• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

টাকাসহ আটক সার্ভেয়ার ‘দোষ স্বীকার’ করে কক্সবাজারে জবানবন্দি

নিজস্ব প্রতিদেক / ২১১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
সার্ভেয়ার আতিকুর রহমান।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
দুর্নীতির আশ্রয় নিয়ে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আতিকুর রহমান।

মঙ্গলবার (১৯ জুলাই) সিনিয়র স্পেশাল জজের আদেশ ক্রমে বিজ্ঞ আদালতের প্রধান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং- ১ এর বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী নিকট আতিককে উপস্থাপন করা হলে বিজ্ঞ বিচারক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার বিধান অনুসারে আসামি সার্ভেয়ার মো. আতিকুর রহমানের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। আদালত ও দুদক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়।
উল্লেখ, গত ১ জুলাই সকাল ৯টা ৩৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরের তল্লাশি গেট থেকে প্রবেশের সময় কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি হুকুমদখল শাখার সার্ভেয়ার আতিকুর রহমান এর কাছে টাকা পাওয়ার বিষয়টি মুঠোফোনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজকে জানান। অতিরিক্ত জেলা প্রশাসক তাৎক্ষণিক আতিকুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিমানবন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দেন। কিন্তু ততক্ষণে সার্ভেয়ার আতিকুর ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ায় তাকে আটকাতে পারেনি কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ।

পরে ঢাকা হজরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ঘুষের ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকাসহ আতিকুর রহমানকে আটক করা হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকার উৎস সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোন সঠিক উত্তর দিতে পারেননি।

একইদিন বিকেলে আতিকুর রহমানকে আরেকটি উড়োজাহাজে করে পুণরায় কক্সবাজারে ফেরত এনে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে আতিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেও তিনি টাকার উৎস সম্পর্কে সদুত্তর দিতে না পারায় ১ জুলাই রাতে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হন্তান্তর করে জেলা প্রশাসন। পরের দিন ২ জুলাই আতিকুরকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় কক্সবাজার আদালতে পাঠায় পুলিশ। আদালতের বিচারক আতিকুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে ৪ জুলাই তার বিরুদ্ধে কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ ইসমাইল এর আদালতে মামলা করে দুদক। দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে হন্তান্তর, স্থানান্তরের চেষ্টা করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২), ৪(৩) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করেন। যার স্পেশাল মামলা নম্বর : ০৭/২০২২। একই সময় সার্ভেয়ার আতিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক ৫ দিনের রিমান্ড আবেদন করে। আবেদন শুনানি শেষে আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরুল ইসলাম বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন ৫ (পাঁচ) দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত তা মঞ্জুর করেছে এবং তদন্তকারী কর্মকর্তা উক্ত আদেশের কপি পেলে সার্ভেয়ার মো: আতিকুর রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেসাবাদ করা হয়।
জিজ্ঞেসাবাদের এক পর্যায়ে সার্ভেয়ার মো: আতিকুর রহমান স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করতে রাজি হন। তারই ধারাবাহিকতায় ধৃত আসামি সার্ভেয়ার মো: আতিকুরের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেন আদালত। স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়ার পরে আতিককে কারাগারে পাঠানো হয়।

সার্ভেয়ার আতিক সিরাজগঞ্জ সদর উপজেলার মীরপুর দক্ষিণের মো. আবদুর রহমানের ছেলে। তাঁর চাকরি বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে হলেও তিনি সংযুক্তিতে গত দেড় বছর ধরে কক্সবাজারের জেলা প্রশাসনের ভূমি হুকুম দখল (এলএ) শাখার অধীনে মহেশখালী উপজেলার দায়িত্বে ছিলেন। মহেশখালীতে সরকারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর স্থাপনসহ প্রায় ১৫টি প্রকল্পের ভূমি অধিগ্রহণের দায়িত্বে ছিলেন আতিকুর রহমানসহ তিনজন সার্ভেয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন