বিশেষ প্রতিবেদক:
আইন শৃঙ্খলা বাহিনীর বহু অভিযানের পরও থেমে নেই কক্সবাজার লাইট হাউজস্থ কয়েকটি কটেজের নানান অপকর্ম। নির্দিষ্ট কয়েকটি কটেজে ভাড়াটিয়ারা প্রকাশ্যে যৌন ব্যবসা ও নারী পাচার করলেও দৃশ্যমান আইনের আওতায় নেয় তারা। বহু অপকর্মের অভিযোগে মাঝে মাঝে জেলা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালালেও কটেজ গুলোতে এসব অপরাধ স্থায়ীভাবে বন্ধের কোন নজির নেই। বরং অভিযানের পর দেদারসে চলে তাদের অপরাধ গুলো। নির্দিষ্ট অপকর্মের হোতা কটেজ গুলো সীলগালা করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন অনেক কটেজ মালিকও।
অভিযোগ সূত্রে জানা গেছে- কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীত পাশে কটেজ জোন। এই কটেজ জোনের চিহ্নিত ৬টি কটেজে নিয়মিত চলে যৌন ব্যবসা, নারী পাচার ও মাদকের হাট। এরমধ্যে ক্ল্যাসিক কটেজ ভাড়া নিয়ে পতিতা ব্যবসা নিয়ন্ত্রণ করেন ঈসমাইল, ঢাকার বাড়ি কটেজে অপকর্ম চালান আব্বাস, সী-টাউন কটেজে পতিতা মজুদ রাখেন সিরাজ সওদাগর, সী- প্লাওয়ার কটেজে দীর্ঘদিন ধরে পতিতা ব্যবসা ও মাদকের হাট বসান রহিম, কটেজ জোনের আলোচিত আমির ড্রীম প্রকাশ্যে যৌন ব্যবসা চালাচ্ছেন শাহিন এবং কলাতলীর একটি কটেজে দেদারসে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে জব্বার।
ইতিমধ্যে কটেজ অবৈধভাবে যৌন ব্যবসা ও নারী পাচারের অভিযোগে মামলার আসামীও হন পতিতা ব্যবসায়ী ঈসমাইল, আব্বাস, রহিম, শাহিন, জব্বার ও সিরাজ সওদাগর। বহুবার তাদের নিয়ন্ত্রণে থাকা কটেজ গুলোতে অভিযানও চালিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানে যৌন কর্মীও আটক করা হয়। এরপরও এই ছয়টি কটেজে বন্ধ হচ্ছে না এসব অপরাধ।
কয়েকজন হোটেল ব্যবসায়ী বলেন- কটেজ মালিক সমিতির কয়েকজন নেতার ইন্ধনে প্রকাশ্যে চলছে এসব অপকর্ম। নিয়মিত মাসোহারা ও নানান সুবিধাও আদায় করে থাকে কটেজ মালিকের কয়েকজন নেতা। এমনকি এসব নেতাদের চাহিদা অনুসারে যৌনকর্মীও সরবরাহ দেন তারা। যার কারণে বহু অভিযানের পরও প্রকাশ্যে চলছে নারী পাচার ও দেহ ব্যবসা। কটেজ মালিক সমিতি চাইলে এসব অপকর্ম একদিনের মধ্যে বন্ধ করতে পারে।
জানা গেছে- কটেজ জোনে পতিতা ব্যবসা ও নারী পাচারের অভিযোগে সম্প্রতি একটি মামলা হয় কক্সবাজার সদর থানায়। কক্সবাজার ডিবি পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকটি কটেজের রুম থেকে পতিতা ও খদ্দর আটক করেন। ওই ঘটনায় মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলার অন্যতম আসামী আব্দু রহিম ও জব্বার। কটেজ জোনে শীর্ষ পতিতা ব্যবসায়ী হিসেবে পরিচিত আব্দু রহিম ও জব্বার। মামলার আসামী হওয়ার পরও তারা এসব অপর্কম চালিয়ে যাচ্ছে। পুলিশের খাতায় তারা পলাতক হলেও প্রকাশ্যে কটেজ জোনে অবস্থান করে চালিয়ে যাচ্ছে পতিতা ব্যবসা। তাদের বিচরণ এখন ওপেন।
জানা যায়, কটেজ জোনে ‘নিউ ঢাকার বাড়ি’ নামে একটি কটেজ ভাড়া নিয়েছিল আব্দু রহিম ও জব্বার। ওই কটেজে দীর্ঘদিন ধরে পতিতা মজুদ রেখে চালিয়ে যান জমজমাট যৌন ব্যবসা। এমন অভিযোগে ডিবি পুলিশ অভিযান চালিয়েছিল সেখানে। অভিযানে পতিতা ব্যবসায়ী আব্দু রহিম ও জব্বারের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করা হলেও থেমে থাকেনি তাদের এসব অবৈধ ব্যবসা। মামলা খাওয়ার পর ওই কটেজ ছেড়ে দিয়ে সী-প্লাওয়ার নামে আরেকটি কটেজ ভাড়া নেন আব্দু রহিম। সেখানেও পতিতা মজুদের ডেরা বানিয়েছে রহিম। কটেজ জোনে নির্দিষ্ট দালাল রেখেই রহিমের পতিতা ব্যবসা চলছে জমজমাটভাবে। এরিমধ্যে জব্বার কলাতলীর মোড়স্থ সী-উত্তরার পাশে একটি রির্সোটে চালিয়ে যাচ্ছে পতিতা ব্যবসা।
অন্যদিকে ‘ঢাকার বাড়ি-’ কটেজ পরিচালনা করেন আরেক পতিতা ব্যবসায়ী আলোচিত আব্বাস। আব্বাস কটেজ জোনের আলোচিত নাম। তাকে পতিতাদের কিং হিসেবেও চেনেন অনেকেই। দীর্ঘদিন ধরে নিজ কটেজে পতিতাদের ডেরা বানিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে আব্বাস। পতিতা ব্যবসা জমজমাট হওয়ায় ব্যবসার পরিধি দিন দিন বাড়িয়ে দেন তিনি।
শাহিন ওরফে পান শাহিন। কটেজ জোনের চিহ্নিত পতিতা ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে প্রকাশ্যে কটেজে পতিতা মজুদ রেখে দেহ ব্যবসা চালিয়ে গেলেও আইনের আওতায় আসেনি একবারও। কটেজ জোনে প্রায় পুলিশের অভিযানে মামলা থেকে কৌশলে বাদ পড়ে পান শাহিন। সর্বশেষ একটি মামলায় আসামী হন তিনি। আলোচিত আমির ড্রীম কটেজ ভাড়া নিয়ে বর্তমানে অপর্কম চালিয়ে যাচ্ছে।
এছাড়া সী-টাউন কটেজেও চলে পতিতা কারবার। সিরাজ সওদাগর নামে একব্যক্তি সী-টাউন কটেজ ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মজুদ রাখছে পতিতা। সেখানেও চলে জমজমাট দেহ ব্যবসা। তিনিও পতিতা ব্যবসা চালিয়ে যেতে কটেজটি ভাড়া নেন। সিরাজ সওদাগরের বাড়ি মহেশখালী হলেও থাকেন লাইট হাউজ এলাকায়। কটেজ জোনের এই অবৈধ কারবারের জন্য চিহ্নিত হলেন সিরাজ সওদাগর ও পান শাহিন। পুরো কটেজ জোনে তারা পতিতা ব্যবসায়ী হিসেবে বেশ পরিচিত।
এবিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত সেলিম উদ্দিন বলেন- আমরা নিয়মিত এসব অপকর্মের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। কিছুদিন আগেও অভিযান চালানো হয়েছিল। এসময় লালদীঘির পাড়ের বেশ কয়েকটি হোটেল থেকে যৌনকর্মীদের আটকও করা হয়। কটেজ জোনেও অভিযান চালানো হয়েছিল। কিন্তু তারা কৌশলে পালিয়ে যায়। আবারও চিহ্নিত কয়েকটি কটেজে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এসব অপরাধীদের বিরুদ্ধে।
বাদ পড়া অপরাধীদের আইনের আওতায় এনে কটেজ জোনে অভিযান চালানো হবে বলে জানান কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।