ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজার -১ ( চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো: ইলিয়াছের মৎস্য ঘেরে ডাকাতি ও লুটপাট চালিয়েছে মুখোশধারী একটি চক্র।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত তিনটার দিকে চকরিয়া উপজেলার রামপুর মৌজার চরণদ্বীপ এলাকায় চক্রটি বিভিন্ন জাতের প্রায় ৩০ মণ মাছ ও মাছ ধরার সরাঞ্জামদি লুট করে নিয়ে যায়। এতে অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আর এই ডাকাতির জন্য জাপার সাংসদ মো. ইলিয়াছ দোষারোপ করছেন একই আসনের বর্তমান সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলমকে। তাকে দায়ী করে থানায় একটি এজাহারও জমা দিয়েছেন জাপা নেতা ইলিয়াছ।
এজাহারে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাতে সাবেক সাংসদ ইলিয়াছের চিংড়ী ঘেরে ১০/১৫ জন মুখোশধারী দূর্বৃত্ত বন্দুক, ধারালো দা, কিরিচ, লোহার রড, লোহার হাতুড়ী নিয়ে হানা দেয়। ওই সময় তারা চিংড়ীঘেরের কর্মচারী মো. ফারজিল, (২২), হুমায়ন কবির (৩৫) কে মারধর করে হাত পা বেধে ফেলে। এরপর সংঘবদ্ধ ডাকাত দল ২৫ মণ বাগদা চিংড়া, লইল্যা চিংড়ী এবং বিভিন্ন প্রজাতীর সর্বমোট আনুমানিক ৩০ মণ মাছ, ৫টি বিহিঙ্গী জাল, ১০টি জাকি জাল এবং মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদী, লুট করে ট্রলারে করে পালিয়ে যায়। এসময় ঘেরে কর্মচারীরা ডাকাত ডাকাত চিৎকার করলে বন্দুকধারীরা ৩/৪ রাউন্ড ফাকা গুলি করে।
জানা যায়, গত ১০ আগষ্ট সকাল দশটায় সারাদেশে তেল, গ্যাস, ডিজেল ও অকটেনসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চকরিয়া কোর্ট সেন্টারে চকরিয়া উপজেলা ও মাতামুহুরী জাতীয় পার্টির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করেন। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ মোহাম্মদ ইলিয়াছ। সেখানে তিনি জ্বালানী তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির বিষয়ে বক্তব্যের পাশাপাশি কক্সবাজার-১ আসনের সরকার দলীয় সাংসদ জাফর আলমের বিরুদ্ধে চিংড়িঘের দখল, ভূমি দখল ও চাঁদাবাজিসহ দূর্নীতির অভিযোগ তুলে কথা বলেন। এমনকি সাংসদ জাফর আলমের স্বজনরা চকরিয়ার চিংড়িজোনে বিভিন্নভাবে ৫০ হাজার চিংড়িঘেরে দখল করেছে বলেও বক্তব্য দেন। এসময় এমপির ‘অব্যাহত অনিয়ম, দুর্নীতি স্বজনপ্রীতি ও জবর দখল’ বন্ধ না হলে তার বাড়ি ও অফিস ঘেরাওয়ের ঘোষণা দেন সাবেক সাংসদ মোহাম্মদ ইলিয়াছ। এমন বক্তব্যের ১২ ঘন্টার পর তার মালিকানাধানী রামপুর মৌজার চরণদ্বীপ এলাকার ২০ একরের চিংড়িঘেরে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত চকরিয়া-পেকুয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ বলেন, আমি ১০ আগষ্ট বিকেলে চকরিয়া কোর্ট সেন্টারে জাতীয় পার্টির আয়োজিত বিক্ষোভ সভায় কক্সবাজার- ১ আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলমের অনিয়ম সম্পর্কে বক্তব্য প্রদান করি। এইকারণে তিনি তার পালিত সন্ত্রাসী দিয়ে এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে।
তিনি আরো বলেন, সাংসদ জাফর ও আমার চিংড়ীঘর একদম লাগোয়া। মাঝখানে শুধু সীমানা প্রাচীর। যদি সাংসদ জাফর এ ঘটনা না ঘটাতো, অন্য ডাকাত দলের কাজ হলে নিশ্চয়ই দুটি ঘেরে ডাকাতি হত। এই ঘটনায় থানায় এজাহার দেয়া হয়েছে।
তবে এ বিষয়ে চকরিয়া- পেকুয়ার সংসদ সদস্য জাফর আলম বলেন, এটি আমার বিরুদ্ধে চক্রান্ত। আর কিছু নয়।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্ত্তী বলেন, এইমাত্র লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি যাচাই করে ব্যবস্থা গ্রহন করা হবে।