• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

কক্সবাজারে প্রকাশ্যে ছুরি-চাকু বিক্রি : অভিযানে নামছে পুলিশ

নিজস্ব প্রতিদেক / ৩০৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
কক্সবাজারে ছিনতাইকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া ছুরি।

আরফাতুল মজিদ:
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে গত ১২ মার্চ গভীররাতে চার কিশোর ছিনতাইকারীকে আটক করেছিল। ওই সময় তাদের তল্লাশি করে দুইটি টিপ ছুরি উদ্ধার করে। ৩১ জানুয়ারি রাতে শহরের টেকপাড়া থেকে বহু মামলার আসামী দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকেও দু’টি টিপ ছুরি উদ্ধার করা হয়। সর্বশেষ গত মঙ্গলবার রাতে সৈকত এলাকা থেকে আটক দুই ছিনতাইকারীর কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

 ছিনতাইকারী আটকসহ উদ্ধার হওয়া ছুরি।

গত এক মাসে কক্সবাজার শহরেই পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে আটক ছিনতাইকারীদের কাছ থেকে প্রায় অর্ধ শতাধিক টিপ ও চাইনা ছুরি উদ্ধার করে। যেসব ছুরি হত্যাকান্ডসহ বহু অপরাধে ব্যবহার হয়েছে নিয়মিত। আর কক্সবাজার শহরে সহজে মিলছে এসব অত্যাধুনিক ছুরি। ছুরি-চাকু অবাধ বিকিকিনি ও বহনের বিষয়টি নজরদারিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও গা ছাড়া।

কক্সবাজার বার্মিজ মার্কেট, কৃষি অফিস রোড, সৈকতের লাবনী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলী পয়েন্ট, হোটেল-মোটেল জোন ও হিমছড়িসহ পুরো কক্সবাজার জুড়েই বিভিন্ন দোকানে শোপিচ এর নামে দেদারছে বিক্রি হচ্ছে এসব ছুরি। থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের ও বিভিন্ন ব্যান্ডের এসব ছুরি সহজেই কিনে নিয়ে পেশাদার ছিনতাইকারী ও বখাটেরা জড়িয়ে পড়ছে খুন, ছিনতাই ও অপহরণসহ বিভিন্ন অপরাধে।

আটক ছিনতাইকারীর সাথে উদ্ধার হওয়া ছুরি।

জানা গেছে, দেশি-বিদেশি ছুরি শোপিচ হিসেবে বিক্রির জন্য দোকানে রাখছে ব্যবসায়ীরা। থাইল্যান্ডের এসব ছুরি ৫ ইঞ্চি থেকে শুরু করে সর্বোচ্চ ১৩/১৪ ইঞ্চি পর্যন্ত লম্বা। এসবের দাম ৫৫০ থেকে ৮০০/৯০০ টাকা পর্যন্ত। দেখতে অনেকগুলো ছুরি টিপু সুলতানের তলোয়ারের মতো। আবার অনেকগুলো সুইচের ছুরি। এসব ছুরি পেশাদার ছিনতাইকারী ও বখাটেরা বেশি কিনছে বলে তথ্য পাওয়া গেছে।

সুত্র জানায়, সমুদ্র সৈকত এলাকা জুড়ে গ্রুপ ভিত্তিক ছিনতাইকারী ও বখাটেরা এসব ছুরি ব্যবহার করে পর্যটকদের সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে। এমন অভিযোগে গত ৯ মার্চ কলাতলী এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৫ সদস্যের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করে। ১৩ মার্চ রাতে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে ৬জন ছিনতাইকারীকে আটক করে র‌্যাব। এসময় উদ্ধার করা হয়েছে ২টি ড্যাগার, একটি ছুরি ও একটি খুর। ১৫ মার্চ একই জায়গা থেকে ৪ জন ছিনতাইকারীকে আটকের পর তিনটি ছুরি উদ্ধার করে র‌্যাব। সৈকত এলাকা থেকে ১৭ মার্চ কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করেছিল র‌্যাব। ওই সময় তাদের কাছ থেকে ৪টি ড্যাগার ও একটি চাপাতি উদ্ধার করে। ২১ মার্চ ড্যাগার, ছুরি ও খুরসহ ৪ ছিনতাইকারীকে লাবণী বীচ পয়েন্ট থেকে আটক করে র‌্যাব।

 আটক ছিনতাইকারীর সাথে উদ্ধার হওয়া ছুরি।

এমনকি এই ধরের ছুরি দিয়েই চার বছর আগে ট্যুরিস্ট পুলিশের সদস্য পারভেজকে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে সৈকতের ছিনতাইকারীরা।

এদিকে গত মঙ্গলবার রাতে কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হন ব্যবসায়ী আবুল কালাম। গত রোববার ঈদগাঁওতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন দোকানদার তারেক। ২৮ মার্চ কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত হন কলেজ ছাত্র রিদুয়ান। ৫ এপ্রিল পিএমখালীতে ছুরিকাঘাতে খুন হয় জাহাঙ্গীর নামে এক যুবককে। গত ৮ এপ্রিল দুর্বৃত্তের ছুরিকাঘাতে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কক্সবাজার ঝাউতলা এলাকার রিগ্যান। শুধু তাই নয়, সাধারণ পর্যায়ে পর্যন্ত এসব ছুরি দিয়ে লোকজন যেনতেনভাবে হুমকি প্রর্দশন করতে দেখা যাচ্ছে।

কক্সবাজার পিপল্স ফোরামের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, কক্সবাজারে অপরাধ বেড়ে গেছে। সুযোগ পেলেই অপরাধীরা বিভিন্নভাবে চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। আর এতে বেশি ব্যবহার হচ্ছে নানা রকমের ছুরি-চাকু। আমি মনে করি, আইন-শৃঙ্খলার স্বার্থেই ছোট ছুরি-চাকু আমদানি ও বিক্রি বন্ধ করে দেওয়া উচিত।

এবিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন- ইতিমধ্যে আমরা সিন্ধান্ত গ্রহণ করেছি, যেসব দোকানে ছুরি ও চাকু বিক্রি হয় তাদের নিরুৎসাহিত করতে। এবিষয়ে ব্যবসায়ীদের সাথেও কথা বলা হবে। ছুরি উদ্ধারের বিষয়ে তিনি বলেন- কয়েকটি দোকান সৌখিনভাবে এসব ছুরি বিক্রি করা হয়। হয়ত অনেকে এসব দোকান থেকে কিনে অপরাধে জড়িত পড়ে। এমন অনেক ছুরি ইতিমধ্যে পুলিশ আটক ছিনতাইকারীদের কাছ থেকে উদ্ধারও করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন