বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার জেলা আওয়ামী লীগের আগামী সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল।
শনিবার (১৬ এপ্রিল) একটি আবাসিক হোটেলে আয়োজিত ইফতার মাহাফিল ও সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।
আগামী ১৮ জুন অথবা ২৫ জুন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রার্থিতা ঘোষণাকারী কায়সারুল হক জুয়েল বর্তমানে কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
প্রার্থিতা ঘোষণা করে তিনি বলেন, আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই, কোনদিন দলকে বিক্রি করে খাব না, মনোনয়ন বাণিজ্য করবো না, দলবাজি করবো না, কমিটি ও পদ বিক্রি করবো না। তার মতে, তিনি দলের সুনাম নষ্ট হয় এমন কোন কাজে লিপ্ত হবেন না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুয়েলের বাবা একেএম মোজ্জামেল হক মৃত্য আগ পর্ষন্ত কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
তিনি সাধারণ সম্পাদক প্রার্থী হবার পিছনের কারণ হিসেবে জুয়েল বলেন, তার পিতা পাকিস্তানের নৌ-বাহিনীর চাকরি ছেড়ে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে কক্সবাজার আওয়ামী লীগের হাল ধরেছিলেন। মুক্তিযুদ্ধের সকল সংগ্রামে তার বাবার অবদান স্মরণীয়।
জুয়েল বলেন, তার পিতার আর্শিবাদে অনেকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ নিয়ে অপকর্ম ও বাণিজ্যে লিপ্ত রয়েছেন। তাই আওয়ামী লীগের দুর্নাম গুছিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতেই তিনি প্রার্থী হচ্ছেন।
সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিলে কায়সারুল হক জুয়েল তার লিখিত বক্তব্যে পিতা একেএম মোজাম্মেল হকের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, আজকে চারিদিকে রাজনীতির নাম দিয়ে অপকর্ম করে অনেকেই দলের দুর্নাম ও জননেত্রী শেখ হাসিনার বিশাল অর্জনকে ধুলিস্মাৎ করে যাচ্ছেন। আমি সেই অনিয়মকে ভাঙতে এবং জেলা আওয়ামী লীগের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা চরম দুঃসময়ে আমার পিতাকে যেভাবে পেয়েছিলেন আমাকেও সেই ভাবে পাবেন, ইনশা আল্লাহ। এই সংবাদ সম্মেলনে দেড়শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।