বিশেষ প্রতিবেদক:
নতুন বছরের গেল সাড়ে তিন মাসে অতিতের রেকর্ড ছাড়িয়ে গেছে কক্সবাজারে ছিনতাইয়ের মামলা। নিয়মিত ছিনতাইয়ের এমন ঘটনায় জেলাজুড়ে উদ্বেগ-উৎকন্ঠা বাড়ছে। পর্যটন নগরীতে প্রায় প্রতিদিনই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছিনতাই, ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাত-এমনি হত্যার মতো ঘটনাও ঘটছে। বিশেষ করে মধ্যরাত ও ভোরের দিকে সবচেয়ে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে দাবি পুলিশের। আর ছিনতাইকারীদের টার্গেটে থাকেন মধ্যবিত্ত ও নি¤œ মধ্যবিত্তরা।
পুলিশের তথ্যমতে, কক্সবাজার শহরে ২০১৯ সালে ছিনতাইয়ের অভিযোগ রেকর্ড হয়েছে মাত্র ৮টি। ২০২০ সালে প্রায় চার গুণ (২৬২ দশমিক ৫ শতাংশ) বেড়ে ছিনতাইয়ের অভিযোগ দাঁড়ায় ২৯টি। আর ২১ সালের ডিসেম্বরে এসে ছিনতাইয়ের অভিযোগ রেকর্ড হয়েছে ৩৩টি। যা ২০২২ সালে এসে দাড়িয়েছে সাত গুণে। শুধুই নতুন বছরের (২০২২) জানুয়ারী থেকে এপ্রিলের ২০ তারিখ পর্যন্ত ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে ৪০ টি। আসামী গ্রেপ্তার করা হয়েছে ৬২ জন। যাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্র-ছুরি-চাকুও মিলেছে। যা অতিতের বছরগুলোর চেয়ে কয়েকগুন বেশি।
নানা কৌশল অবলম্বন করে জামিনে বেরিয়ে আবারও ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে অনেকে এমনটা জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার আদালতের এক সিনিয়র আইনজীবি জানান, ছিনতাইয়ের ঘটনাকে ‘হারানোর ঘটনা’ উল্লেখ করে জিডি এর অন্যতম কারণ। এতে অপরাধীরা সামান্য আইনি ব্যবস্থার মধ্যেও আসছে না। অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলা করায় সাক্ষী পাওয়া যায় না।
এছাড়া মামলার তদন্তে প্রযুক্তির ব্যবহারেও রয়েছে ঘাটতি। এ অবস্থা থেকে বের হতে ছিনতাইয়ের অপরাধগুলোকে গুরুত্ব দিয়ে তদন্তে কথা বলছেন তিনি। পাশাপাশি ছিনতাইয়ের অপরাধকে ‘ছিনতাই’ নামে মামলা হওয়া উচিত বলে মনে করেন এই আইনজীবি।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, ছিনতাইকারীদের ব্যবহৃত যে ছুরি-চাকু বহনে কোন আইনি বাঁধা নেই। যার ফলে সহজে জামিন পেয়ে যায়। তবে বর্তমান পরিস্থিতিতে এসব মামলায় জামিনের ক্ষেত্রে আদালত আরও সতর্ক হয়েছে।
কক্সবাজার নাগরিক আন্দোলনের মূখপাত্র এইচ এম নজরুল ইসলাম বলেন, নানা ক্রটির কারণে ছিনতাই মামলার আসামিরা খালাস পেয়ে যায়। এক্ষেত্রে মামলার তদন্তে মূল সমস্যা হয়। তা না হলে হাতেনাতে ধরা পড়ার পর খালাস পাওয়ার কোনো সুযোগ নেই।
সাম্প্রতিক সময়ে কক্সবাজার জেলাজুড়ে খুন, ছিনতাই, কিশোর গ্যাংয়ের উৎপাত ও উখিয়া-টেকনাফের ক্যাম্প ছেড়ে রোহিঙ্গাদের পালিয়ে শহরমুখি হওয়ার প্রবণতা নিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছেন জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন বলেন, আমাদের নথির হিসেবে গেল সাড়ে তিন মাসে ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে ৪০ টি। আসামী ধরা হয়েছে ৬২ জন। যাদের কাছ থেকে ছুরি-চাকুও উদ্ধার করা হয়। যাদের কাছে এসব অস্ত্র পাওয়া যায় তাদেরকে অস্ত্র মামলা দেয়ারও প্রক্রিয়া রয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, ‘শহরের অপরাধ দমনে পুলিশের কয়েকটি বিশেষ টিম কাজ করছে। মাদক পাচার রোধ ও কিশোর গ্যাংয়ের উৎপাতসহ নানা ধরনের অপরাধ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।