জয়নাল উদ্দিন:
কক্সবাজার শহরের বাস টার্মিনালের পশ্চিম পাশে ঝিলংজার ইসলামাবাদে ভয়াবহ আকারে পাহাড় কাটা চলছে। এভাবে পাহাড় কাটার ফলে সেখানে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে। পাহাড় কাটার সংবাদে গত মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকালে সেখানে অভিযান চালিয়েছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ঝিলংজা বন বিটের বনকর্মীরা। অভিযানে পাহাড় কাটার কোদাল, শাবল ও গাড়ি জব্দ করা হয়।
এলাকাবাসী অভিযোগ করে জানিয়েছেন, মাওলানা নুরুল আবছার নামের এক ব্যক্তি নিজেকে জেলা আওয়ামীলীগের নেতা পরিচয়ে বেশ কিছু দিন ধরে ইসলামাবাদ এলাকায় পাহাড় কেটে বসতি নির্মাণ করে আসছিল। ১০০ ফুট উঁচু পাহাড় খাড়াভাবে কাটার ফলে চরম ঝুঁকি তৈরি হয়। যেকোন মুহূর্তে সেখানে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় খবর পেয়ে বনকর্মীরা গিয়ে সেখানে অভিযান চালিয়ে পাহাড় কাটার সরঞ্জাম জব্দ করে।

ঝিলংজায় এভাবে চলছে পাহাড় কর্তন।
পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘ঝুঁকিপূর্ণভাবে পাহাড় কাটা হয়েছে। আনুমানিক ৩০ হাজার ঘনফুট মাটি কাটার ঘটনা ঘটেছে। এতে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে। এসব উচ্ছেদ করা না হলে পাহাড় ধসে প্রাণহানি ঘটতে পারে।’
যোগাযোগ করা হলে নুরুল আবছার বলেন, ‘পাশে অনেকেই পাহাড় কাটছে, এখন আমি পাহাড় কেটে বিপদে পড়েছি।’
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কক্সবাজার রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে পাহাড় কাটার বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল আলম বলেন, ইতিমধ্যেই সেখানে অভিযান চালানো হয়েছে। পাহাড় কাটার ঘটনায় প্রতিবেদন তৈরি করা হয়েছে।