• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

কক্সবাজারে গণধর্ষণকান্ড: জামিনের ‘সুযোগ’ খুঁজছে আসামিরা

নিজস্ব প্রতিদেক / ২১৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
কক্সবাজারে গণধর্ষণ মামলার আসামিরা।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারে ‘পর্যটক’ নারী সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাটি ছিলো সম্প্রতি দেশজুড়ে আলোচিত ঘটনার অন্যতম একটি। এই ঘটনা নিয়ে প্রশাসনের শীর্ষ মহল পর্যন্ত নড়েচড়ে বসে। এর কারণে নেতিবাচক প্রভাব পড়েছে কক্সবাজারের পর্যটন শিল্পে। যার প্রভাব এখনো কাটেনি। অন্যদিকে আসামিদের রিমান্ড মাত্র শেষ হয়েছে। কিন্তু এরই মধ্যে জামিন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে আসামিরা। এই ঘটনায় দায়ের করা মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছেন।

ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী-সন্তান নিয়ে কক্সবাজারে বেড়াতে আসা নারী ‘পর্যটক’কে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আশিকসহ এজাহারনামীয় চারজন এবং অজ্ঞাতনামা ৩জনসহ মোট সাতজনই গ্রেপ্তার হয়েছে। সবার রিমান্ডও মঞ্জুর হয়েছে। শুক্রবার প্রধান আসামি আশিক ও মেহেদী হাসান বাবুর রিমান্ডের মাধ্যমে এ প্রক্রিয়া শেষ হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, রিমান্ডে আসামিরা অপরাধ পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কয়েকজন ঘটনার সাথে জড়িত না থাকারও দাবি করেছে। কিন্তু পুলিশের তদন্তে সবার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। রিমান্ডে আসামিরা বাদির অবস্থানকে সামনে এনে ঘটনাটিকে ছোট বানানোর চেষ্টা করেছে। বাদির বক্তব্যের ভিন্নতা দেখিয়ে আসামিরা নিজেদের অপরাধের মাত্রা কমাতে যুক্তি ফলাতে নানা অসংলগ্ন বক্তব্য দিয়েছে।

অন্যদিকে রিমান্ড শেষ না হতেই আসামিরা জামিনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে বলে জানতে পারে মামলার তদন্তকারী সংস্থা ট্যুরিস্ট পুলিশ।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘আসামিদের রিমান্ড শেষ হয়েছে মাত্র। কিন্তু  রিমান্ড শেষ হওয়ার আগেই জামিন পেতে তারা দৌঁড়াদৌঁড়ি শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা বিষয়টিকে খুব সিরিয়াসভাবে দেখছি। আদালতের নিদের্শনা মতে, কার্যক্রম চালাচ্ছি এবং অধিকতর তদন্তের মাধ্যমে অভিযোগপত্র আদালতে দাখিল করবো।’

উচ্চ আদালতের নির্দেশ থাকায় মামলার কার্যক্রম নিয়ে আনুষ্ঠানিক কোনো কথা বলেননি ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দীন আহমেদ।
অবস্থান বদল বিষয়ে জানতে ভুক্তভোগী নারী ‘পর্যটক’এর স্বামী মামলার বাদির মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তার মুঠোফোন বন্ধ পাওয়ায় তা জানা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, স্বামী-সন্তান নিয়ে কক্সবাজার বেড়াতে আসা এক নারী ‘পর্যটক’কে গত ২২ ডিসেম্বর রাতে  তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন শহরের সন্ত্রাসী আশিক। এক পর্যায়ে র‌্যাব অভিযান চালিয়ে কক্সবাজারের হোটেল জিয়া গেস্ট ইন থেকে তাকে উদ্ধার করে। তার অভিযোগের ভিত্তিতে হোটেলের ম্যানেজার ছোটনকে আটক করে র‌্যাব। এ ঘটনায় ২৩ ডিসেম্বর রাতে ভুক্তভুগি নারীর স্বামী কক্সবাজার সদর থানায় এজাহারনামীয় ৪ জনসহ মোট ৭ জনের বিরুদ্ধে মামলা করেন । এজাহারভুক্ত আসামিরা হলেন আশিকুর রহমান ও তার তিন সহযোগী ইস্রাফিল খোদা ওরফে জয় ও মেহেদী হাসান ওরফে বাবু এবং রিয়াজ উদ্দিন ছোটন। মামলাটি ট্যুরিস্ট পুলিশকে তদন্তের দায়ভার দেয় হয়। মামলার মূল হোতা আশিকসহ সাতজনই গ্রেপ্তার হয়েছেন। এরই মধ্যে ২৬ ডিসেম্বর মাদারীপুর থেকে প্রধান আসামি আশিককে গ্রেপ্তার করে র‌্যাব। সূত্র-সী-ভয়েস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন