নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের মোহাজেরপাড়া এলাকায় নিজ বাসা থেকে ওসমান (৩৫) নামে এক ফল ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গত বুধবার রাতে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত ওসমান মোহাজেরপাড়ার মৃত নুর আহমেদের ছেলে। কক্সবাজার সদর হাসপাতাল এলাকায় ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছৈয়দ নুর (২২) নামে একজনকে আটক করেছে। আটক ছৈয়দ নুর মোহাজেরপাড়ার বেলালের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রায় সময় বন্ধুদের সঙ্গে মিলে তার বাড়িতে আড্ডা দিতেন ওসমান। বুধবার রাতেও কয়েকজন বন্ধুর সঙ্গে গভীর রাত পর্যন্ত বাড়ির ছাদে আড্ডা ও লুডু খেলেছেন। সকালে তার এক ভাগ্নে বৈদ্যুতিক বাতি বন্ধ করার জন্য বাড়িতে ঢুকলে একটি কক্ষে ওসমানের গলাকাটা মরদেহ দেখতে পান।
কক্সবাজার সদর মডেল থানার (ওসি রফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাসা থেকে ওসমানের লাশ উদ্ধার করা হয়। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা এখনও স্পষ্টভাবে বলা যাচ্ছে না। তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।’