নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জনের পরিচয় শনাক্ত হয়েছে। আর গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) বেলা ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়াস্থ শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শেফাতুল ইসলাম।
নিহতরা হলেন কুতুপালংস্থ হিন্দু আশ্রয় শিবিরের মৃত কানপুরা শর্মার ছেলে সোনাতন শর্মা (৩০), উখিয়ার জুম্মাপাড়ার সৈয়দ আলম এর ছেলে মো. আমিন (২৪), কুতুপালংস্থ হাঙরঘোনা এলাকার সৈয়দ আলম এর ছেলে নুরুল ইসলাম (১৮) ও উখিয়ার সিকদার বিল এলাকার নুরুল আলম এর ছেলে জেহান (১৪)। নিহতদের মধ্যে একজন মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা রয়েছে।
আর আহত দুইজন হচ্ছে: উখিয়ার সিকদার বিল এলাকার সোনা মিয়ার ছেলে জাহিদ হোসেন (২৫) ও রাজাপালং ইউনিয়নের করিম উল্লাহ এর ছেলে মুহিত (২২)।
শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শেফাতুল ইসলাম বলেন, নিহত ৪ জনের পরিচয় শনাক্তের পর তাদের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে তাদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর আহত দুইজনকে উখিয়াস্থ এমএসএফ হসপিটাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার কুতুপালংস্থ ট্রানজিট ক্যাম্প এলাকায় পিকআপ ও অটোরিকশা (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয় আর আহত হয় ২ জন।