনের অধিক সাধারণ রোহিঙ্গা। গত বুধ ও বৃহস্পতিবার দুদিনেই দুষ্কৃতিকারীদের হামলায় নিহত হয় তিন রোহিঙ্গা। আহত হন এক রোহিঙ্গা মাঝি।