• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

কক্সবাজারে ১০ অপরাধীই ওসির ‘ভিআইপি দালাল’

নিজস্ব প্রতিদেক / ২১৭ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
কক্সবাজার সদর থানা কেন্দ্রিক শীর্ষ দালাল চক্র।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরে দালাল নিয়োগ করে অবৈধ লেনদেনে বেপরোয়া হয়ে উঠেছে সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. সেলিম উদ্দিন। শহরের চিহ্নিত কয়েকজন অপরাধী ওসি তদন্তের দালাল হিসেবে বেশ পরিচিত। চিহ্নিত এসব দালালদের মাধ্যমে প্রতিনিয়ত লেনদেন করেন ওসি তদন্ত। তাদের নিয়মিত যাতায়ত রয়েছে থানা এবং ওসির বাসায়। এমনকি ১৩ মামলার আসামীও ওসির দালাল হিসেবে বেশ খ্যাতি রয়েছে। এছাড়া হত্যা মামলার আসামি, দুদকে অভিযোগ থাকা ব্যক্তি ও ডাকাতসহ প্রায় ১০ জন একান্ত দালাল রয়েছে ওসির। তারা কক্সবাজার শহরে ‘ভিআইপি দালাল’ হিসেবে বেশ পরিচিত।

খোঁজ নিয়ে জানা গেছে- ওসি তদন্তের ভিআইপি দালাল হিসেবে রয়েছে সদরের পিএমখালী এলাকার মাহামুদুল করিম, একই এলাকার ওবায়দুল করিম, নুনিয়াছড়া এলাকার আমজাদ সওদাগর, শহরের বাদশা ঘোনা এলাকার ইমরান, কলাতলী সৈকত পাড়া এলাকার গুরা মিয়া ওরফে গুরা মিয়া ডাকাত, ভারুয়াখালী-পানিরছড়া কেন্দ্রিক জালাল, মোহাজের পাড়া এলাকার রমজান আলী (থানার রাইটার), বাহারছড়া এলাকার রাসেল, লাইট হাউজ এলাকার সেলিম ও মধ্যম কলাতলী এলাকার মো. জাফর আলম।

অনুসন্ধানে জানা যায়- হত্যা মামলার আসামি মাহামুদুল করিম পিএমখালীর অঘোষিত ওসি। ওই ইউনিয়নের ৯০ ভাগ বিচার-সমাধান তার হাত ধরেই হয়। থানায় কেউ অভিযোগ বা মামলা করলে সেটারও সমাধান দেন তিনি। সম্প্রতি পিএমখালীতে মোরশেদ বলীকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়। আলোচিত এ মামলার ১নং সাক্ষী বাংলাবাজারের বাসিন্দা আলি আহমেদ কোম্পানি বলেন, ‘বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ওসি তদন্তের সাথে কন্ট্রাক্ট করে মোরশেদ আলিকে হত্যা করা হয়েছে। তদন্ত ওসি সেলিমের সাথে মাহামুদুল করিম ঘটনার আগে একটি কাজী অফিসে দুই দফায় অর্থ তুলে দিয়েছেন। তবে পুলিশের পক্ষ থেকে তাকে প্রাণে না মারার শর্ত দেওয়া হয়েছিল।

পিএমখালীর আলোচিত আরেক দালাল ওবায়দুল করিম। যার বিরুদ্ধে বন ও পরিবেশ আইনে প্রায় ১৩টি মামলা চলমান আছে। তার নিয়মিত যাতায়ত রয়েছে ওসি তদন্তের রুমে। পিএমখালীর এক ডাম্পার (মিনি ট্রাক) মালিক বলেন- খুরুশকুল, ছনখোলা ও পিএমখালীতে দৈনিক ২০ থেকে ৩০টি ডাম্পার নিয়মিত পাহাড় কেটে মাটি পাচারে ব্যবহার হয়। প্রতিটি ডাম্পারের মালিক থেকে মাসে ১০ হাজার করে টাকা নেন ওবায়দুল করিম। এসব টাকা তিনি দেন ওসি তদন্তকে। যার কারণে অবৈধ পাহাড় কাটায় নিয়মিত ডাম্পার গুলো জব্দ করে না পুলিশ।
গত তিন মাসে পিএমখালী ইউনিয়নে অনুমতি ছাড়া ১৫টি জায়গায় পৃথকভাবে বলি খেলার আয়োজন করে স্থানীয় প্রভাবশালীরা। বলি খেলার পাশাপাশি চলেছিল জমজমাট জুয়ার আসর। ওবায়দুল করিমের মাধ্যমে প্রতিটি বলি খেলা থেকে ৭০ থেকে ৮০ হাজার টাকা করে নেওয়ার জনশ্রুতি রয়েছে ওসি তদন্তের বিরুদ্ধে। তদন্তের রুমে থাকা রাইটার রমজান আলী নিয়মিত এসব টাকা তুলতেও যেতেন। ওবায়দুল করিমের মাধ্যমে বলি খেলার টাকা তুলে ওসির কাছে নিয়ে আসতেন রমজান আলী। রমজানের বাসা পিএমখালী হলেও দীর্ঘদিন ধরে বসবাস করছে শহরের মোহাজের পাড়া এলাকায়। তবে অভিযোগের বিষয় গুলো অস্বীকার করে ওবায়দুল করিম বলেন- আমার ব্যক্তিগত কাজ নিয়ে থানায় যায়। কোন দালালি করতে নয়।

থানার একটি সূত্রে জানা গেছে- তদন্তের রুমে যেসব লেনদেন হয় প্রায় লেনদেন করা হয় রাইটার রমজানের মাধ্যমে। মামলা না নিয়ে এক পক্ষ থেকে সুবিধা নিয়ে বিভিন্ন আপোষ নামাও লেখেন রমজান। বেশির ভাগ জায়গা ও সীমানা বিরোধের লেনদেন হয় তদন্তের রুমে। মূল অর্থ লেনদেনের হোতা হলেন রমজান। দীর্ঘদিন ধরে থানার দালালি করে বিপুল অর্থের মালিক বনে যাওয়া রমজানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনেও লিখিত অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এছাড়া পুলিশের ভয়ভীতি দেখিয়ে মামলার আসামী করা এবং অভিযোগপত্র থেকে বাদ দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

এবিষয়ে রজমান আলী বলেন- থানার হয়ে আমি কোন দালালি করি না। শুধু অপারেশন স্যারের রুমে রাইটারি করি। আমি কোন তদন্ত স্যারের লেনদেন করি না। আমিত রাইটার শুধু।

শহরের বাদশা ঘোনা এলাকার দালাল ইমরানের মাধ্যমে লাইট হাউজস্থ কটেজ জোন থেকে নিয়মিত মাসোহারা নেওয়া জনশ্রুতি রয়েছে ওসির বিরুদ্ধে। অপকর্মের ডেরা শিউলি কটেজের লোকমান, সী-টাউনের সিরাজ সওদাগর ও ঢাকা বাড়ির আব্বাসের কটেজ থেকে ওসি তদন্তের নামে প্রতিমাসে ৩০ হাজার টাকা তুলেন ইমরান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দপ্তরের গ্রেপ্তার আতংকে বর্তমানে পলাতক রয়েছে দালাল ইমরান।

শীর্ষ কয়েকজন ভিআইপি দালালের মধ্যে রয়েছে নুনিয়াছড়া এলাকার মতি সওদাগরের ছেলে আমজাদ সওদাগর। যে দালালের ঘরে পরিবার নিয়ে দাওয়াত খান ওসি তদন্ত সেলিম। সম্প্রতি সময়ে আমজাদের মেয়ের জম্মদিনে নুনিয়াছড়ার বাড়িতে যান ওসি তদন্তের স্ত্রী। জম্মদিন উপলক্ষে আমজাদের মেয়েকে ওসির স্ত্রী নগদ ৫ হাজার টাকা দেওয়ার খবরও প্রচার রয়েছে। প্রায় আট মাস আগে কলাতলী রোড থেকে বাইক নিয়ে রিয়াদসহ তিনজনকে আটক করেছিল সদর থানার এসআই মনছুর। ওই দিন শহরে ছিনতাইয়ের ঘটনাও ঘটেছিল। আরেক দালালের মাধ্যমে ওসি তদন্ত সেলিমের সাথে যোগাযোগ করে নগদ ২০ হাজার টাকা দিয়ে রাতে তিনজনকে ছেড়ে নিয়ে যায় আমজাদ। রিয়াদ আমজাদের ভাইপো। তবে দালালি বাবদ রিয়াদসহ তিনজন থেকে আমজাদ নিয়েছিল প্রায় দেড় লাখ টাকা পর্যন্ত। এই ঘটনা থেকেই আমজাদের দালালি শুরু ওসি তদন্তের হয়ে।

আমজাদ সওদাগর বলেন- আমি কোন দালালি করি না। তবে তদন্ত স্যার আমার থেকে বিভিন্ন ধরণের মাছ নিয়ে যায়। যখন যেমন ইচ্ছা টাকা দেন। এতে আমি কিছু বলি না। আমার সাথে একটু ভালো সর্ম্পক। কিছুদিন আগে আমার মেয়ের জম্মদিনেও স্যারের স্ত্রী বাসায় এসেছিল। এরআগে স্যারসহ আমার বাসায় দাওয়াত খেয়েছেন।

এছাড়া ভারুয়াখালী ইউনিয়নে ওসি তদন্তের দালাল হিসেবে রয়েছে জালাল। ওই এলাকার অভিযোগ ও জমির বিরোধ নিয়ে জালাল প্রায় সময় থানায় আসে তদন্তের রুমে। একই সাথে শহরের বাহারছড়া এলাকা কেন্দ্রিক দালাল হিসেবে পরিচিত রাসেল। রাসেলের দালালিতে ভুক্তভোগি থেকে টাকা নিয়েও সীমানার সমাধান না দেওয়ার অভিযোগ উঠেছে ওসি সেলিমের বিরুদ্ধে। তদন্ত ওসির মাধ্যমে লাইট হাউজ, কলাতলী ও কটেজ জোন থেকে আটক আসামীদের ছাড়িয়ে নেওয়ার অভিযোগ রয়েছে দালাল সেলিমের বিরুদ্ধে। সেলিমের একটি কটেজও রয়েছে। একই সাথে কলাতলী, মধ্যম কলাতলী ও চন্দ্রিমা এলাকায় বহু দালালির রেকর্ড রয়েছে জাফর আলমের বিরুদ্ধে। জাফর সুগন্ধা পয়েন্টের একজন ব্যবসায়ীও। ডাকাত গুরা মিয়ার সাথে মিলেমিশে দালালি করে যাচ্ছে জাফর। ওসি তদন্ত সুগন্ধা পয়েন্ট গেলেই গুরা মিয়ার সাথে আড্ডা জমান জাফরও।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন- আমার কোন দালাল নেই। থানার দালালি করে তেমন কোন তথ্য আমাদের নেই। আসলে আমরা কাজ করতে গেলে অনেকের সাথে সর্ম্পকের প্রয়োজন পড়ে। সেই সূত্র ধরে অনেকের সাথে সর্ম্পক থাকতে পারে। যদি আমাদের নাম বিক্রি করে কেউ অপরাধ করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেবো।

দৃষ্টি আর্কষণ করা হলে কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, ইতিমধ্যে দালালদের খুঁজা হচ্ছে। যারা থানায় দালালি করে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনের আওতায় আনা হবে। যদি সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে কেউ রেহায় পাবে না। এবিষয়ে আমাদের একাধিক অফিসার কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন