আরফাতুল মজিদ, কক্সবাজার
এখনো টাকা ফেরত দেয়নি। এই ডিসেম্বর মাসে ত্রাণ দিবে বলছে। এখন ওনি (নারী কাউন্সিলর বকুল) ঢাকায়। যারা টাকা দিয়েছে তাদের ত্রাণ দিবে। আশাও দিয়েছে ডিসেম্বরে দিবে। টাকা ফেরত দিবে না; এতো দিন রেখে। ওনার (কাউন্সিলর বকুল) একটা মান-সম্মান আছেত; ওনি কাউন্সিলর হয়ে এতোদিন টাকা রেখে ফেরত দিলে আর কি কাউন্সিলর হবে! লকডাউন শেষ হয়ে যাওয়ায় হয়ত ত্রাণ দিতে পারেনি। এসব ত্রাণ নিতেও ঘুষ দিতে হয়। যারা এনজিও এর মানুষ তাদের কাউন্সিলর বুকলের বাসায় এনে টাকা দিয়েছি। কাউন্সিলরের বাসায় ভাতও খাওয়াতে হয়েছে। নিজের হাতে অনেক টাকা দিতে হয়েছে। কিছু পেতে হলেত কিছু দিতে হয়। তাই এনজিওদের কাছ থেকে ত্রাণ পেতে তাদের কিছু দিতে হয়েছে। এসব এনজিও লোক হয়ত ব্র্যাকের। যাদের ত্রাণ দেওয়া হবে তাদের কাছ থেকে ২ হাজার টাকা করে নিয়ে কাউন্সিলরকে দেওয়া হয়েছে। প্রতিবেদকের বিভিন্ন প্রশ্নে সোমবার (৬ ডিসেম্বর) মুঠোফোনে এসব উত্তর দেন কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের বাসিন্দা নুর জাহান। তিনিই মধ্যম কলাতলী এলাকার প্রায় ৭০ থেকে ৮০ জনের তালিকা করেন। তাদের ভোটার আইডি কার্ড সংগ্রহ করেন। জনপ্রতি নেন ২ হাজার টাকা। সব টাকায় তিনি কক্সবাজার পৌরসভার ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও জাতীয়তাবাদী মহিলা দল কক্সবাজার জেলার সাবেক সভাপতি নাছিমা আক্তার বকুলের কাছে দেন।
নুর জাহান বলেন- যাদের তালিকা করা হয়েছে এরমধ্যে অনেকেই ঈদুল ফিতরের আগে ত্রাণ পেয়েছে। যে ত্রাণে ছিল ২৫ কেজি ওজনে ২ বস্তা চাল, নগদ সাড়ে ৪ হাজার টাকা ও একটি বিস্কুটের কার্টুন। এই বার যে ত্রাণ গুলো দেওয়ার কথা ছিল তা বেশি। নগদ টাকাসহ প্রায় ২০ হাজার টাকার মতো জিনিসপত্র থাকবে বলে জানা গেছে। কিন্তু এসব ত্রাণ গুলো এখনো দেয়নি। ওনি (কাউন্সিলর) ঢাকা থেকে আসলে ত্রাণ দেওয়ার আশ^াস দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে- গেল কোরবানি ঈদে চলমান লকডাউনে বিভিন্ন এনজিও সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে ত্রাণ সহযোগিতা অব্যাহত ছিল অসহায় ও দুস্থ মানুষদের মাঝে। এনজিও গুলো কক্সবাজার জেলা প্রশাসন ও পৌরসভার মাধ্যমে ত্রাণ দেন। এরিমধ্যে কক্সবাজার পৌরসভার জনপ্রতিনিধিদের মাধ্যমে সংশ্লিষ্ট ওয়ার্ডে লকডাউনে কর্মহীন মানুষদের তালিকা করে ত্রাণ বিতরণ করা হয়। কাউন্সিলরদের তালিকা অনুসারে ত্রাণ বিতরণ করা হয়। তবে বেশির ভাগ ওয়ার্ডে ভোটার আইডিসহ কাউন্সিলরের তালিকা দিলেও ত্রাণ বঞ্চিত হয়েছে অনেকেই। ত্রাণ বঞ্চিত যারা হয়েছে; তাদের পরে ত্রাণ দেওয়ার আশ^াসও দেন অনেক কাউন্সিলর।
অভিযোগ সূত্রে জানা গেছে- এনজিও সংস্থা বিনামূল্যে অসহায়দের ত্রাণ দেওয়ার এই সুযোগকে পুঁজি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন কক্সবাজার পৌরসভার ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও বিএনপি নেত্রী নাছিমা আক্তার বকুল। তার নির্বাচনী ওয়ার্ডে কয়েকজন নারী-পুরুষও নির্দিষ্ট করে দেন ভোটার কার্ড নিয়ে তালিকা তৈরি করতে। জনপ্রতি ২ হাজার টাকা নিয়ে কাউন্সিলরের কাছে দিতেও বলা হয় তালিকা। টাকা দিয়ে যারা তালিকাভুক্ত হন তারাই ত্রাণের আওতায় আসে। তালিকা তৈরি ও টাকা তুলতে যাদের দায়িত্ব দেওয়া হয় তারা কাউন্সিলরের আত্মীয়-স্বজন বলেও জানা গেছে।
ত্রাণের আশায় টাকা দেওয়া এমন কয়েকজন ভুক্তভোগি বলেন- পৌরসভার ১২ নং ওয়ার্ড কলাতলী এলাকায় ত্রাণের তালিকা করেন নুর জাহান, মো. ছৈয়দ, শফি আলম ও খালেকসহ অনেকেই। কাউন্সিলর বকুল তাদের দায়িত্ব দিয়েছে ত্রাণ দেওয়ার জন্য তালিকা করার এবং ভোটার কার্ডসহ ২ হাজার টাকা করে নেওয়ার জনপ্রতি। সে অনুসারে অনেকেই গেল ঈদুল ফিতরের আগে টাকা দিয়ে তালিকাভুক্ত হন। টাকা দিয়ে যারা তালিকাভুক্ত হয়েছে তারা জনপ্রতি ২৫ কেজি ওজনের ২টি চালের বস্তা, নগদ সাড়ে ৪ হাজার টাকা ও একটি বিস্কুটের কার্টুন ত্রাণ হিসেবে পান। এসব ত্রাণ দেওয়ার কয়েক মাস পর কোরবানী ঈদের আগে কলাতলী এলাকায় ঘোষণা আসে; আবারো কাউন্সিলর বকুলের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হবে। এবারের ত্রাণে নগদ ১২ হাজার টাকাসহ প্রায় ২০ হাজার টাকার মতো বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র থাকবে। এমন ঘোষণা দেওয়ার ফের তালিকা শুরু করে নুর জাহান, মো. ছৈয়দ, খালেক ও শফি। যারা তালিকায় নাম জমা দিয়েছে তারা জনপ্রতি ২ হাজার থেকে আড়াই হাজার পর্যন্ত টাকাও দেন।
টাকা দেওয়া এক ভুক্তভোগি বলেন, আগে যারা টাকা দিয়েছে তারা ত্রাণও পেয়েছে। ২ হাজার টাকা দিয়ে প্রায় ৭ থেকে ৮ হাজার টাকার ত্রাণ পেয়েছে। যার কারণে আবার ত্রাণ দেওয়ার ঘোষণা আসায় আমিসহ অনেকেই টাকা দিয়েছি নুর জাহানের কাছে। প্রায় ২০ হাজার টাকার জিনিসপত্র নিয়ে একটি প্যাকেজ দেওয়ার লোভে অনেকেই ২ হাজার থেকে আড়াই হাজার টাকা দিয়েছে। এসব টাকা পৌঁছে যায় কাউন্সিলর বকুলের হাতে। টাকা দিলেও এখনো কেউ ত্রাণ পায়নি। কোরবানী ঈদের আগে ত্রাণ গুলো দেওয়ার কথা ছিল। কিন্তু আজ পর্যন্ত ত্রাণও দেয়নি টাকাও ফেরত দিচ্ছে না। শত শত মানুষ থেকে টাকা দিয়েছে। এমনকি এক পরিবার থেকে ১০ থেকে ১২জনও তালিকাভুক্ত হয়েছে ত্রাণের। এরমধ্যে অনেকেই কাউন্সিলর বকুলের আত্মীয়-স্বজন।
ত্রাণ দেওয়ার জন্য তালিকা তৈরি করা এমন একজন বলেন- এখন খুবই ঝামেলায় আছি। মানুষ থেকে ত্রাণের কথা বলে তালিকা তৈরি করে টাকা নিয়েছি। তালিকা অনুসারে জনপ্রতি ২ হাজার টাকা করে সব টাকা কাউন্সিলর বকুলকে জমা দেওয়া হয়েছে। কোরবানি ঈদের আগে ত্রাণ দেওয়ার কথা। কিন্তু এখনো কোন ত্রাণ দেয়নি। যার কারণে যারা টাকা দিয়েছে তারা প্রতিনিয়ত ফোন করে বিরক্ত করে যাচ্ছে। টাকা গুলো ফেরত চাচ্ছে তারা। ওদিকে কাউন্সিলর বার বার আশ^াস দিয়ে যাচ্ছে ত্রাণ দেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা গেছে- কাউন্সিলর বকুলের নির্দেশে কলাতলী এলাকার নুর জাহান ৭০ থেকে ৮০ জনের, মধ্যম কলাতলী এলাকার মো. ছৈয়দ ৩০ থেকে ৪০ জনের, শফি আলম ৩৫ থেকে ৪০ জনের ও খালেক ২৫ থেকে ৩০ জনের তালিক তৈরি করে টাকা নেন। এছাড়া ১০ ও ১১ নং ওয়ার্ড থেকেও তালিকা তৈরি করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগের বিষয়ে মধ্যম কলাতলী এলাকার মো. ছৈয়দ অস্বীকার করেন। তিনি বলেন- আমি কোন তালিকা তৈরি করিনি এবং টাকাও নেয়নি।
খালেক ও শফি ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
তালিকা তৈরি করে টাকা নেওয়ার কথা স্বীকার করে নুর জাহান বলেন- তালিকা অনুসারে জনপ্রতি ২ হাজার টাকা করে নেওয়া হয়েছে। সব টাকা কাউন্সিলর বকুলকে দেওয়া হয়েছে। ওনি ঢাকা থেকে আসলে এই ডিসেম্বরে ত্রাণের ব্যবস্থা করার আশ^াস দিয়েছে। তার মতো মো. ছৈয়দ, শফি আলম ও খালেকও তালিকা তৈরি করেছে বলে তিনি জানান।
অভিযোগের বিষয়টি অস্বীকার করে কক্সবাজার পৌরসভার ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও বিএনপি নেত্রী নাছিমা আক্তার বকুল মুঠোফোনে বলেন- এসব হয়ত কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। টাকা নেওয়ার প্রশ্নেই আসে না। আমি এখন ঢাকায় আছি। কক্সবাজারে এসে আপনার সাথে বসে কথা বলবো এবং যারা টাকা দিয়েছে বলছে; আপনিসহ তাদের ওখানে যাবো।