বিশেষ প্রতিবেদক
কক্সবাজার সমুদ্রসৈকতে ‘জেট স্কি’ থেকে ক্যাডার ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে কক্সবাজার বীচ বাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেকের বিরুদ্ধে। চট্টগ্রামের এক মালিককে জিম্মি করে তার মালিকানাধীন ৫টি জেট স্কি থেকে প্রতিমাসে ‘ক্যাডার ভাতা’ নেন হত্যা মামলার আসামী মালেক। যদি ওই ক্যাডার ভাতা না দেওয়া হয়; তাহলে শ্রমিকদের হুমকি দিয়ে জেট স্কি চালাতে দেওয়া হয় না সমুদ্রে। এতে এক প্রকার বেকায়দায় পড়ে মালেককে প্রতিমাসে ১৫ হাজার টাকা দিতে হয় চট্টগ্রামের জনৈক বাবর নামে এক ব্যবসায়ীকে। এই টাকাকে সৈকতের ব্যবসায়ীরা ‘ক্যাডার ভাতা’ হিসেবে প্রচার করছে।
সূত্রে জানা গেছে- কয়েক বছর আগে চট্টগ্রামের জনৈক ব্যবসায়ী বাবরের একটি জেট স্কি ছিল কক্সবাজার সমুদ্র সৈকতে। সাগরে একটি জেট স্কি চালাতে চালকসহ ৫ থেকে ৬ জন শ্রমিকের দরকার হয়। ওই ব্যবসায়ীর জেট স্কি’টি দেখভাল করত মালেক। দেখভাল করার বিনিময়ে মালেককে দেওয়া হত আয়ের ১০ ভাগ টাকা। দীর্ঘদিন মালেক এই টাকা ভোগ করেন।
কক্সবাজার সৈকতের জেট স্কি মালিক সমিতির একটি সূত্রে জানা গেছে- কয়েক মাস আগে পর্যটকদের সেবা দেওয়ার জন্য সমুদ্রে ৫টি জেট স্কি নামান ওই ব্যবসায়ী। এসব জেট স্কি এর জন্য চালকসহ শ্রমিকও নিয়োজিত করেন ব্যবসায়ী। কয়েক দিন চালানোর পর সব জেট স্কি বন্ধ করে দেন বীচ বাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক। চালক ও শ্রমিকদের ভয়-ভীতি ও হুমকি দিয়ে ওই ব্যবসায়ীর জেট স্কি চলাচল বন্ধ করে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জেট স্কি চালক বলেন- আমরা কোম্পানির জেট স্কি সাগরে চালাচ্ছি। কিন্তু হঠাৎ এসে সবাইকে হুমকি দেন আব্দুল মালেক। তাকে সৈকত এলাকায় সবাই ভয় পায়। তার বহু অপরাধ রয়েছে। সবসময় ছুরি মারার হুমকি দেন। এমনকি হত্যা মামলাও রয়েছে তার বিরুদ্ধে। যার কারণে তার হুমকিতে সবাই ভয় পেয়ে ৫টি জেট স্কি চালানো বন্ধ করে দেন। চালকের মতে; মালেকের দাবী- তার মাধ্যমে সব জেট স্কি চালাতে হবে কোম্পানিকে। না হলে চলতে দেওয়া যাবে না। না হয়; তাকে নিয়মিত একটি মাসে টাকা দিতে হবে। মালেকের এমন হুমকিতে বেশ কয়েকদিন বন্ধ ছিল চট্টগ্রামের ব্যবসায়ী বাবরের ৫টি জেট স্কি। পরে আব্দুল মালেককে ১৫ হাজার টাকা দিয়ে সাগরে জেট স্কি চলতে দেন। প্রতি মাসে তাকে ১৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সমুদ্রে চলছে জেট স্কি।
কয়েকজন জেট স্কি শ্রমিক বলেন- আমরা ইচ্ছা করলেও কোম্পানির জেট স্কি চালাতে পারি না। কারণ মালেক হুমকি দিলে সবাই ভয় পায়। তার কথা না শুনলে ব্যাপক মারধর করে। বীচ বাইক সমিতির অফিসে বা কক্স ঢুডে রোডে নিয়ে গিয়ে মারধর করে। অথচ জেট স্কিতে কিছুই নেই তার। মালেকের ব্যবসা বীচ বাইকে। হুমকি দিয়ে জেট স্কি’র কোম্পানি থেকে ক্যাডার ভাতা নেন মালেক। এসব ঘটনা সুগন্ধা পয়েন্টের সবাই অবগত রয়েছে। কিন্তু মালেকের কাছে সবাই অসহায়। তার নির্যাতনকে ভয় পায় সাধারণ শ্রমিকরা। যেখানে কোম্পানিও অসহায় সেখানে আমরা সাধারণ শ্রমিক। তার কথা না শুনলে পথেঘাটে মারধর করবে।
অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে কক্সবাজার বীচ বাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেকের মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেনি। যার কারণে তার বক্তব্য পাওয়া যায়নি। পরে বক্তব্য পাওয়া গেলে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
আরও পড়ুন:
সৈকতে ম্যাজিস্ট্রেট ও বীচ কর্মীর হুমকি দিয়ে চাঁদা নেন ‘ক্যাডার মালেক ও হিরু’