• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

ত্রাসের জনপদ পিএমখালী : ঘুম হারাম কয়েক গ্রামবাসীর

নিজস্ব প্রতিদেক / ২৫৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

বিশেষ প্রতিবেদক:
যেনো রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র। কথিত পাওয়ার আলী সে রাষ্ট্রের প্রধান। আর তার অপরাপর ভাইয়েরা হলেন সভাসদ। রয়েছে নিজস্ব বিচার ব্যবস্থা ও ভবন। যেখান থেকে দেওয়া হয় চূড়ান্ত রায়। এবং সেই রায় কার্যকর করা হয় অতিদ্রুত সময়ের মধ্যে। এর বাইরে গিয়ে অন্য কোনো পদ্ধতিতে আইনী প্রতিকার পাবার সুযোগ নেই গ্রামবাসীর। এমনই এক এলাকা কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়ন। এলাকাটির চিহ্নিত ত্রাস এবং জেলার বহুল আলোচিত রহস্যজনক চরিত্র আলী প্রকাশ পাওয়ার আলী তার মিথ্যা দাপট, প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের কারণে এলাকাটি এখন ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে। সরকারী কোনো সংস্থা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকায় ত্রাসের জনপদে রুপ নিয়েছে পিএমখালী ইউনিয়নসহ আশেপাশের এলাকাগুলোও।

অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বেশির ভাগ মানুষ শিক্ষা দীক্ষায় অনগ্রসর হওয়ায় ধূর্ত চরিত্রের আলী এবং তার ভাইয়েরা সাধারণ মানুষগুলোকে নানা ভাবে মানসিক চাপ সৃষ্টি, মারধর এবং হুমকি ধমকি দিয়ে জিম্মি করে রেখেছে বলে অসংখ্য অভিযোগ পাওয়া গেছে।

এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, প্রবাসী, শিল্পোদ্যোক্তারাসহ সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছেন কথিত ‘পাওয়ার আলী’র ভাইদের কাছে। তাদের দাপটে মানুষজন নিজেদের কেনা কিংবা পৈতৃক জমিতে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করতে পারছেন না। তাদের নির্যাতনে অনেকেই হয়েছেন গৃহহীন; আবার কেউ কেউ প্রাণে বাঁচতে পালিয়ে এলাকাছাড়া। আর বিচারের নামে টাকা আত্মসাৎ, চাঁদাবাজি, হামলা, হুমকি-ধমকিতে নিয়মিত কেউ না কেউ হচ্ছেন ভুক্তভোগী। এমতাবস্থায় ভুক্তভোগীদের বেশিরভাগই প্রাণভয়ে মুখ খুলতে চাইছেন না সাংবাদিকদের সামনে। তবে কেউ কেউ নাম প্রকাশ না করার শর্তে মুখ খুলেছেন; বর্ণনা দিয়েছে আলী ও তার ভাইদের নির্যাতনের লোমহর্ষক সব চিত্রের।

সর্বশেষ গত ৩০ জানুয়ারি পিএমখালী ইউনিয়নের গোলাপাড়ায় এক ষাটোর্ধ বৃদ্ধের এক মুষ্টি দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে পাওয়ার আলীর বড় ভাই ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্বাস উদ্দিনের বিরুদ্ধে। সেদিন বিকেল সাড়ে ৩টায় একজন সরকারী কর্মকর্তার সামনে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। এর আগে আহত ওই বৃদ্ধের ৮০ শতক জমি জোরপূর্বক দখল করে নেন অভিযুক্ত আব্বাস ও তার লালিত সন্ত্রাসীরা। ওই ঘটনার প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ লোকটি। আদালত মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট ওই এলাকার ভূমি অফিসের তহসিলদার কহিনুর আক্তারকে তদন্তের দায়িত্ব দেন। তিনি উভয় পক্ষকে ডেকে তদন্ত কার্যক্রম শুরু করার এক পর্যায়ে ভুক্তভোগীর বক্তব্য শুনতে গেলে আব্বাস ও তার লালিত সন্ত্রাসীরা ক্ষেপে গিয়ে উপস্থিত তহসিলদারের সামনে ন্যাক্কারজনকভাবে হামলে পড়েন। প্রতিবেদকের কাছে এই ঘটনার সত্যতা স্বীকার করেন তহসিলদার কহিনুর আক্তার নিজেই। তহসিলদার কহিনুর জানান, আমার চাকরি জীবনে এতটা বেপরোয়া ত্রাস আর কখনো দেখিনি। ঘটনার আকস্মিকতায় নিজেও প্রাণের ভয়ে পালিয়ে এসেছি। মামলার তদন্ত রিপোর্টটিও দিতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেন প্রতিবেদকের কাছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তহশীলদারের উপস্থিতিতেই ওই বৃদ্ধ ও তার পরিবারের নারীদের উপর হামলা চলতে থাকে। প্রাণে বাঁচতে তারা একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানেও হামলা চালায় আব্বাস ও তার সন্ত্রাসীরা। ভয়ে কেউ তাদের উদ্ধার করতে যেতে সাহস করেনি। সেখান থেকে টেনে হিচঁড়ে আলী-আব্বাসের সেই বিচারালয় নামের টর্চার সেলে নিয়ে যায়। তারা বৃদ্ধকে মারধর করে ক্ষান্ত হয়নি; ঠান্ডা মাথায় দাড়ির মুঠি ধরে টান মেরে ছিঁড়ে ফেলে এক মুষ্টি দাড়ি। এসময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করে সহায়তা চাইলে কক্সবাজার সদর মডেল থানার এসআই আল আমিনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে আব্বাস বাহিনীর কবল থেকে বৃদ্ধ খলিলসহ তার পরিবারকে উদ্ধার করেন। নারকীয় ঘটনাটি এখন এলাকার প্রত্যেক মানুষের মুখে মুখে হাড়হিম করা গল্প হয়ে ভেসে বেড়াচ্ছে। কিন্তু এত বড় ঘটনা ঘটে গেলেও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহর দাবী, তিনি কিছুই জানেন না, মাত্রই জানলেন।

এদিকে বৃদ্ধকে মারধর, দাড়ি ছিঁড়ে ফেলা ও বারবার আইন হাতে তুলে নেওয়ার কারণ জানতে চাইলে অভিযুক্ত আব্বাস উদ্দিন বলেন, ‘স্থানীয় মেম্বার চেয়ারম্যান এরা অযোগ্য-অথর্ব। এ কারণে আমি নিজেই বিচার করে ফেলেছি। এটা তেমন কোনো সমস্যা না।’

এঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ খলিলুর রহমান ও তার পরিবার আইনী প্রতিকার পেতে নিকটস্থ কক্সবাজার সদর মডেল থানার দ্বারস্থ হলে সেখানে সেবা প্রদানে কতিপয় পুলিশ কর্মকর্তার আন্তরিক প্রচেষ্টা থাকলেও গুটিকয়েক পুলিশ কর্মকর্তার রহস্যজনক আচরণের কারণে থানা মামলা নিতে গড়িমসি করে বলে অভিযোগ করেন। ফলে বিষয়টি নিয়ে নিরুপায় হয়ে ভুক্তভোগী খলিল ও তার পরিবার গত ৬ ফেব্রুয়ারী কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের দ্বারস্থ হয়ে একটি সংবাদিক সম্মেলন করেন এবং তার কষ্টের কথাগুলো বর্ণনা করেন। গণমাধ্যমকর্মীরা এঘটনায় সংবাদ তৈরিতে প্রস্তুতি নিতে থাকলে ততক্ষণে স্যোসাল মিডিয়া সহ চতুর্দিকে হইচই পড়ে যায়। জানা যায় এর ঘন্টা তিনেক পর কক্সবাজার সদর মডেল থানা ভুক্তভোগী বৃদ্ধের এজাহারটি গ্রহণ করেন। এবং মামলা হিসেবে নথিভুক্ত করেন।

এদিকে থানা মামলা গ্রহণ করার পর ফের ক্ষিপ্ত হয়ে আব্বাস উদ্দিন ও তার লোকজন ওই বৃদ্ধের মেয়ের জামাইকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মেয়েকে তালাক দিতে বাধ্য করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারটি। শুধু তাই নয়- আব্বাস বাহিনীর উপর্যুপরি নির্যাতনের শিকার হয়ে পরিবারটি এখন এলাকা ছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে বলে জানা গেছে।

এবিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম বলেন, এঘটনায় মামলা হয়েছে। আসামীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। অভিযুক্তদের ব্যাপারে অন্যান্য অভিযোগগুলোও খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরোও বলেন, কক্সবাজারের পুলিশ যেকোন ভুক্তভোগীর অভিযোগ গুরুত্বসহকারে আমলে নিয়ে সর্বোচ্চ আইনী সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। এব্যাপারে কাউকে নিরাশ না হতেও আশ্বস্ত করেছেন জেলা পুলিশের এই জেষ্ঠ কর্মকর্তা।

উল্লেখ্য, অভিযুক্ত আওয়ামীলীগ নেতা আব্বাস উদ্দিন (৪৫), তার অপরাপর ভাইয়েরা দীর্ঘদিন ধরে পিএমখালীর মানুষের সম্পদ লুট, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার সহ আরও বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। আব্বাস পিএমখালী ইউনিয়নের গোলারপাড়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং দেশের আলোচিত কুখ্যাত ‘পাওয়ার আলী’র ভাই। আলী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা খুনে ফাঁসির রায় প্রাপ্ত ওসি প্রদীপের কক্সবাজার শহরের ইনচার্জ হিসাবে কাজ করতো। সে সময় পুলিশকে ব্যবহার করে থানা কব্জায় নিয়ে পিএমখালী সহ পুরো কক্সবাজার শহরে এক ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলো আলী। এখনও সেই আলীর অবৈধ ক্ষমতা ও আধিপত্যের জের ধরে তার ভাইয়েরা যাবতীয় অপকর্ম করে যাচ্ছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। একজন বয়োবৃদ্ধ মসজিদের মোতোয়াল্লির মুখের দাড়ি টেনে ছিলে ফেললেও তার মাঝে কোনো বিকার নেই। উল্টো তিনি এটাকে জায়েজ করতে ‘একটু শাসন’ করেছেন বলে মন্তব্য করেন প্রতিবেদকের কাছে। বিষয়টি নিয়ে স্থানীয় আলেম সমাজ সহ সচেতন মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন