ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
উখিয়ার ৪ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের মধুরছড়া এলাকায় হেড মাঝি মোহাম্মদ হোসেন সহ তিনজন গুলিবিদ্ধের ঘটনায় ৩ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন।
আটক তিন রোহিঙ্গা হলেন, ওই ক্যাম্পের ডি/৮ ব্লকের নুরুল আলমের ছেলে ফরিদ আলম (৩৪), এফ/১১ ব্লকের আব্দুল খালেকের ছেলে মো. শাহজাহান (২২) ও এফ/১৪ ব্লকের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মোতালেব (৬৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক নাইমু্ল হক। তিনি জানিয়েছেন, আটক তিনজনই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রজু হওয়া মামলার এজাহারভুক্ত আসামী। শনিবার (২৩ জুলাই) সকালে মধুরছড়া ক্যাম্পে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
গত বৃহস্পতিবার রাতে মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় হেড মাঝি মোহাম্মদ হোসেনসহ তিন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে আসামীদের আটক করা হয়। সুত্র-টিটিএন।