আরফাতুল মজিদ:
কক্সবাজার লাইট হাউজস্থ গণপূর্ত বিভাগের জমিতে অবৈধভাবে নির্মিত ‘কক্স ওশান কটেজ’ এর সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিক নিহত হওয়ার পর কটেজ সংশ্লিষ্টরা আত্মগোপনে রয়েছে। শ্রমিকরা নিহত হওয়ার পরপরেই আত্মগোপনে চলে যান কটেজ মালিক মোস্তাকের ফুফুত ভাই রামু মিঠাছড়ি এলাকার আশরাফ, মালিকের মামা শ^শুর সাইফুল, কন্ট্রাক্টর আবুল হোসেন ওরফে আবুল ও কটেজ ম্যানেজার আব্দুল্লাহ। আত্মগোপন থেকে তারা ঘটনাটি ধামাচাপা দিতে মোটা অংকের টাকা নিয়ে মাঠে ছড়িয়ে পড়ছে। এই ঘটনায় মামলা থেকে রক্ষা পেতে এবং নিহত শ্রমিকের ময়নাতদন্ত না হতে প্রবাস থেকে মোস্তাক প্রায় ২০ লাখ টাকা পাঠান বলে খবর ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় এসব টাকা কৌশলে বিতরণের অভিযোগ উঠেছে আশরাফ, সাইফুল, আবুল ও আব্দুল্লাহর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে- কটেজ জোন এলাকায় অবৈধভাবে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে রোববার (৯ অক্টোবর) দুই শ্রমিক মারা যান। তারা হলেন- সমিতি পাড়া এলাকার সোলাইমানের ছেলে হাশেম (৩৯) ও জেল গেইট এলাকার নুরুল হুদা জাম্বু (২৬)। এই ঘটনায় হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে অপর শ্রমিক পাহাড়তলী এলাকার মো. হাবিব (৩৬)।
এবিষয়ে জানতে চাইলে রোববার (৯ অক্টোবর) রাত ১১ টায় কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন- সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনায় এখনো পর্যন্ত কেউ এজাহার দায়ের করেনি। এজাহার দায়ের করলে মামলা রেকর্ড করা হবে। এছাড়া অভিযোগের ভিত্তিতে এসব ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। এদিকে দুই শ্রমিকের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গের রয়েছে। সোমবার ময়নাতদন্ত করা হবে বলে জানান ওসি রফিকুল ইসলাম।
সূত্রে জানা যায়, লাইট হাউসস্থ কটেজ জোনে গণপূর্ত অধিদপ্তরের জমিতে কয়েকমাস ধরে ১০ থেকে ১২টি অবৈধভাবে ভবন নির্মাণের কাজ চলছে। প্রতিযোগিতামূলক এই ভবন নির্মাণের কাজ করছে কন্ট্রাক্টর আবুল হোসেন। অভিযোগ উঠেছে- ভবন নির্মানকারী আবুল কন্ট্রাক্টর শ্রমিকদের লোভনীয় বাড়তি বেতন দিয়ে রাতের আঁধারে ও সরকারি ছুটির দিনে কাজ করান। এরমধ্যে একটি ভবন হলো ‘কক্স ওশান কটেজ’। গত একমাস ধরে রাত দিন ২৪ ঘন্টা শ্রমিক লাগিয়ে গণপূর্তের জমিতে অবৈধভাবে ‘কক্স ওশান কটেজ’টির কাজ করে যাচ্ছে কন্ট্রাক্টর আবুল হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে- কক্স ওশান কটেজের মালিক মোস্তাক খরুলিয়া ৮নং ওয়ার্ডের ঘাটপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন প্রবাসে রয়েছে। প্রবাস থেকে নিয়মিত টাকা পাঠিয়ে সরকারি জমিতে অবৈধভাবে ভবনটি নির্মাণ করছে মোস্তাক। অবৈধভাবে ভবনের তদারকিতে রয়েছে মোস্তাকের ফুফুত ভাই রামু মিঠাছড়ি এলাকার আশরাফ, মালিকের মামা শ^শুর রামু জোয়ারিয়া নালা এলাকার সাইফুল, কন্ট্রাক্টর আবুল হোসেন ওরফে আবুল ও মালিক মোস্তাকের চাচাত ভাই কটেজ ম্যানেজার খরুলিয়ার আব্দুল্লাহ। তাদের সহযোগিতায় অবৈধভাবে ভবন নির্মাণ চলছে দীর্ঘদিন ধরে।
কটেজ জোনের কয়েকজন ব্যক্তি বলেন- শ্রমিক নিহত হওয়ার পরপরেই মোবাইল ফোন বন্ধ করে দিয়ে আত্মগোপনে চলে যান কন্ট্রাক্টর আবুুল, মালিকের আত্মীয় আশরাফ, সাইফুল ও আব্দুল্লাহ। এরপর তারা বিভিন্নভাবে নিহত শ্রমিকের স্বজনদের হুমকি ও প্রলোভন দেখিয়ে থানায় এজাহার না দিতে চাপ প্রয়োগ করছে। এই ঘটনায় শ্রমিকের স্বজনদের ম্যানেজ করতে এবং মামলা না হতে প্রায় ২০ লাখ টাকা নিয়ে মাঠে নেমেছে আশরাফ, সাইফুল, আবুল ও আব্দুল্লাহ। এমনকি তারা জেলা ছাত্রলীগের এক শীর্ষ নেতা ও কয়েকজন কথিত সাংবাদিকদের ব্যবহার করছে বলেই আলোচনা-সমালোচনা চলছে কটেজ জোনে।
সৈকত বহুমুখী সমবায় সমিতির কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন- কটেজ জোনে যেসব স্থাপনা অবৈধভাবে নির্মাণ চলছে প্রতিটি স্থাপনা থেকে ৪ লাখ টাকা করে নেন সমিতি সভাপতি ও সাধারণ সম্পাদক। স্থাপনা নির্মাণের আগেই এই টাকা জমা দিতে হয় সমিতিতে। তারা বলেন- এখনো এই জমি গুলো ব্যক্তি মালিকাধীন নয়। গণপূর্তের জমি এসব। তাই স্থাপনা নির্মাণ নিয়ে অনেক ঝামেলা ও জটিলতা রয়েছে। এসব জটিলতা ও ঝামেলা এড়ানোর কথা বলে নির্মাণাধীন প্রতিটি স্থাপনা থেকে নেন ৪ লাখ টাকা করে। সমিতির সভাপতি মো. হানিফ ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মিলেমিলেই এসব টাকা নেন।
এবিষয়ে জানতে চাইলে সৈকত বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বলেন- যে দুইজন শ্রমিক মারা গেছে তারা আমাদের সমিতির আওতার একটি কটেজ। যেহেতু বিষয়টি এখন আইন-আদালত পর্যন্ত গড়িয়েছে সেখানে সমিতির পক্ষ থেকে আমাদের করার কিছুই নেই। কটেজের মালিক এবিষয়ে ভালো বুঝবে। তবে নির্মাণাধীন কটেজ থেকে সমিতি বাবদ বা অন্য কোন বাবদ টাকা নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।
আরও পড়ুন:
‘কক্স ওশান কটেজ’র সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু