নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে এক নারীকে গণধর্ষণ মামলায় আসামি ইসরাফিল হুদা জয়কে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বুধবার (২৯ ডিসেম্বর) জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী আসামিকে রিমান্ডে নেয়ার অনুমতি দেন।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামিকে আদালতে তুলে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে বিচারক তিন দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
জয়কে চকরিয়া বাসস্টেশন এলাকায় গত মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, মামলার প্রধান আসামি আশিকের সহযোগী জয়। তার বাড়ি কক্সবাজার শহরে।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মুসলিম বলেন, এ পর্যন্ত মূল অভিযুক্ত আশিকসহ এজাহারভুক্ত তিনজন এবং ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত রোববার মাদারীপুর থেকে র্যাব গ্রেপ্তার করে মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে।